০৫:৩৭ পি.এম
বরগুনা, ১৯ অক্টোবর, ২০২৬ : কিশোরীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আজ সোমবার বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রজননক্ষমতা ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও উপবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়েরা যেন শিক্ষার মাধ্যমে নেতৃত্ব দিতে পারে, সে জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তিনি আরও বলেন, কিশোরীদের সুস্থ বিকাশ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে।
এ সময় তিনি পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘স্ট্রেংথেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেশন অভ পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি)’ প্রকল্প, ইউএনএফপিএ এবং পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বরগুনা জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সংসদ সচিবালয়ের যুগ্মসচিব মো. আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন