০২:১৮ এম
সুফিবাদের প্রসিদ্ধ ও মৌলিক ধারাগুলোর উৎপত্তি ভারতের সীমানার বাইরে হলেও, ভারতে এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা, প্রসার ও উন্নতি লাভ করেছে। কারণ, এ দেশের প্রকৃতি ও পরিবেশ সুফিবাদের জন্য অনুকূল ছিল। এর ফলে, এসব ধারার মধ্যে মৌলিক ও স্বতন্ত্র ভারতীয় শাখা-প্রশাখার সৃষ্টি হয়েছে। এরপর আত্মপ্রকাশ করেন মুজতাহিদ ও সংস্কারক আলেমরা, যাঁরা বিভিন্ন পথ-পদ্ধতি ও মূলনীতির উদ্ভব করেন।
এমন প্রসিদ্ধ তরিকার মধ্যে রয়েছে—কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও সোহরাওয়ার্দিয়া, যা ভারতে প্রবেশ করে ফল-ফুলে সুশোভিত হয়ে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে। এছাড়াও, ভারতে কিছু নতুন তরিকা ও সিলসিলা সৃষ্টি হয়েছে, যা এমন ব্যক্তিদের মাধ্যমে যাত্রা শুরু করেছিল, যাঁরা ভারতে জন্মগ্রহণ করেছেন এবং তাঁদের দাফনও ভারতেই হয়েছে। যেমন—তরিকায়ে ফেরদাউসিয়া, মুদারিয়া, কলন্দারিয়া, শাত্তারিয়া ও মুজাদ্দেদিয়া। তাসাউফের এই ধারাগুলোর সৃষ্টি ভারতেই হয়েছে এবং পরবর্তীকালে অন্যান্য দেশে তা বিস্তার লাভ করেছে।
দশম শতকে ‘কানজুল উম্মাল’-এর লেখক শায়খ আলী মুত্তাকি (রহ.) এবং একাদশ শতকে শায়খ তাজুদ্দিন সাম্বলি (রহ.) ও শায়খ আদম বিননুরি (রহ.) হিজাজে হিজরত করে বসবাস শুরু করলে, হিজাজবাসী ও আরব বিশ্বের বহু ইসলামী ব্যক্তিত্ব তাঁদের দ্বারা উপকৃত হন। ভারতবর্ষ একাদশ শতকের শুরুর দিকে তাসাউফ ও আত্মশুদ্ধির পতাকা বহন ও নেতৃত্ব দিয়ে আসছে। শায়খ আহমদ সেরহিন্দি (রহ.) এবং তাঁর সন্তান ও খলিফা মুহাম্মদ মাসুম (রহ.)-এর মাধ্যমে মুসলিম বিশ্ব দীর্ঘদিন উপকৃত হয়েছে।
আরও পড়ুন: ১০ দেশের সংস্কৃতির ছোঁয়া ও হারিয়ে যাওয়া শৈশবের মেলবন্ধন
শায়খ মাসুমের খলিফারা ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন; যেমন—আফগানিস্তান, ইরান, তুর্কিস্তান ইত্যাদি। মুজাদ্দেদিয়া তরিকার ত্রয়োদশ শতকের অন্যতম মুরব্বি শায়খ গোলাম আলী দেহলভি (রহ.)-এর দরবারে ইরাক, শাম, মিসর, চীন, হাবশা, বুখারা, সমরকন্দ ইত্যাদি অঞ্চল থেকে বহু মানুষ আত্মশুদ্ধির জন্য আসতেন। এভাবে, তাঁর খলিফা শায়খ খালিদ শাহরজুরি (রহ.)-এর মাধ্যমে ইরাক, তুর্কিস্তান, শাম ও তুরস্কে মুজাদ্দেদিয়া তরিকা প্রসার লাভ করে, যা এখনো টিকে আছে।
চতুর্দশ শতকের শুরুর দিকে শায়খ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি (রহ.) ‘শায়খুল আরব ওয়াল আজম’ উপাধিতে খ্যাতি লাভ করেন। তাঁর দ্বারা হিজাজের বহু মানুষ ও হাজিরা উপকৃত হয়েছেন। ভারতের বদান্যতায় আত্মশুদ্ধির এই প্রদীপ সারা পৃথিবীতে দীপ্যমান। ভারতে আল্লাহপ্রেমের ধারা অক্ষুণ্ন রয়েছে। কিছু মনীষী ও ব্যক্তিত্বের মাধ্যমে ভারত এখনো তাসাউফের প্রত্যাবর্তনস্থল।
ভারতবর্ষে ইসলামী যুগের সূচনা হয়েছে এই কীর্তিমান সুফিদের মাধ্যমে। বিশেষত, শায়খ মঈনুদ্দিন চিশতি (রহ.) তাঁর সংগ্রাম ও নিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষে চিশতিয়া তরিকার শক্ত ভিত্তি স্থাপন করেছেন। সুফি সাধকদের স্বাগত জানায় ভারতের সর্বস্তরের ও শ্রেণির মানুষ। তাঁদের সততা, আমানতদারি ও সত্যবাদিতার কারণে সাধারণ মানুষ তাঁদের প্রতি ভালোবাসা প্রকাশে এবং তাঁদের সঙ্গে সম্পর্ক স্থাপনে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল।
সমগ্র দেশে আধ্যাত্মিক কেন্দ্র ছড়িয়ে পড়ে। এমনকি ভারতের এমন কোনো শহর বা গ্রাম ছিল না, যেখানে এক বা একাধিক আধ্যাত্মিক কেন্দ্র গড়ে ওঠেনি। এই সুফি ও সাধকদের প্রতি সাধারণ মানুষের যে আত্মিক ও আধ্যাত্মিক ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল, তা কিছু ঘটনা থেকে অনুমান করা যায়। ঘটনাগুলোর সময়গত ধারাবাহিকতার প্রতি লক্ষ না রেখেই এখানে তা বিক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো।
আরও পড়ুন: জেন্ডার-ভিত্তিক নেতিবাচক ধারণা ভাঙতে শুরু হলো ‘অরেঞ্জ ডোর ক্যাম্পেইন’
মুজাদ্দিদে আলফে সানি আহমদ সেরহিন্দি (রহ.)-এর ছেলে শায়খ মুহাম্মদ মাসুম (রহ.), যিনি ১০৮৭ হিজরিতে মারা যান, তাঁর হাতে ৯ লাখ মানুষ তাওবা করেন এবং বাইআত হন। আল্লাহর পথে আহ্বান, সুপথ প্রদর্শন ও মানুষের দ্বিনি শিক্ষার কাজে তিনি সাত হাজার মানুষকে খলিফা নিযুক্ত করেন।
আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইয়েদ আহমদ খান তাঁর ‘আসারুস সানাদিদ’ গ্রন্থে শায়খ গোলাম আলী দেহলভি (রহ.)-এর আলোচনা করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘তাঁর খানকায় কমপক্ষে পাঁচ শ মানুষ অবস্থান করত এবং খানকা সবার ব্যয়ভার বহন করত।’
ভাষান্তর : মো. আবদুল মজিদ মোল্লা
আরও পড়ুন: স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, সামাজিক যোগাযোগে প্রশংসিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন