০৮:২৬ পি.এম
দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
জেলাগুলো হলো-কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই বিজিবি সদস্যরা আজ সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এছাড়াও, দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই অবস্থায় থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নাশকতা ঠেকাতে দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
জেলাগুলো হলো: ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর এবং গাজীপুর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদত্ত হয়েছে।
এদিকে, মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে এমন আশঙ্কা করে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, ২৩ জুন ঘিরে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে বাহিনীর অপরাধ বিভাগের ৮ হাজার, ডিবি ও সিটিটিসির আড়াই হাজার, ট্রাফিক পুলিশ সাড়ে ৪ হাজার এবং অতিরিক্ত অপারেশন্স বিভাগ থেকে ৫ হাজার সদস্য।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
এ পুলিশ সদস্যরা রাজধানীর দুই শতাধিক জায়গায় বসাবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লক রেইড। গোয়েন্দা নজরদারিতে থাকবে এসবি ও আইএডি। স্ট্যান্ডবাই থাকবে ১৫টি কুইক রেসপন্স টিম। পুরো ঢাকা নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে ৪টি কন্ট্রোল রুম থেকে। কোনো ধরনের শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে ডিএমপি।
পুলিশের পাশাপাশি রাজধানীর ১৫ স্থানে মোতায়েন থাকবে ১৫ প্ল্যাটুন বিজিবি, কাজ করবে র্যাবের বিশেষ টিম। তল্লাশি ও টহলের দায়িত্ব থাকবেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন