০২:১৭ এম
ইসলাম মানুষকে অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্দেশ প্রদান করে। অন্যায় দেখেও নীরব থাকা এবং অত্যাচারীকে প্রশ্রয় দেওয়া ইসলামের শিক্ষা ও নীতির পরিপন্থী। ইসলাম প্রতিবাদের নামে সীমা লঙ্ঘন, প্রতিকারের নামে প্রতিশোধপরায়ণতা এবং ন্যায়বিচারের নামে অন্যের ওপর বাড়তি জুলুম করার অনুমতি দেয় না। বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, তা প্রতিহত করা এবং অপরাধের উপযুক্ত প্রতিকার গ্রহণের ক্ষেত্রে ইসলাম ন্যায়বিচার, সংযম ও কল্যাণের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
অন্যায়ের প্রতিবাদ ও ইনসাফ প্রতিষ্ঠা
আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী জুলুম ও অবিচার প্রতিহত করা এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা মুমিনের দায়িত্ব। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পোড়ো না, অন্যথায় জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে।’
আরও পড়ুন: পটিয়া মাদরাসার ৮৭তম মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল
(সুরা হুদ, আয়াত : ১১৩)
এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে, জুলুমের সঙ্গে আপস করা, জালিমকে সমর্থন করা কিংবা তার অন্যায়কে প্রশ্রয় দেওয়া মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া তার ঈমানি দায়িত্ব।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে। যদি তা করতে সক্ষম না হয়, তবে মুখের মাধ্যমে প্রতিবাদ করে। তাও সম্ভব না হলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটি ঈমানের সর্বনিম্ন স্তর।’
(সহিহ মুসলিম, হাদিস : ৪৯)
আরও পড়ুন: অপচয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছে সমাজ
মজলুমের পাশে দাঁড়ানো
ইসলামে অন্যায়ের প্রতিবাদ শুধুমাত্র ব্যক্তিগত দায়িত্ব নয়; এটি সামাজিক দায়িত্বও। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মজলুম।’ সাহাবিরা জিজ্ঞাসা করলেন, মজলুমকে সাহায্য করার বিষয়টি বুঝলাম; কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব? তিনি বললেন, ‘তাকে জুলুম থেকে বিরত রাখবে। এটাই তার প্রতি সাহায্য।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৯৫২)
এই হাদিসের শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জালিমকে তার অন্যায়ের সুযোগ দেওয়া প্রকৃত ভালোবাসা নয়; বরং তাকে অন্যায় থেকে ফিরিয়ে আনাই প্রকৃত কল্যাণ। একইভাবে মজলুমের পাশে দাঁড়ানো, তার অধিকার ফিরিয়ে দিতে সহযোগিতা করা এবং জালিমের অন্যায় বন্ধে ভূমিকা রাখা ইসলামের নির্দেশনা।
আইনের প্রতি শ্রদ্ধা ও আত্মসংযম
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ
হাত দিয়ে প্রতিহত করার অর্থ এই নয় যে প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছামতো শাস্তি প্রদান বা বলপ্রয়োগ করতে পারবে। বরং নিজের দায়িত্ব, সামর্থ্য, আইনগত অধিকার এবং এর ফলে আরো বড় বিপর্যয় সৃষ্টির আশঙ্কা আছে কি না—এসব বিবেচনা করতে হবে। অন্যায় প্রতিহত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রতিরোধের কারণে যেন আরো বড় অন্যায় বা বিপর্যয় সৃষ্টি না হয়। ইমাম নববী (রহ.) বলেন, যদি তার প্রবল ধারণা হয় যে হাত দ্বারা অন্যায় প্রতিহত করতে গেলে এর চেয়েও গুরুতর অন্যায়ের সৃষ্টি হবে; যেমন তাকে হত্যা করা হবে অথবা তার হাত প্রতিহত করার কারণে অন্য কাউকে হত্যা করা হবে, তাহলে সে হাত দিয়ে প্রতিহত করা থেকে বিরত থাকবে এবং মৌখিক প্রতিবাদ, উপদেশ ও সতর্ক করার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর যদি আশঙ্কা করে যে মুখে প্রতিবাদ করলেও অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হবে, তাহলে অন্তর দিয়ে প্রতিবাদ করবে। এ ক্ষেত্রে তার অবকাশ রয়েছে।
(আল-মিনহাজ শরহু সহিহ মুসলিম : ২/২৫)
ইসলামী ফিকহে আত্মরক্ষার ক্ষেত্রে ‘দাফউস সায়িল’ নামের একটি স্বতন্ত্র আলোচনা রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি নিজের জীবন, সম্পদ কিংবা সম্মানের ওপর তাৎক্ষণিক আক্রমণ প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে আক্রমণ প্রতিহত করার জন্য যতটুকু শক্তি প্রয়োগ অপরিহার্য, তার বেশি প্রয়োগ করা যাবে না। (বিস্তারিত দেখুন : রদ্দুল মুহতার ও ফাতাওয়ায়ে আলমগিরি)
প্রতিবাদ ও প্রতিকারের নামে সীমা লঙ্ঘন নিষিদ্ধ।
আরও পড়ুন: পীরগাছা এমদাদুল উলুম মাদরাসায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান
ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অধিকার দিয়েছে, কিন্তু প্রতিশোধপরায়ণতা কিংবা সীমাহীন প্রতিহিংসার অনুমতি দেয়নি। আল্লাহ তাআলা বলেন, ‘মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। তবে যে ক্ষমা করে দেয় এবং সংশোধন করে, তার পুরস্কার আল্লাহর কাছে। নিশ্চয়ই তিনি জালিমদের ভালোবাসেন না।’
(সুরা আশ-শুরা, আয়াত : ৪০)
আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবি (রহ.) বলেন, যে ব্যক্তি অন্যায়ের প্রতিকার করতে চায়, সে যেন অন্যায়ের সমপরিমাণ প্রতিকার গ্রহণ করে, এর বেশি নয়। (তাফসিরে কুরতুবি)
ইসলাম মজলুমকে প্রতিকার গ্রহণের অধিকার দিয়েছে; কিন্তু সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রেও ন্যায়বিচারের সীমা নির্ধারণ করে দিয়েছে। কেউ অন্যায়ভাবে আঘাত করলে তার জবাবে নিরপরাধ ব্যক্তিকে আঘাত করা, কারো সম্পদ নষ্ট করা কিংবা অপরাধের তুলনায় অতিরিক্ত শাস্তি দেওয়া বৈধ নয়। মহান আল্লাহ বলেন, ‘তোমরা যদি শাস্তি দাও তবে তোমাদের যতটুকু কষ্ট দেওয়া হয়েছে, ততটুকুই শাস্তি দেবে। আর যদি ধৈর্য ধারণ করো, তবে তা ধৈর্যশীলদের জন্য উত্তম।’ (সুরা নাহল, আয়াত : ১২৬)
আরও পড়ুন: ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে, যারা মানুষের ওপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি।’
(সুরা আশ-শুরা, আয়াত : ৪১-৪২)
এই আয়াত থেকে প্রমাণ হয়, জুলুমের প্রতিকার গ্রহণ করতে গিয়ে নিজেই জালিম হতে পারবে না, বরং অপরাধের সমপরিমাণ প্রতিকার গ্রহণের অধিকার মজলুমের রয়েছে। তবে ব্যক্তিগত প্রতিশোধ এবং বিচারিক প্রতিকারের মধ্যে পার্থক্য রয়েছে। বিশেষত হত্যা, শারীরিক জখম ও অন্যান্য অপরাধের শাস্তি নির্ধারণ এবং কিসাস কার্যকর করার বিষয়টি বিচারিক কর্তৃপক্ষের এখতিয়ার। কোনো ব্যক্তি নিজে বিচারক সেজে কাউকে শাস্তি দিতে পারে না।
ন্যায়বিচার প্রতিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: কেয়ামতের দিনে লোক দেখানো আমলের পরিণতি কী?
প্রতিবাদ ও প্রতিকারের ক্ষেত্রে ইসলাম ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত থাকো এবং ন্যায় সাক্ষ্য দাও। কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে। তোমরা ন্যায়বিচার করো, এটিই তাকওয়ার অধিক নিকটবর্তী।’
(সুরা মায়িদা, আয়াত : ৮)
ইমাম তাবারি (রহ.) আয়াতের ব্যাখ্যায় বলেন, বন্ধু ও শত্রু নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী ন্যায়বিচার করতে হবে। শত্রুতার কারণে কারো প্রতি অবিচার করা যাবে না। (তাফসিরে তাবারি)
অন্যায় ও জুলুমের প্রতিবাদ ও প্রতিকার সংক্রান্ত আয়াতগুলো লক্ষ্য করলে বোঝা যায়, আল্লাহ প্রতিকার ও প্রতিবিধানের ওপর ক্ষমা ও সহনশীলতাকে প্রাধান্য দিয়েছেন। পাশাপাশি তিনি সর্বপ্রকার সীমা লঙ্ঘন নিষিদ্ধ করেছেন।
আল্লাহ সবাইকে তাঁর সীমা রক্ষা করে চলার তাওফিক দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন