বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০১:৪৩ পি.এম
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। এছাড়া, ভ্যানে থাকা অপর একজন নারী যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন পাখি ভ্যানচালক কামরুল ইসলাম এবং যাত্রী ভানুমতি (৫৫)।
নিহত ভানুমতি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী। তিনি জামাই বাড়ি নওদা আজমপুরে বেড়াতে গিয়েছিলেন। নিহত ভ্যানচালক কামরুল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুরের আব্দুল সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে একটি পাখি ভ্যানে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। ভ্যানটির এক্সেল ভেঙে যাওয়ার কারণে সেটি সড়কের উপর পড়ে যায়। পেছন থেকে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভানুমতি মারা যান। নিহত ভানুমতির সঙ্গে থাকা তার মেয়ে হাসিনা এবং ভ্যানচালক গুরুতর আহত হন। পরে আমলা পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন জানান, আইসিইউতে নেওয়ার কিছুক্ষণ পর ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইশান কিশানের অপরাজিত ৮০ রানের অসাধারণ ইনিংসের পর ভারতের বোলারদের দাপটে মাত্র ৪৫ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। ১২৪ রানের বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত।
জাপানের নিশিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শ্রীলঙ্কা শুরুতে চাপ সৃষ্টি করেছিল। তবে ইশান কিশানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। ভারতের বোলিং তোপের মুখে শ্রীলঙ্কা ৯.৫ ওভারে ৪৫ রানে অলআউট হয়ে যায়।
ভারতের ইনিংসের প্রধান নায়ক ছিলেন ইশান কিশান। তিনি ৪৬ বলে অপরাজিত ৮০ রান করেন, যেখানে চারটি চার এবং পাঁচটি ছক্কা ছিল। ভারতকে শুরুতে এগিয়ে দিতে বৈভব সূর্যবংশীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যিনি ২১ বলে ৩৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং দুটি ছক্কা।
তবে ভারতের শুরুটা সম্পূর্ণ স্বস্তির ছিল না। পাওয়ারপ্লেতে ৫৮ রানে দুই উইকেট হারানোর পর শ্রীলঙ্কার বোলাররা নিয়মিত উইকেট তুলে নিতে থাকে। একপর্যায়ে ৯.৪ ওভারে ৮৭ রানে ভারতের চার উইকেট পড়ে যায়। সেখান থেকে ইনিংসের হাল ধরেন ইশান। শেষ দিকে দ্রুত রান তুলে ভারতকে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ এনে দেন তিনি।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই ধসে পড়ে। ভারতের পেসার জসপ্রিত বুমরাহ প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামান। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই স্কোর দাঁড়ায় ৩৩ রানে ৬ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার হয়ে নুয়ানিন্দু ফার্নান্দো ছিলেন একমাত্র ব্যাটার যিনি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয় দলটি। ভারতের হয়ে বুমরাহ, অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মা দুটি করে উইকেট নেন, আর ওয়াশিংটন সুন্দর পান একটি উইকেট। শ্রীলঙ্কার তিন ব্যাটার রানআউট হন।
এই জয়ের ফলে এশিয়ান গেমসের সোনার পদকের লড়াইয়ে জায়গা করে নিল ভারত। এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ছয় উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। ফলে সোনার পদকের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ বারের মতো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭-এর জেলা অডিশন। গতকাল রাতে দেবীগঞ্জ পৌর শহরের সবুজ পাড়া এলাকার দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসায় এই জেলা অডিশন অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতাটি আয়োজিত হয় হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক এবং এতে জেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত ও মুখস্থ উপস্থাপনের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল আজিজ বিন সিরাজ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ। তারা বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান হাফেজদের বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই জেলা অডিশনের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কুরআন হিফজ ও তেলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং কুরআন শিক্ষার প্রসার ঘটবে। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মুহতামিম, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক, অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে, রোজ বৃহস্পতিবার, জেলা প্রশাসন, জেলার সমাজ সেবা কার্যালয়, প্রবীণহিত শেষ সংঘ এবং সেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক রায়হান কবিরের। তবে জরুরী কাজের কারণে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া।
এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের মহোদয়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ শহর সমাজসেবার প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
নারায়ণগঞ্জের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খলিল, আত্মকর্ম সংস্থার সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক লিটন, মাতৃছায়া কর্মসংস্থানের প্রতিনিধি, পারভিন আক্তার, খানপুর মানব কল্যাণ সংস্থার নেত্রী, এবং খোরশেদ আলম লিপি খন্দকার, খানপুর মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা।
এছাড়াও ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরের উদ্দেশ্যে কুমিল্লা অতিক্রম করছেন। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকা অতিক্রম করে তার বহনকারী গাড়িটি। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী করতালি ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হন।
এছাড়া কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কজুড়ে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে অভিবাদন জানান। অন্যদিকে, প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য মহাসড়কের দুই পাশে সাধারণ মানুষের ঢল নামে।
এ সময় স্থানীয় নিমসার জুনাব আলী কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী মহাসড়কের পাশে অবস্থান নেন। তারা কলেজটিকে জাতীয়করণের দাবিতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ব্যানার হাতে দাঁড়িয়ে তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘সরকারি বা জাতীয়করণ’-এর বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন এলাকাটি অতিক্রম করে, তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম ফেনী সফর। দিনব্যাপী এই সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সোলার বিদ্যুৎ প্রকল্প গ্রিডে যুক্ত করা এবং কৃষক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণসহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কুমিল্লা ও ফেনী অঞ্চলজুড়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ