ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন


বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বরিশালের হারানো খাল পুনরুদ্ধারের জন্য ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় নগরীর ২০টি খাল এবং ১০টি পুকুর পুনঃখনন করা হবে। এর পাশাপাশি, ১০টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, সড়কবাতি স্থাপন, বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।

নগরবাসীর প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে এবং বরিশালের ঐতিহ্যবাহী খালকেন্দ্রিক পরিবেশ ফিরে আসবে। একসময় বরিশাল নগরীর প্রাণপ্রবাহ ছিল এসব খাল। খালগুলো নৌপথে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং নগরীর পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু সময়ের পরিবর্তনে দখল, দূষণ এবং ভরাটের কারণে হারিয়ে গেছে সেই চিত্র। অনেক খাল বর্তমানে সরু নালায় পরিণত হয়েছে, আবার কোথাও খালের অস্তিত্বই খুঁজে পাওয়া কঠিন।

সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, কাগজে-কলমে বরিশাল নগরীতে ২৪টি খাল থাকলেও দখল ও দূষণের কারণে বর্তমানে কোনোরকমে টিকে আছে মাত্র সাতটি। দীর্ঘদিন ধরে নগরবাসী খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্প অনুমোদনের খবরে তাই তারা আশার আলো দেখছেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা জহির উদ্দিন বলেন, "খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে থাকে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। খালগুলো সঠিকভাবে পুনঃখনন ও দখলমুক্ত করা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।"

হাসপাতাল রোডের ষাটোর্ধ্ব আকবর মিয়া বলেন, "একসময় বরিশালের খালগুলো দিয়ে নৌকা চলাচল করত। খালগুলো ছিল নগরীর সৌন্দর্য ও যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এখন অনেক খাল ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে।" তিনি মনে করেন, "শুধু খনন করলেই হবে না, ভবিষ্যতে যাতে কেউ খাল দখল করতে না পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।"

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের উপপরিচালক দিপু হাফিজুর রহমান বলেন, "নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পের সুফল পেতে হলে পরিকল্পিতভাবে কাজ বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, "সাথে সাথে খালগুলো দখল ও দূষণমুক্ত রাখতে নাগরিকদের সম্পৃক্ত করে নিয়মিত তদারকির ব্যবস্থা প্রয়োজন।"

নগর ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় ২০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন করা হবে। এছাড়া, ১০টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন, বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়ার পাশাপাশি নগরীর পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন হবে।

আরও পড়ুন: কামরুল হাসান রুবেলের নেতৃত্বে বাকেরগঞ্জে বিএনপির ঐক্যের দৃষ্টান্ত

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুম্পা সিকদার বলেন, "প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন হবে। একই সাথে খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা, পাড় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার সুযোগ তৈরি হবে।" তিনি উল্লেখ করেন, "প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হবে।"

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, "বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল পুনরুদ্ধারের এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান, কারণ দীর্ঘদিনের দাবি পূরণে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। তার প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি হারানো খালগুলো ফিরে পাবে প্রাণচাঞ্চল্য। বরিশাল আবারও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টার মধ্যে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে। এই অভিযানের ফলে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা

জলবায়ু পরিবর্তনের প্রভাব, চরম খরা ও সেচের কারণে তীব্র আর্থিক লোকসানের সম্মুখীন হয়ে বিকল্প চাষাবাদের দিকে ঝুঁকছেন তুরস্কের কৃষকরা। সরকারি বা আন্তর্জাতিক সহযোগিতার জন্য অপেক্ষা না করে, খরাপ্রবণ পশ্চিমাঞ্চলের কৃষকরা কয়েক দশকের তুলা চাষ ছেড়ে কম পানি ও কম খরচের গম এবং সূর্যমুখী রোপণ শুরু করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কের মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় ৫ শতাংশ আসে কৃষি খাত থেকে। দেশের মোট ব্যবহৃত পানির ৭৯ শতাংশ কৃষিতে ব্যবহৃত হয়, যার প্রায় অর্ধেক অদক্ষ সেচব্যবস্থার কারণে নষ্ট হয়ে যায়। ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ ৩১) শুরু হতে যাওয়ার ঠিক আগে মাঠ পর্যায়ের কৃষকরা জানাচ্ছেন, অতিরিক্ত সেচ খরচ এবং জ্বালানি ও সারের দামের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা বাধ্য হয়ে ফসল পরিবর্তন করছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, তুরস্ক এক সময় বিশ্বের অষ্টম বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ ছিল, কিন্তু বর্তমানে তুলা চাষ আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বীজ তুলা উৎপাদন আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ কমে ১২ লাখ মেট্রিক টনে নেমে আসতে পারে। সোকে অঞ্চলের কৃষকরা খরার কারণে তুলা চাষের জমি প্রায় ৬০ শতাংশ কমিয়ে এনেছেন। অন্যদিকে মার্কিন কৃষি বিভাগের মতে, ২০২৬-২৭ মৌসুমে দেশটির তুলা চাষ আরো ৩০ শতাংশ কমে ২,৭৫,০০০ হেক্টরে নেমে আসতে পারে।

পানিসংকটের পাশাপাশি, তুরস্কের বিদ্যমান সেচ অবকাঠামোও বেশ দুর্বল। নদী ও বাঁধের অপরিশোধিত পানি ব্যবহারের কারণে পাইপ ও ড্রিপ হোস আটকে নষ্ট হয়ে যায়। আন্তর্জাতিক সংস্থা এফএও এবং ব্যাংকগুলোর তরফ থেকে প্রযুক্তি ও টেকসই অর্থায়নের কিছু উদ্যোগ থাকলেও, মূলধন ও জামানতের অভাবে ক্ষুদ্র কৃষকরা তার সুফল পাচ্ছেন না।

বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, দ্রুত টেকসই পদক্ষেপ না নিলে সেচের পানি ১০ শতাংশ কমে গেলে তুরস্কের জিডিপির প্রায় ৬ শতাংশ বা ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। (কপ ৩১) সম্মেলনে রাষ্ট্রীয় ও বেসরকারি অর্থায়নের নতুন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও, বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল কাগজ-কলমের প্রতিশ্রুতি নয়, বাস্তব সহায়তা সরাসরি কৃষকদের হাতে পৌঁছানোই হবে এই সংকটের মূল সমাধান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে শ্রীদেবীর মন্তব্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে শ্রীদেবীর মন্তব্য প্রকাশ

বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা এবং অভিনয়ের নানা বিষয় নিয়ে প্রায়ই সংবাদমাধ্যমে আলোচনা সৃষ্টি করেন। সম্প্রতি, নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই অভিনেত্রী।

শুধু অস্ত্রোপচারের অভিজ্ঞতা নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর প্রতিক্রিয়া এবং সৌন্দর্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিয়েও বিস্তারিত কথা বলেছেন জাহ্নবী।

২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জাহ্নবীর। তবে, তার চলচ্চিত্রে প্রবেশের কয়েক মাস আগে মা শ্রীদেবী পৃথিবী থেকে বিদায় নেন।

মেয়ের অভিনয়ে আসার সিদ্ধান্ত সম্পর্কে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী প্রথমে খুব একটা আগ্রহী ছিলেন না। বরং, তিনি চাইতেন না যে, তার মেয়ে অভিনয়জগতে প্রবেশ করুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, মায়ের সঙ্গে অভিনয়ে আসার ইচ্ছা নিয়ে কথোপকথনের স্মৃতি তুলে ধরেন জাহ্নবী। তিনি জানান, একদিন তিনি মাকে অভিনয় করার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

মেয়ের এমন সিদ্ধান্তে শ্রীদেবী প্রথমে বেশ অবাক হয়েছিলেন। তবে পরে তিনি সম্মতি দিয়েছিলেন। কিন্তু সেই সঙ্গে মেয়েকে সতর্ক করে বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে!’

মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে, নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি উল্লেখ করেন জাহ্নবী। হাস্যরসের ছলে তিনি বলেন, ‘আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই মনে হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!’

জাহ্নবীর এই মন্তব্যে তার পরিবারের সৌন্দর্যচর্চা ও ব্যক্তিগত পরিবর্তনের গল্পও উঠে এসেছে। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন।

সুতরাং, সৌন্দর্য নিয়ে পরিবারের অভিজ্ঞতা তার বেড়ে ওঠার সময় থেকেই জীবনের একটি অংশ হয়ে রয়েছে।

জাহ্নবীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাদের পরিবারের জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছিল। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার ক্ষেত্রেও শ্রীদেবীর প্রভাব ছিল উল্লেখযোগ্য।

নিজের নাকের অস্ত্রোপচার নিয়ে জাহ্নবীর অকপট স্বীকারোক্তি এবং অভিনয়ে আসার পেছনে মায়ের ভূমিকার স্মৃতিচারণ নতুন করে আলোচনায় এনেছে মা-মেয়ের সম্পর্কের এক ভিন্ন অধ্যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া

গাজা উপত্যকায় প্রাথমিকভাবে প্রায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে ইসরাইল। বহুজাতিক বাহিনীর সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার সূত্রে জানা যায়, গাজা সীমান্তের কাছে গত দুই সপ্তাহ ধরে মার্কিন সেনাদের সঙ্গে বিদেশি সামরিক কর্মকর্তাদের দেখা গেছে। বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম চলছে। কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, কসোভো নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।

তবে, ইসরাইল তুরস্কের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান গাজায় সামরিক কার্যক্রমে আঙ্কারার অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়াশিংটনের ওপর চাপ দিচ্ছেন। ইসরাইলি কর্মকর্তাদের আশঙ্কা, তুরস্কের সম্পৃক্ততা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে, গাজা সীমান্তের কাছে মার্কিন সামরিক ঘাঁটির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। সেখানে ট্রাক, সাঁজোয়া যান, চিকিৎসা সরঞ্জাম ও সেনা পরিবহনের বিশেষ যান মোতায়েন করা হয়েছে। ঘাঁটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

অন্যদিকে, রাফাহর একটি অংশের ধ্বংসস্তূপের ওপর পরিকল্পিত ‘সন্ত্রাসমুক্ত আমিরাতি শহর’ নির্মাণের প্রস্তুতিও এগিয়ে চলছে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে প্রবেশের আগে তাদের কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং ইসরাইলি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

প্রাথমিক পর্যায়ে সীমিতসংখ্যক ফিলিস্তিনিকে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা থাকলেও এখনো বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। নতুন শহরটির আশপাশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকবে প্রস্তাবিত বহুজাতিক বাহিনী।

ইসরাইলের রাজনৈতিক নেতৃত্বের অবস্থান হলো, হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ তৃতীয় পক্ষের হাতে হস্তান্তর না করা পর্যন্ত উপত্যকাটির পুনর্গঠন শুরু করা যাবে না।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%