ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হত্যা মামলার জেরে জাপানে মার্কিন সেনাদের চলাফেরায় বিধি-নিষেধ


হত্যা মামলার জেরে জাপানে মার্কিন সেনাদের চলাফেরায় বিধি-নিষেধ

জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনাদের জন্য এক মাসের কারফিউ আরোপ করা হয়েছে। এ ছাড়া, তাদের অ্যালকোহল পান নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় এক নারীর হত্যা ও লুটের অভিযোগের প্রেক্ষিতে শৃঙ্খলা প্রশিক্ষণের সময় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির রাজধানী নাহার একটি হোটেলে ৩৯ বছর বয়সী আনা ইয়াগিকে হত্যার অভিযোগে ২০ বছর বয়সী মার্কিন মেরিন সেনা ডেভিন জ্যাকব ব্যালার্ডের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ রয়েছে, তিনি ইয়াগির মানিব্যাগ ও ব্যাকপ্যাক নিয়ে যান। পুলিশ জানায়, ব্যালার্ড এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তাইওয়ান ও চীনের নিকটবর্তী এই দ্বীপপুঞ্জে মার্কিন সেনাদের বিপুল উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক এই ঘটনার ফলে সেই উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের ঘটনা পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

মঙ্গলবার এসব পদক্ষেপের নির্দেশনা দিয়ে লেফটেন্যান্ট জেনারেল বেঞ্জামিন ওয়াটসন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রতিবেশীদের সঙ্গে প্রতিটি যোগাযোগ আমাদের দলের জন্য প্রয়োজনীয় আস্থা তৈরি করে অথবা সেই আস্থা নষ্ট করে। এই আস্থা নষ্ট হলে তা আমাদের জোটের শক্তি এবং এই অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করে।’

ওয়াটসন আরও উল্লেখ করেন, প্রশিক্ষণের সময় সেনাদের আচরণ ও শৃঙ্খলার মানের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় ওকিনাওয়ায় মার্কিন সামরিক বাহিনীর সকল কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

শনিবারের হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত নিষ্ঠুর ও ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি জানান, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ পত্রিকার তথ্য অনুযায়ী, পুলিশ জানিয়েছে, ব্যালার্ডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ইয়াগির গলায় চাপ দেওয়ার ফলে তার শ্বাস বন্ধ হয়ে যায়। শনিবার ভোরে হোটেলের কর্মীরা ইয়াগিকে তার কক্ষে অচেতন অবস্থায় পান। তিনি নির্ধারিত সময়ে হোটেল ছাড়েননি। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ইয়াগির সঙ্গে হোটেলে প্রবেশ করতে দেখা যায়। ওই ব্যক্তির খোঁজে প্রায় ২০০ পুলিশ সদস্য তল্লাশি চালান বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

নাহা ও টোকিওতে বিক্ষোভের সৃষ্টি করা এই অপরাধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বুধবার তাকাইচির সঙ্গে বৈঠক করবেন ওকিনাওয়ার গভর্নর গেন্তা কোজা।

বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর মধ্যে জাপানে সবচেয়ে বড় বিদেশি সেনাঘাঁটি রয়েছে। জাপানে প্রায় ১৮ হাজার মার্কিন মেরিন সেনার অধিকাংশই ওকিনাওয়ায় অবস্থান করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ওকিনাওয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল।

সেনাদের উপস্থিতি নিয়ে ওকিনাওয়ার বাসিন্দাদের মধ্যে বারবার ক্ষোভ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে শব্দদূষণ, সামরিক বিমান দুর্ঘটনা এবং মার্কিন সেনাদের নানা কর্মকাণ্ড। ১৯৯৫ সালে ১২ বছর বয়সী এক ওকিনাওয়ান মেয়েকে তিন মার্কিন সেনা ধর্ষণ করেন। ওই ঘটনার পর ব্যাপক বিক্ষোভ হয়।

শনিবারের হত্যাকাণ্ড তাকাইচির জন্য নতুন একটি সমস্যা সৃষ্টি করতে পারে। তিনি ফুতেনমা বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন মেরিন সেনাকে হেনোকো ঘাঁটিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে বিরোধীরা চান, মার্কিন সেনাদের ওকিনাওয়া প্রদেশ থেকেই সরিয়ে নেওয়া হোক।

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

ওকিনাওয়ার সবচেয়ে কাছের অংশ তাইওয়ান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। সম্ভাব্য চীনা সামরিক আগ্রাসন প্রতিরোধে টোকিও ও ওয়াশিংটন ওকিনাওয়াকে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমরায় অনুষ্ঠিত ‘আল-আমানাহ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর জোন পর্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৫ এম


ডেমরায় অনুষ্ঠিত ‘আল-আমানাহ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর জোন পর্ব

‘আল-আমানাহ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর ডেমরা জোন পর্ব অনুষ্ঠিত হয়েছে, যা নতুন প্রজন্মকে পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজের প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে এবং দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান হাফেজদের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হয়। এ প্রতিযোগিতার আয়োজন আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানী ঢাকার কোনাপাড়া, ডেমরার আল ইহসান ইন্টারন্যাশনাল মাদরাসায় উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ডেমরা জোনের বিভিন্ন মাদরাসা থেকে আগত শিক্ষার্থীরা হিফজুল কুরআনের মেধা ও তিলাওয়াতের চমৎকার দক্ষতা প্রদর্শন করেন।

প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী ও কৃতী প্রতিযোগীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক, আলেম-উলামা ও সুধীজন বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের কুরআনের আদর্শের সঙ্গে আজীবন পথচলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, কুরআন কেবল হিফজ করার বিষয় নয়, বরং এর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে আলোকিত করার মূল শক্তি। তাই শিশু-কিশোরদের মধ্যে কুরআন তিলাওয়াত, হিফজ ও আমলের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় ভূমিকা রাখছে।

৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জাতীয় ফাইনাল

আয়োজক সংস্থা জানায়, ডেমরা জোনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত বিজয়ী হাফেজদের নিয়ে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকার ঐতিহাসিক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘জাতীয় ফাইনাল বাছাই পর্ব’ অনুষ্ঠিত হবে।

উক্ত ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ পর্বে দেশের সেরা হাফেজদের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে।

আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশ-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল অভিভাবক, মাদরাসা কর্তৃপক্ষ, আলেম-উলামা ও কুরআনপ্রেমী সাধারণ মানুষকে উপস্থিত থেকে উদীয়মান হাফেজদের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের রূপবানী সিনেমা হলের সামনে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৫ এম


টাঙ্গাইলের রূপবানী সিনেমা হলের সামনে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক

টাঙ্গাইল, ৭ অক্টোবর, ২০২৬ : জেলা পুলিশের ট্রাফিক বিভাগ একটি মাইক্রোবাস আটক করেছে, যার মধ্যে বিপুল পরিমাণ গাঁজা ছিল।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে টাঙ্গাইল শহরের রূপবানী সিনেমা হলের সামনে থেকে মাইক্রোবাসটি আটক করা হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বাসস’কে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের মেইন রোডের রূপবানী সিনেমা হলের সামনে ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মো. হারুন অর রশিদের নির্দেশনায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হয়। পরে একটি মাইক্রোবাসকে থামার জন্য সিগনাল দিলে, মাইক্রোবাসটি থামার পরিবর্তে সিগনাল অতিক্রম করে দ্রুত পালানোর চেষ্টা করে।

এরপর ট্রাফিক সদস্যরা দ্রুত গাড়িটির পিছু নেয় এবং গাড়িটি আটক করতে সক্ষম হয়। এ সময় গাড়িটি চলন্ত অবস্থায় রেখে চালক এবং অন্যান্যরা পালিয়ে যায়। গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে টাঙ্গাইল পুরাতন সদর থানার ট্রাফিক অফিসে রাখা হয়। গাড়িটি তল্লাশি করে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ডাকাতির চেষ্টা, গণধোলাইয়ের পর হাসপাতালে ভর্তি মামুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ এম


মানিকগঞ্জে ডাকাতির চেষ্টা, গণধোলাইয়ের পর হাসপাতালে ভর্তি মামুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের উত্তর উথুলি এলাকায় হায়দার আলীর বাড়িতে গভীর রাতে ঘরে প্রবেশের চেষ্টা করার সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে মামুন (৫৫) নামের একজন ব্যক্তি আটক হন।

স্থানীয়দের গণধোলাইয়ের পর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে পুলিশ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে পুলিশের দাবি, এটি ডাকাতির ঘটনা নয়, বরং চুরির ঘটনা।

বাড়ির মালিক হায়দার আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি দল তাঁর বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার শুরু করেন, যার ফলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় দুই-তিন শতাধিক মানুষ তাদের ধাওয়া করেন।

ধাওয়ার এক পর্যায়ে মামুন আত্মরক্ষার জন্য পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পুকুর থেকে উঠে আসার পর স্থানীয়রা তাকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত মামুনকে উদ্ধার করে। পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মামুনের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার গোলচন্দ্রপুর গ্রামে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) জুলহাস খান পাঠান জানান, চোর সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ডাকাতির কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক মামুন ডাকাত দলের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোর মশাল জ্বালিয়ে শিক্ষার উন্নয়নে নতুন দায়িত্ব সততার সাথে পালন করতে চাই ইফতেখার মাহমুদ জিপসন

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ এম


আলোর মশাল জ্বালিয়ে শিক্ষার উন্নয়নে নতুন দায়িত্ব সততার সাথে পালন করতে চাই ইফতেখার মাহমুদ জিপসন

চট্টগ্রাম -(১) মিরসরাই আসনের বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সাংসদ জনাব নুরুল আমিন এর দেখানো পথ অনুসরণ করে এলাকার মানুষের কল্যাণ ও শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই।আমাকে মিরসরাই উপজেলার ২নং হিংঙ্গুলী ইউনিয়নের ঐতিহ্যবাহী গনকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় নেতা জনাব দিদারুল আলম মিয়াজি 'র প্রতি।

আমার গর্ভধারিনী মাকে আমার এই অর্জনটুকু উৎসর্গ করলাম।
চরম দু:সময়ে আমার পাশে থাকা আমার একমাত্র ছোট ভাই জিবন ও আমার স্ত্রীকে স্বরণ করছি এই আনন্দের মুহুর্তে।

বীর মুক্তিযোদ্ধা,ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিসি,বিশিষ্ট সমাজসেবক মরহুম সামছুল হুদা আমার বাবা।বাবার মতো আমি ও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি।

আমার বাবা সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর কাছ থেকেই মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের জন্য কিছু করার শিক্ষা পেয়েছি।গনকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের পাশাপাশি বড় একটি দায়িত্বও।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের মেধা ও মনন বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।

শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশেও গুরুত্ব দেওয়া হবে।এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।

মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় সকল কে সাথে নিয়ে গনকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক পরিবেশ আরও উন্নত করব ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%