১১:২৪ পি.এম
দুই দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কের মাঝে বিশ্ববাসী একটি অনন্য সাংস্কৃতিক মেলবন্ধন দেখল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কূটনৈতিক সম্পর্কের চিরাচরিত প্রটোকল ও আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক মালয়েশিয়া সফরকে স্মরণীয় করে রাখার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স (টুইটার) পেজে একটি বিশেষ ভিডিও আপলোড করেছেন। ওই ভিডিওতে আবহ সংগীত হিসেবে কোক স্টুডিও বাংলার তুমুল জনপ্রিয় গান ‘আমার বন্ধু মহা জাদু জানে’ ব্যবহার করা হয়েছে।
মালয়েশিয়ার গণমাধ্যম ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সফরের জন্য তৈরি হওয়া অফিশিয়াল ভিডিওতে সেই দেশের একটি সমসাময়িক ফিউশন গান ব্যবহার করা ঘটনা বেশ বিরল এবং তাৎপর্যপূর্ণ। এটি ‘সাংস্কৃতিক কূটনীতি’র এক চমৎকার নিদর্শন।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
২ মিনিট ৪০ সেকেন্ডের এই বিশেষ ভিডিওটিতে দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক, গার্ড অব অনার, আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ এবং দ্বিপাক্ষিক চুক্তির নানা মুহূর্তকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটির শুরু থেকেই ব্যাকগ্রাউন্ডে হাবিব ওয়াহিদ ও তাজিক গায়িকা মেহরনিগারি রুস্তমের কণ্ঠে গাওয়া ‘মহা জাদু’ গানটি বাজতে থাকে।
একে একে ভিডিওটির একপর্যায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ান কাঠামোর মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে দেখা যায়, যার পেছনেও মৃদু স্বরে বাজছিল এই বাংলাদেশি লোকসংগীতের ফিউশনটি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে যে, এই গানটির ব্যবহার দুই দেশের মধ্যকার গভীর বিশ্বাস, আন্তরিকতা এবং যৌথ প্রতিশ্রুতিকে নির্দেশ করে। এর আগে কুয়ালালামপুরের পুত্রাজায়ায় অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অত্যন্ত উষ্ণভাবে বাংলাদেশের জিয়া পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে কথা স্মরণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া দুই দেশের দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের প্রতি আস্থার প্রতিফলন।
আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা
এই সফর বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও একটি ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে দুই দেশের প্রধানরাও আশা ব্যক্ত করেছেন।
এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার সাধারণ নেটিজেনদের মধ্যে এবং বিনোদন জগতের তারকাদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি নেট দুনিয়ায় আলোচনা ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা ৬০ লাখেরও বেশি ভিউ এবং ৫৪ হাজারেরও বেশি শেয়ার কুড়িয়ে নিয়েছে।
মন্তব্যকারী অনেকেই একে দুই দেশের বন্ধুত্বের একটি ‘ঐতিহাসিক ও জাদুকরী মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকের মতে, দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক ও কূটনৈতিক সম্পর্কের মাঝে হাবিব ওয়াহিদের গানটি সত্যিই এক 'মহা জাদু'র মতো কাজ করেছে, যা দুই দেশের সাধারণ মানুষের মনকেও এক সুতোয় গেঁথেছে।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন