০৬:৪৮ এম
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেটে ইসলাম ও আরব স্টাডিজ পড়ানোর জন্য নতুন একটি আইন কার্যকর হয়েছে। এই আইনটিকে স্বাগত জানিয়েছেন কয়েকজন মুসলিম নেতা ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ। ছবিটি সংগৃহীত। নতুন এই আইন অনুসারে, স্কুলগুলোতে ইসলাম ও আরব স্টাডিজের জন্য পাঠ্য কারিকুলাম তৈরি করবে স্টেট শিক্ষা বোর্ড। কিছু দিন আগে কার্যকর হওয়া আইনটি একটি বৃহৎ বিলে ছোট একটি অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। এই আইন অনুযায়ী, স্টেট বোর্ড অব এডুকেশন (এসবিই) ইসলাম ও আরব স্টাডিজের বিষয়ে কারিকুলাম তৈরি করে স্থানীয় স্কুল বোর্ডগুলোর কাছে সরবরাহ করবে। এর পাশাপাশি, স্কুলগুলোকে এসব বিষয় পাঠদানে উৎসাহিত করা হবে। যদিও উল্লেখযোগ্য যে, কারিকুলামের এ বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক নয়। চাইলে স্কুলগুলো নিজেদের পাঠ্যসূচিতে এসব বিষয় যুক্ত করতে পারবে। এর আগে কানেকটিকাটে আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ইতিহাস, পুয়ের্তো রিকান ও লাতিনো স্টাডিজ, নেটিভ আমেরিকান স্টাডিজ, এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার স্টাডিজ এবং হলোকাস্ট ও গণহত্যা সচেতনতা বিষয়েও একই ধরনের পাঠ্যক্রম তৈরির বিধান রয়েছে। আইনটিকে স্বাগত জানিয়েছেন কয়েকজন মুসলিম নেতা ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসে কানেকটিকাট শাখার চেয়ারম্যান ফরহান মেমন বলেন, "এর অর্থ এই নয় যে আগামী বছর সব স্কুলে আরবি বা ইসলামিক স্টাডিজ পড়ানো হবে। তবে কোনো স্কুল চাইলে স্টেটের তৈরি পাঠ্যক্রম ব্যবহার করে এসব বিষয় পড়াতে পারবে।" একই বিলের অন্য একটি ধারায় সরকারি স্কুলে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) মোকাবিলায় ১৫ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিধান রাখা হয়েছে। এই কমিটি শিক্ষার্থী, পরিবার, শিক্ষক ও স্কুল কর্মীদের প্রভাবিত করা ইহুদিবিদ্বেষ সংক্রান্ত বিষয়ে নির্দেশনা ও সহায়ক উপকরণ তৈরি করবে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আরও পড়ুন: টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ানে শত শত ফ্লাইট বাতিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন