ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ডেঙ্গুতে অসুস্থ ফুয়াদের ট্রাইব্যুনালে হাজিরার নতুন তারিখ ২৩ নভেম্বর


ডেঙ্গুতে অসুস্থ ফুয়াদের ট্রাইব্যুনালে হাজিরার নতুন তারিখ ২৩ নভেম্বর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে পারেননি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২৩ নভেম্বর নতুন হাজিরার তারিখ নির্ধারণ করেছে।

বুধবার (৪ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এ এই আদেশ প্রদান করা হয়।

ফুয়াদের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক এবং অ্যাডভোকেট মতিয়ার রহমান।

আরও পড়ুন: সরকার পোশাক শ্রমিকদের আন্দোলন দমনের চেষ্টা করছে : নাহিদ ইসলাম

পরে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হলে, ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন নির্ধারণ করে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত ১ নভেম্বর ফুয়াদকে তলব করা হয়েছিল ট্রাইব্যুনাল-১ থেকে। ৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

গত ১ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে ফুয়াদ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য প্রদান করেন। সেখানে তিনি ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন।

প্রসিকিউটর উল্লেখ করেন, ফুয়াদের এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেয়। এ ঘটনায় আদালত অবমাননার অভিযোগে ফুয়াদের বিরুদ্ধে সুয়োমোটো নোটিশ জারি করা হয়। বক্তব্যের ব্যাখ্যা দিতে তাঁকে ৪ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট বলছেন নেতারা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে। এই সহযোগিতার আহ্বান তিনি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় জানান।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাতের সময় লিউ হাইশিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংকে শুভেচ্ছা জানানো হয়।

লিউ হাইশিং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণার আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারিত হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের সমর্থন অব্যাহত থাকবে। চীনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সম্ভাবনার প্রতি তিনি আস্থা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। দীর্ঘকাল ধরে দুই দেশের জনগণের হৃদয়ে এ সম্পর্কের বিশেষ স্থান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা এগিয়ে নেওয়া এখন তাদের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের হাত ধরে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার এ ঐতিহ্য আরও এগিয়ে যাবে।

তারেক রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়, যা পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এ কর্মসূচি কৃষির উন্নয়নে ব্যাপক অবদান রাখে। বর্তমান সরকারও ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে, যা কৃষক ও সাধারণ মানুষের উপকারে আসবে। সেই সঙ্গে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দলীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

লিউ হাইশিং বলেন, দুই দলের সম্পর্ক আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার বিষয়ে চীন আগ্রহী। এ সময় তিনি বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর নিয়েও আলোচনা হয়। পাশাপাশি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ (আরসিইপি) এ বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য চীনের সমর্থনের কথা জানান লিউ হাইশিং।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের উপস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর সৃষ্ট চাপের বিষয়টি তুলে ধরেন। এ সংকট সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে লিউ হাইশিং বলেন, চীন রোহিঙ্গা সংকট সম্পর্কে অবগত। তিনি এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করবেন বলেও জানান।

বৈঠকে চীনের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যদিকে লিউ হাইশিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার নির্বাচিত হলেন ইলহান ওমর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার নির্বাচিত হলেন ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান কংগ্রেস সদস্য ইলহান ওমর জয় লাভ করেছেন। রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে পরাজিত করে তিনি টানা পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সিবিএস নিউজ তার জয়ের বিষয়টি নিশ্চিত করেছে।

মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত মিনিয়াপোলিস ও আশপাশের শহরতলি। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম ডেমোক্রেটিক-প্রধান নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। ২০১৯ সাল থেকে ইলহান ওমর এই আসনের প্রতিনিধিত্ব করছেন।

গত আগস্টে অনুষ্ঠিত দলীয় প্রাথমিক নির্বাচনে তিনি জুলি টি লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নেট শ্লুটারকে বড় ব্যবধানে পরাজিত করেন। এর আগে মে মাসে দলের অঙ্গরাজ্য সম্মেলনে তার প্রতি সমর্থন জানানো হয়েছিল।

সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা ইলহান ওমর দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী বক্তব্যের লক্ষ্যবস্তু হয়ে রয়েছেন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তাকে নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। বিভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘আবর্জনা’ বলেও আখ্যা দিয়েছেন। পাশাপাশি, তার বিরুদ্ধে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ইলহান ওমরকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। গত মাসে ওয়াশিংটন ডিসিতে তার বাসভবনে অভিযান চালান হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্তকারীরা। ধারণা করা হচ্ছে, শৈশবে তার প্রয়াত বাবা অভিবাসনসংক্রান্ত যে নথিপত্র জমা দিয়েছিলেন, তা নিয়ে তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

তবে এ ঘটনাকে ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যা দিয়েছেন ওমর। তিনি বলেন, "রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করতে কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করার ক্ষেত্রে এটি নজিরবিহীন পদক্ষেপ।"

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী জন নাগেল মিনেসোটা স্টেট প্যাট্রলে সাবেক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারে তিনি সরকারি অর্থের অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা, মেডিকেয়ার ও মেডিকেইড কর্মসূচি সুরক্ষা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইন সংস্কার এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়টিও তার নির্বাচনী অঙ্গীকারের অংশ ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতেই উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


নওগাঁর মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতেই উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা, গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে পিকআপ বিকল হওয়ার সুযোগে অস্ত্র ছাড়াই মারধর করে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাদেবপুর উত্তরগ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাইয়ের অর্থের অধিকাংশ উদ্ধার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাদেবপুর সরকারি গোডাউনের পাশে অবস্থিত মেসার্স সোহাগ আয়রন স্টোরের মালিক আব্দুল আলিমের ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল বিক্রির জন্য চালক সোহেল রানা ও ম্যানেজার মজনু মিয়া পিকআপ নিয়ে বগুড়ায় যান। সেখানে মালামাল বিক্রি করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন তারা।

পথে চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে নির্জন সড়কে পিকআপটি বিকল হয়ে পড়ে। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চালক সোহেল রানাকে হালকা মারধর এবং ম্যানেজার মজনু মিয়াকে ব্যাপক মারধর করে। পরে তাদের কাছ থেকে মালামাল বিক্রির পুরো টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয় ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসিবের নেতৃত্বে বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি, সাক্ষ্য-প্রমাণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অল্প সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে। এরপর ডিবি ও মহাদেবপুর থানা পুলিশের যৌথ অভিযানে প্রথমে মহাদেবপুরের রামচন্দ্রপুর গ্রামের মুন্না (২৪) গ্রেপ্তার হন। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ৫ লাখ ১০ হাজার টাকা।

মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে মহাদেবপুরের ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের রবিন (২৫) নামের আরেকজনকে তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।

পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী পিকআপচালক সোহেল রানাকে (২৫) নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ ছিনতাইয়ের পরিকল্পনায় চালক সোহেল রানা ও মুন্না জড়িত ছিলেন। আর ছিনতাইয়ের ঘটনায় রবিনের ভূমিকা ছিল প্রধান। তাঁরা তিনজন মিলে প্রায় এক সপ্তাহ ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই ও ডাকাতি দমনে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে মিরাজ হোসেন নামের এক পরিচ্ছন্নতাকর্মীর বৃদ্ধ পিতা মোঃ শাহজাহান (৭৫) পানিতে ডুবে মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ শাহজাহান পিরোজপুর সদর উপজেলার মাসুমপুর গ্রামের বাসিন্দা। তিনি কদিন আগে কাউখালীতে তার ছেলে উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী মিরাজের বাসায় বেড়াতে এসেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে মোঃ শাহজাহান কাউখালী উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে তিনি আর বাসায় ফিরে যাননি। পরবর্তীতে দুপুরের দিকে এলাকাবাসী পুকুরে তার লাশ ভাসতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান জানান, পানিতে ডুবেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী বলেন,
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে বৃদ্ধ মোঃ শাহজাহানের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%