বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:১০ পি.এম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে অগ্রসর হচ্ছে। এ সময় তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের উদ্দেশ্য হলো মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করা। তবে এই খুনি চক্রের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশটি দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা অতীতের সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং এখন পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের কোনো অনুশোচনা নেই। এর অর্থ, তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।
তিনি বলেন, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও খুনের পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়।
বিএনপির এই নেতা আরও বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। কারণ, তারা এই দেশের ভালো চায় না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি আমরা। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আমরা কখনো আপস করব না।
তিনি আরো বলেন, দেশের প্রত্যেক মানুষ আজ শান্তি চায়, আইনের শাসন চায়। আমরা বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে চাই, দেশ গঠন করতে চাই এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই কাজে যারা বাধা দেবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে কিংবা আগুন সন্ত্রাস চালাবে, তাদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের রুখতে পারবে না।
এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ আবুল হোসেন একাডেমিতে দুই ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ইফতাব জাহান প্রীতি। ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন এবং শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতিস্বরূপ তাকে পৃথক দুটি সম্মাননা দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষায় ৮৫২ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে প্রীতি। পাশাপাশি পুরো শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড গড়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবেও স্বীকৃতি অর্জন করে সে।
গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী তার হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য মেধাবী ও কৃতী শিক্ষার্থীদেরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, নির্বাচনী পরীক্ষায় ৮৫২ নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করায় প্রীতির সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। আগামী এসএসসি পরীক্ষায় সে যেন গোল্ডেন জিপিএ অর্জন করতে পারে, সেই প্রত্যাশা ও দোয়া রইল। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো কাজ ও সাফল্যের স্বীকৃতি দিলে তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ে। পাশাপাশি নিয়মিত উপস্থিতি, সুস্থ প্রতিযোগিতা ও ভালো ফলাফল অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেয়ের এমন অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে প্রীতির মা লাইজু আক্তার বলেন, বিদ্যালয় থেকে মেয়ে দুই ক্যাটাগরিতে সম্মাননা পাওয়ায় তিনি অত্যন্ত খুশি। তার বাবা আব্দুর রব ইরান হাওলাদার আজ বেঁচে থাকলে মেয়ের এ সাফল্যে অনেক বেশি আনন্দিত হতেন। সামনে মেয়ের এসএসসি পরীক্ষা। সে যেন ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে পারে, এ জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থী ইফতাব জাহান প্রীতি বলে, দুই ক্যাটাগরিতে সম্মাননা পেয়ে সে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। বাবা বেঁচে থাকলে তার এ অর্জনে অনেক খুশি হতেন। বাবার স্মৃতিচারণ করে তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চায় সে। একই সঙ্গে বাবা-মায়ের স্বপ্ন পূরণ এবং আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে। ভবিষ্যতে যে প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত হবে, সেই প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করে প্রীতি।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার এমন উদ্যোগ তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ