ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা


গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর পূবাইলে চুরির অভিযোগে জুয়েল (২৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে পূবাইল থানার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জুয়েল ওই এলাকার জুলমত আলীর ছেলে। দিনদুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন জানিয়েছেন, কয়েকদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। স্থানীয়ভাবে সালিশে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জরিমানার টাকা অটোরিকশার মালিক রুস্তম আলীকে বুঝিয়ে দিয়ে ঘটনাটি মীমাংসা করা হয়। রবিবার দুপুরে পূর্বের ওই ঘটনার জেরে ফের জুয়েলকে চোর আখ্যা দিয়ে অটোরিকশার মালিকসহ কয়েকজন গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশগ্রহণ করে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা। এ অভিযান চলাকালে উদ্যানের ভেতরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে এলাকা পরিষ্কার করা হয়।

অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযানের ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন যে, আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি রোববার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ``বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা`` শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের বাস্তবতা ও উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রাথমিক শিক্ষা সংস্কারে সরকার কাজ করছে। তিনি এ বিষয়টি উল্লেখ করে বলেন যে, আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। এরপর পে-স্কেলসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু হবে।

সিলেট বিভাগে শিক্ষক সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ ছাড়া মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প সফল হলে তা পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের বেসরকারি স্কুলগুলোকে একটি সমন্বিত নীতিমালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের সব চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই শিক্ষা কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা, ফিরেছেন জাকের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা, ফিরেছেন জাকের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।

১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজ খেলতে টাইগাররা আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে।

ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস। একই কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন স্পিডস্টার নাহিদ রানাও। পেস আক্রমণে দলকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার সঙ্গী হবেন এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক হাসান। সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।

প্রথম টেস্টের দলে ফিরেছেন উইকেটকিপার জাকের আলী অনিক।

বাংলাদেশের স্কোয়াডে রয়েছে: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমود, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হা-মলা: ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হা-মলা: ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে খাইবার শেকান গণ্য করা হচ্ছে। এটি তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা সম্ভব হয়, সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা সম্ভব এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে এর নির্ভুলতা উল্লেখযোগ্য। ইরান সম্প্রতি প্রায় ৯০০ মাইল পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে কিছু জটিল হামলায়।

মার্কিন কর্মকর্তাদের দ্বারা প্রদত্ত তথ্য অনুযায়ী, চলতি মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান তাদের খাইবার শেকান ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করার কাজ শুরু করেছে। তারা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে একযোগে ভিন্ন গতিপথ, গতি এবং আক্রমণ কৌশল প্রয়োগে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

এক মার্কিন কর্মকর্তা জানান, সংঘাত চলাকালে ইরান দ্বারা নিক্ষিপ্ত অধিকাংশ খাইবার শেকান যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রেও সফল হয়েছে।

সামরিক বিশ্লেষকরা বলেন, ইরানের পুরোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হতো। কিন্তু খাইবার শেকানকে আগে থেকেই জ্বালানিপূর্ণ অবস্থায় রাখা সম্ভব হচ্ছে। প্রয়োজন হলে এটি দ্রুত ট্রাক বা মোবাইল লঞ্চারে তুলে উৎক্ষেপণ করা যায়। মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমানের নজর এড়িয়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল রাখার উদ্দেশ্যে এটি করা হচ্ছে বলেই ধারণা।

কর্মকর্তা ও বিশ্লেষকদের অনুযায়ী, খাইবার শেকানের কিছু সংস্করণে সামনের অংশে ছোট ইঞ্জিনসহ ওয়ারহেড রয়েছে। উড্ডয়নের শেষ পর্যায়ে বিস্ফোরকবাহী এই অংশটি প্রধান ক্ষেপণাস্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘণ্টায় প্রায় ৬ হাজার মাইল বেগে ধ্রুব গতিপথ পরিবর্তন করতে পারে।

সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহাকাশ বা ঊর্ধ্বমুখী হয়ে প্রথমে উঠে সেখান থেকে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে না। খাইবার শেকান নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞদের মতে, এটি রাডারের নজর এড়িয়ে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি দক্ষতার সঙ্গে নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুদ্ধের পুরো সময়জুড়ে ইরান তাদের আক্রমণ কৌশলে পরিবর্তন এনেছে। স্যাটেলাইটনির্দেশিত খাইবার শেকান দিয়ে যেসব লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হচ্ছে, সেখানে উচ্চগতির আক্রমণাত্মক ড্রোন এবং অপেক্ষাকৃত কম আধুনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে তেহরান।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়া পর থেকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ রাডারগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান, অবসরপ্রাপ্ত আর্মি জেনারেল জোসেফ ভোটেল বলেন, ইরান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে।

তিনি আরও বলেন, ইরানের ড্রোন সক্ষমতা অত্যন্ত উন্নত। পাশাপাশি দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় তাদের ক্ষেপণাস্ত্র ও রকেট কর্মসূচিতে উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে প্রায় দুই হাজার খাইবার শেকান ও অন্যান্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল। স্বাধীন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্জের মতে, ভূগর্ভস্থ স্থাপনা থেকে সংরক্ষিত যন্ত্রাংশ ব্যবহার করে ইরান নতুন ক্ষেপণাস্ত্র তৈরী করে থাকতে পারে। তবে ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদনের প্রাথমিক কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে।

ইরানবিষয়ক বিশেষজ্ঞ নিকোল গ্রাজিউস্কির মতে, যুদ্ধ চলাকালীন ইরান বুঝতে পেরেছে যে খাইবার শেকান তাদের জন্য অত্যন্ত কার্যকর অস্ত্র। কারণ এটি তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যায়, বিভিন্ন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা সম্ভব এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও বেশি।

ইসরায়েলের দিকে খাইবার শেকান নিক্ষেপ করেছে ইরান। যদিও ইসরায়েলের দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে, খাইবার শেকান ব্যবহার করে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তরে হামলা চালিয়েছে। গত মাসে জেটচালিত ড্রোনের পাশাপাশি খাইবার শেকান ব্যবহার করে নতুন দফার হামলার ঘোষণা দিয়েছে তেহরান। তবে ওই হামলার ফলাফল স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঐতিহাসিক খাইবার যুদ্ধের স্মরণে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। ৬২৮ সালে আরবের খাইবার মরূদ্যান মুসলিম বাহিনীর দখলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ নামকরণ করা হয়েছে।

একটি খাইবার শেকান তৈরির খরচ প্রকাশ করেনি ইরান। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি অনেক কম ব্যয়বহুল। ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার ধরন অনুসারে একটি মার্কিন বা ইসরায়েলি ইন্টারসেপ্টরের মূল্য ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত হতে পারে।

ফ্যাবিয়ান হিঞ্জের মন্তব্য অনুযায়ী, আগের হামলাগুলোর অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে ইরান এখন ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা আরও বাড়ানোর চেষ্টা করছে। এর ফলে শত্রুর প্রতিরক্ষাব্যূহ ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা সর্বাধিক করা সম্ভব হয়।

তাঁর মতে, যুদ্ধক্ষেত্রে প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণই নতুন তথ্য প্রদান করে। প্রসেসটি পর্যবেক্ষণ করে ইরান তাদের সক্ষমতাকে আরও উন্নত করতে কাজ করছে। তিনি বলেন, তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে খাইবার শেকান উড্ডয়নের শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%