প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার একটি বিয়ে বাড়িতে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে, যার ফলে বিয়ে পণ্ড হয়ে যায়। এই সংঘর্ষের পর, বর পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়াও ১৫টি মোবাইল ফোন, স্বর্ণের চেইনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে এবং কয়েকজনকে আটকে রেখে মারধরের অভিযোগও উঠেছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায়, সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ফেলুরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সাগর মিয়ার সঙ্গে বগুড়া সদর উপজেলার তিলেরপাড়া গ্রামের টুটুল মিয়ার মেয়ে সাথী আক্তারের পারিবারিকভাবে বিয়ে নির্ধারিত ছিল। বরযাত্রী কনের বাড়িতে নির্ধারিত সময়ে পৌঁছালে গেটের বকশিশ হিসেব নেয়া হয় ১ হাজার ৫০০ টাকা।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে উপস্থিত লোকজনের মধ্যস্থতায় ৭০০ টাকায় গেটের বকশিশের বিষয়টি মীমাংসা হলেও, কনের শারীরিক প্রতিবন্ধী দাদাকে ধাক্কা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বর পক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয় এবং ১৫টি মোবাইল ফোন, স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রীও ছিনিয়ে আনা হয়। এছাড়াও কিছু ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বরযাত্রীদের উদ্ধার করে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান আলী জানিয়েছেন, গেটের বকশিশের টাকা নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনার পর, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আহিত তিনজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন