১১:৫০ এম
রংপুরে বিদ্যুৎ বিভাগের চুরি হওয়া তামার তারসহ ১৬ মণ তামার তার উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় এ অভিযানটি চালানো হয়। পরে রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক হওয়া উকিল মিয়া পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ ও বাসাবাড়ির এসির তার চুরির ঘটনা ঘটছিল। এসব ঘটনার তদন্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, অভিযানকালে উকিল মিয়াকে আটক করা হয়। এ সময় ট্রাকে ভাঙারি মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উকিল মিয়া জানিয়েছেন, তিনি বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে তামার তার ও পাইপ কিনে সাতমাথায় তার গুদামে সংরক্ষণ করেন। পরে সেগুলো ঢাকার বাবুবাজারে পাঠিয়ে দেন। অভিযানে ট্রাকসহ চোরাই তামার তার জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি তামার তার চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন