ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদে সংশোধিত বাজেট পেশ সরকারি ব্যয় কমিয়ে ঘাটতি ধরা হলো ২ লাখ কোটি টাকা


সংসদে সংশোধিত বাজেট পেশ সরকারি ব্যয় কমিয়ে ঘাটতি ধরা হলো ২ লাখ কোটি টাকা

মূল্যস্ফীতির চাপ সামাল দিতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার অভিপ্রায়ে জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করা হয়েছে। সংশোধিত বাজেটে সরকারের মোট ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে বাজেট ঘাটতি হিসেবে ২ লাখ কোটি টাকা ধরা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৩ শতাংশ।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে সংশোধিত ও সম্পূরক বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে তিনি জানান, চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারের নিট ব্যয় ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। নির্বাচনের পূর্ব সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি কিছুটা মন্থর হওয়ায় ব্যয় কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে গতিশীল করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্যকে বাস্তবায়নে সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে অপচয় কমানো, অগ্রাধিকারহীন খাতে ব্যয় সংকোচন এবং প্রশাসনিক মিতব্যয়িতার ওপর জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

তিনি আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের প্রয়োজন হলেও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, পুরোহিত ও মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি আরও সম্প্রসারণ করা হয়েছে। এসব কর্মসূচির প্রয়োজনীয় ব্যয় মেটাতেই সম্পূরক বাজেটে ব্যয় ও ঘাটতির সমন্বয় করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাজেট উপস্থাপনের পর স্পিকার সংসদের কার্যসূচি অনুযায়ী মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেন। তিনি জানান, সংবিধানের ৮৯ অনুচ্ছেদ অনুযায়ী দায়যুক্ত ব্যয় সংসদে আলোচনা হলেও তা ভোটের আওতায় পড়ে না।

স্পিকারের দেওয়া তথ্যে জানা যায়, এবারের সম্পূরক বাজেটে মোট ২৫টি মঞ্জুরি দাবি রয়েছে। এসব দাবির বিপরীতে বিরোধী দলের ২০ জন সংসদ সদস্য ৩০৪টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ দিয়েছেন। এর মধ্যে অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনসহ আটটি মন্ত্রণালয় ও বিভাগের খাতে উত্থাপিত ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। অন্য দাবিগুলো সরাসরি ভোটে নিষ্পন্ন করা হবে।

সংশোধিত বাজেটের মাধ্যমে একদিকে সরকারি ব্যয় কিছুটা কমানো হয়েছে, অন্যদিকে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো অব্যাহত রাখার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সংসদে ছাঁটাই প্রস্তাবের সংখ্যা এবং বিভিন্ন খাত নিয়ে আলোচনা চলতি অর্থবছরের ব্যয় ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার ৬২০ যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বক্স অফিসে কেমন পারফর্ম করছে বরুণ ধাওয়ানের নতুন সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৪২ এম


বক্স অফিসে কেমন পারফর্ম করছে বরুণ ধাওয়ানের নতুন সিনেমা

পুরনো চাল এবার আর ভাতে বাড়ল না। বলিউডের নন্দিত নির্মাতা ডেভিড ধাওয়ান; একসময় একের পর এক সুপারহিট ছবি বানিয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের এই শেষ সময়ে এসে সাফল্যের সেই জোয়ার আর দেখতে পেলেন না। তার নির্মিত সর্বশেষ ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ বক্স অফিসে সুবিধা করতে পারছে না। গত ৫ জুন মুক্তি পেয়েছিল ছবিটি। ১০ দিন পেরিয়ে বিশ্বব্যাপী এর আয় মোটে ৬৪ কোটি রুপি। পিঙ্কভিলার রিপোর্ট বলছে, প্রথম উইকেন্ডের চেয়ে এ সপ্তাহে ছবিটির আয় কমেছে ৭০ শতাংশ! অর্থাৎ বক্স অফিসে এর আবেদন প্রায় ফুরিয়ে গেছে। টেনেটুনে ৭০ কোটির গণ্ডি পার করে কিনা, তা নিয়েও সংশয়ে বক্স অফিস বিশ্লেষকরা। ত্রিকোণ সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে ‘হ্যায় জওয়ানি হ্যায় তো ইশক হোনা হ্যায়’। জস, তার সদ্য প্রাক্তন হওয়া স্ত্রী ও নতুন প্রেমিকাকে ঘিরে এগোয় গল্প। এর মধ্যে নানা হাস্যরস যুক্ত হয়। চেনা বৈশিষ্ট্য ধরে রেখে রোম্যান্টিক-কমেডি বানিয়েছেন ডেভিড, কিন্তু দর্শকের হৃদয় সেভাবে জয় করতে পারল না। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, ম্রুনাল ঠাকুর ও পূজা হেগড়ে। এছাড়াও আছেন মনিশ পল, চাঙ্কি পাণ্ডে, জিমি শেরগিল, আলি আসগর, মৌনি রায়, রাকেশ বেদীসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গদর ১’ ও ‘গদর ২’-এর সাফল্যের পর এবার আসছে ‘গদর ৩’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৪৫ এম


‘গদর ১’ ও ‘গদর ২’-এর সাফল্যের পর এবার আসছে ‘গদর ৩’

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘গদর’ নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে আছে। ‘গদর: এক প্রেম কথা’ এবং ‘গদর ২’-এর সাফল্যের পর নির্মাতা অনিল শর্মা এবার তৃতীয় কিস্তির বিষয়ে বড় একটি আপডেট দিয়েছেন। তার এই ঘোষণা শোনার পর সানি দেওলের ভক্তরা উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি একটি সাক্ষাৎকারে জানান যে, ‘গদর ৩’-এর কাজ এগিয়ে চলছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে আগামী বছরের শুরু থেকেই ছবিটির শুটিং শুরু হতে পারে। সে ক্ষেত্রে সিনেমাটি ২০২৭ সালে মুক্তির সম্ভাবনাও রয়েছে। ২০০১ সালের ১৫ জুন মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’ ভারত-পাকিস্তান বিভাজনের পটভূমিতে নির্মিত একটি সুন্দর প্রেমের গল্প। এ সিনেমায় সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনয় করেছেন এবং মুক্তির পর এটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে এটি বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হয়ে ওঠে। দীর্ঘ ২২ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় ‘গদর ২’। সেই সিনেমা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। বিশেষ করে তারা সিং চরিত্রে সানি দেওলের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করে। তৃতীয় কিস্তি নিয়ে কথা বলতে গিয়ে অনিল শর্মা বলেন, তিনি শুধুমাত্র সিক্যুয়েল তৈরির জন্য সিক্যুয়েল বানাতে চান না। তার মতে, প্রতিটি নতুন কিস্তির গল্প অবশ্যই আগেরটির চেয়ে আরও বড় ও শক্তিশালী হওয়া উচিত। পরিচালক আরও বলেন, ‘আমার কাছে যদি “গদর”একটি বোমা হয়ে থাকে, তাহলে “গদর ২” ছিল অ্যাটম বোমা। আর “গদর ৩” বানানোর জন্য এমন গল্প প্রয়োজন, যা নিউক্লিয়ার বোমার মতো শক্তিশালী হবে।’ তিনি জানান, বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলতে তারা বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন। ঈশ্বরের আশীর্বাদ ও সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই ছবির কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেছেন এই নির্মাতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৪৭ এম


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

 

নিউইয়র্ক নিকস ৫৩ বছর পর এনবিএ চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দে যখন পুরো শহর উৎসবে মেতে উঠেছিল, তখন সেই উদযাপন একপর্যায়ে সহিংসতা ও বিশৃঙ্খলায় রূপ নেয়। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার থেকে গুলির শব্দ শোনা গেলে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। একই সময়ে আরেকটি ঘটনার মধ্যে পুলিশের হাতে একজনের কাছ থেকে ভর্তি ম্যাগাজিনসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, টাইমস স্কয়ার এর ৪২তম স্ট্রিট ও ব্রডওয়ে সংলগ্ন এলাকায় পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। নিকসের শিরোপা জয় উদযাপনে হাজারো সমর্থক ওই এলাকায় জড়ো হয়েছিলেন। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়। প্রচণ্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।

শুধু গুলির ঘটনাই নয়, উদযাপনের মধ্যে অন্যান্য ঘটনায় আরও কয়েকজন আহত হন এবং বিভিন্ন স্থানে সম্পদের ক্ষয়ক্ষতি ঘটে। চারজন ছুরিকাঘাতের শিকার হন বলে জানা গেছে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে একটি লোডেড আগ্নেয়াস্ত্র জব্দ করছেন।

উল্লাস চলাকালে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বেসবল ব্যাট দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে। এ ছাড়া, কয়েকটি স্কুলবাস ও পুলিশ যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে। অনেক সমর্থক ল্যাম্পপোস্ট ও ট্রাফিক সিগন্যালের ওপর উঠে পড়েন এবং জনসমাগমের মধ্যে আতশবাজি ফোটাতে থাকে।

ক্ষতিগ্রস্ত স্কুলবাসগুলোর কিছু বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপলক্ষে দর্শক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। শিক্ষার্থীরা বাসের ছাদে উঠে পড়েন এবং কেউ ভেতরে ঢুকে চালকের আসনেও বসে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সমর্থক পরিবহনে ব্যবহৃত অন্তত একটি হলুদ স্কুলবাসে আগুন লাগানো হয়।

এ সহিংস পরিস্থিতিতে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে একজন মুখে ঘুষির আঘাত পান এবং আরেকজনের ওপর কাচের বোতল নিক্ষেপ করা হয়।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বিভিন্ন অভিযোগে মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, অবৈধ অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

যদিও এসব অপ্রীতিকর ঘটনার মধ্যেও নিকসের এই শিরোপা জয় ক্লাবটির ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭৩ সালের পর এবারই প্রথম দলটি এনবিএর সর্বোচ্চ ট্রফি জিতেছে। ১৯৯৯ সালের পর এটি তাদের প্রথম ফাইনালে ওঠা। ইতিহাসে এটি ছিল তাদের তৃতীয় ফাইনাল উপস্থিতি, যেখানে আগের দুইবার তারা পরাজিত হলেও এবার শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হয়েছে।

নিকসের সাফল্য উদযাপনে আগামী বৃহস্পতিবার আয়োজিত বিজয় মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার হরর সিমেমায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০১:৪৮ এম


এবার হরর সিমেমায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে

রাম চরণ এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ মুক্তির পর বক্স অফিসে সাফল্য পেয়েছে, তবে সিনেমাটির কিছু দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে জাহ্নবী কাপুরের চরিত্র ‘অচিয়াম্মা’-কে উপস্থাপনের ধরন নিয়ে আপত্তি তুলেছে দর্শকদের একটি অংশ। সমালোচকদের অভিযোগ, কয়েকটি দৃশ্যে চরিত্রটির ব্যক্তিত্বের তুলনায় তার শারীরিক উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিতর্কের মাঝে নতুন সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে জাহ্নবী কাপুরকে সামনে রেখে। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘তুম্বাড’-খ্যাত নির্মাতা রাহী অনিল ভার্বের পরিচালনায় একটি নতুন হরর গল্পের চলচ্চিত্রের জন্য জাহ্নবী কাপুরকে চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ভারতীয় গণমাধ্যমে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছবিটি কেবল প্রচলিত ভূতের গল্প নয়; বরং এতে থাকবে লোককাহিনি, অতিপ্রাকৃত শক্তি, মনস্তাত্ত্বিক ভয় এবং রহস্যময় একটি প্রাণীকে ঘিরে তৈরি হওয়া ঘটনাপ্রবাহ। নির্মাতা রাহী এর আগে ‘তুম্বাড’ নির্মাণ করে ভারতীয় হরর চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছেন। সেই ছবির গল্প, নির্মাণশৈলী এবং ভিজ্যুয়াল উপস্থাপনা প্রশংসিত হয়। ফলে তাঁর নতুন প্রকল্প নিয়ে স্বাভাবিকভাবেই দর্শক এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, নতুন ছবিতে জাহ্নবীর চরিত্রটি হবে বেশ জটিল। গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে তাঁকে ভয়, সংকট এবং অজানা শক্তির মুখোমুখি হতে দেখা যাবে। চরিত্রটির জন্য বিশেষ ধরনের প্রশিক্ষণ এবং প্রস্তুতির প্রয়োজন হতে পারে বলেও আলোচনা চলছে। শারীরিক অভিনয়, অভিব্যক্তি এবং মানসিক চাপের বিভিন্ন স্তরকে ফুটিয়ে তুলতে হবে তাঁকে। হরর ঘরানার সঙ্গে জাহ্নবীর পরিচয় নতুন নয়। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রুহি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি এই ধারার চলচ্চিত্রে প্রথম বড় পরিসরে কাজ করেন। ছবিটি ছিল হরর এবং কমেডির মিশ্রণে নির্মিত। সেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এবং প্রমাণিত হয়েছে যে, প্রচলিত রোমান্টিক বা গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে গিয়েও তিনি কাজ করতে সক্ষম। এদিকে গত কয়েক বছরে বলিউডে হরর এবং হরর-কমেডি ঘরানার ছবির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দর্শকদের আগ্রহের কারণে নির্মাতারা এই ঘরানায় বড় বাজেটের প্রকল্প নির্মাণে উৎসাহিত হচ্ছেন। বিশেষ করে ভারতীয় লোককাহিনি, আঞ্চলিক এবং পৌরাণিক উপাদানকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশিয়ে নতুন ধরনের হরর সিনেমা তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। নতুন এই ছবিটি এই ধারার একটি অংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে জাহ্নবী কাপুর বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পেও নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় প্রযোজনার ছবিতে তাঁর উপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ফলে নতুন হরর ছবির খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%