ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গুলিস্তানে পাচারের সময় ৬টি গোখরা সাপ উদ্ধার


গুলিস্তানে পাচারের সময় ৬টি গোখরা সাপ উদ্ধার

রাজধানীর গুলিস্তান থেকে পাচারের সময় ছয়টি বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে, কিন্তু যাচাই-বাছাই শেষে একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার সকালে বঙ্গবাজার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের বাসিন্দা মনির হোসেন মামুদ, স্বপন ও আব্দুল কাদের। তাদের মধ্যে সাপ পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মনির হোসেন মামুদ-এর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, চাঁদপুরের বিভিন্ন চরাঞ্চল থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে বিষধর সাপ সংগ্রহ করে পাচার করে আসছে। চরাঞ্চলে সাপ দেখা গেলে বা মাছ ধরার জালে আটকা পড়লে সেগুলো সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখে। পরে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে তা পাচার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে সদরঘাট ও গুলিস্তান এলাকায় নজরদারি চালানো হয়। একপর্যায়ে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযুক্তদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয়টি জীবিত খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বিভিন্ন সময়ে ধরা সাপগুলো প্রায় এক সপ্তাহ বস্তাবন্দি করে রাখা হয়েছিল। পরে সেগুলো ঢাকায় এনে পাচারের চেষ্টা করা হয়। তদন্তে আরও জানা গেছে, মনির হোসেন মামুদ দীর্ঘদিন ধরে সাপ ধরার কাজে জড়িত। আগে অন্যদের মাধ্যমে সাপ পাচার করলেও এবার নিজেই চালান বহন করছিলেন।

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান আজাদ বলেন, উদ্ধার হওয়া ছয়টিই বিষধর খৈয়া গোখরা। সাপগুলোর আনুমানিক বয়স এক থেকে সাত বছর। বর্তমানে এ প্রজাতির প্রজনন মৌসুম চলায় অসাধু চক্র এ সময় সাপ ধরে পাচারের চেষ্টা করে।

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, ঢাকার ভেতরে পাচারের সময় বিষধর সাপের চালান উদ্ধারের ঘটনা এটিই প্রথম। উদ্ধার হওয়া সাপগুলো স্বাস্থ্য পরীক্ষা শেষে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে পুলিশের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে পুলিশের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

আজ শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি বার্তায় এই আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অপপ্রচার অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তায় বাংলাদেশ পুলিশ জানায়, সম্প্রতি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, উসকানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে বাংলাদেশ পুলিশ দাবি করেছে।

ফেসবুক বার্তায় বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ পুলিশ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে জোরালো আইনি ব্যবস্থা গ্রহণ করার কারণে এবং অপপ্রচারকারীদের কোনো অন্যায় তদবির আমলে না নেওয়ার জন্য অসন্তুষ্ট মহল মনগড়া তথ্য সংবলিত এ ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পাশাপাশি পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরে বিভিন্ন অন্যায় তদবির করার এবং অপপ্রচার না চালানোর শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণ রয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে যে, মিডিয়াতে প্রচারিত বিভ্রান্তিকর ও উসকানিমূলক কোনো বক্তব্য বিশ্বাস, শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকতে। পুলিশের বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলকে সচেতন ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাংলাদেশ পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটনমন্ত্রী ও হুইপের সভাস্থল থেকে পিস্তলসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


পর্যটনমন্ত্রী ও হুইপের সভাস্থল থেকে পিস্তলসহ যুবক আটক

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভায় পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এই পথসভা থেকে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক যুবক শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবকের সাথে বিমান ও পর্যটন মন্ত্রীর দুইবার ধাক্কা লাগে।

পরে মন্ত্রী মঞ্চ থেকে নেমে দেখেন তার আচরণ সন্দেহজনক। এর কারণেই পুলিশ তাকে আটক করে।

ওসি জানায়, আটক যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এখন তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে কালি মন্দির সড়ক উন্নয়নে বৈষম্যের অভিযোগ, নোটিশ ছাড়াই স্থাপনা ভাঙার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি:

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ফরিদপুরে কালি মন্দির সড়ক উন্নয়নে বৈষম্যের অভিযোগ, নোটিশ ছাড়াই স্থাপনা ভাঙার দাবি

ফরিদপুর পৌরসভার স্বর্ণপট্টি এলাকার কালি মন্দির সড়কের উন্নয়নকাজে স্থানীয় বাসিন্দারা বৈষম্যমূলক আচরণ এবং পূর্ব নোটিশ ছাড়াই স্থাপনা ভাঙার অভিযোগ তুলেছেন। তাদের অভিমত হল, একই সড়কে কোথাও ১৮ ফুট আবার কোথাও ১৬ ফুট প্রশস্ত করে নির্মাণকাজ করা হচ্ছে। এছাড়া, কোনো ধরনের লিখিত নোটিশ অথবা পূর্ব সতর্কতা ছাড়াই কয়েকটি বাড়ির মূল ফটক, দোকানপাট এবং অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হলো, অতীতে কালি মন্দির সড়কে যতবার উন্নয়নকাজ হয়েছে, প্রতিবারই সমান প্রস্থ বজায় রেখে রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু চলমান প্রকল্পে সেই নীতি অনুসরণ করা হচ্ছে না, ফলে কয়েকজন বাসিন্দা বৈষম্যের শিকার হচ্ছেন বলে তারা দাবি করেছেন।

ভুক্তভোগী আলী আসলাম মো. নাঈম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দা। অতীতে যতবার সড়ক উন্নয়ন হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই সমান প্রস্থের রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু এবার কোথাও ১৮ ফুট, কোথাও ১৬ ফুট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে আমরা চরম বৈষম্যের শিকার হয়েছি।”

তিনি আরও বলেন, “রাস্তা নির্মাণের সময় আমাদের কোনো ধরনের লিখিত নোটিশ বা পূর্ব সতর্কতা দেওয়া হয়নি। অথচ পৌরসভার উদ্যোগে আমাদের বাড়ির মেইন গেট, দোকানপাট এবং অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি আইনসঙ্গত নয় বলে আমরা মনে করি।”

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা সড়ক নির্মাণের ক্ষেত্রে সমতা নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্পাদন এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে: মনজুর এলাহী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে: মনজুর এলাহী

নরসিংদীর শিবপুরে ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। এ সময় তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের কৃতি শিক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় হবে। শুধু লেখাপড়ায় ভালো ফলাফল করলেই হবে না, তাদেরকে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংসদ সদস্য আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা জরুরি। সঠিকভাবে গড়ে তুলতে পারলে আজকের এসব মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০২৫ সালে শিবপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে মোট ১৭৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে সরকারি ট্যালেন্টপুলে ৫৮ জন, বেসরকারি ট্যালেন্টপুলে ১১ জন, সরকারি সাধারণ বৃত্তিতে ৮৮ জন এবং বেসরকারি সাধারণ বৃত্তিতে ১৭জন শিক্ষার্থী রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%