০৬:৪৯ পি.এম
চট্টগ্রামের বাকলিয়ায় মাদক মামলা সংক্রান্ত একটি ঘটনায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এই রায় দেন।
দণ্ডিতদের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) এবং খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক অবস্থায় থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানিয়েছেন, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করে।
আরও পড়ুন: বাকৃবিতে ইয়াবা সেবনরত অবস্থায় এক কর্মচারী আটক
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ জুলাই নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীতে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে র্যাব-৭ একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. আলম, মোশারফ আলী এবং সেনোয়ারা বেগমকে আটক করা হয় এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফের কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারার কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন