০৩:৫৬ এম
ধর্ম মানবসভ্যতার ইতিহাসে কেবল বিশ্বাস ও উপাসনার বিষয় নয়; বরং এটি দর্শন, সংস্কৃতি, সমাজব্যবস্থা, নৈতিকতা ও জীবনবোধের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। পৃথিবীর বিভিন্ন ধর্মের উৎপত্তি, বিকাশ, বিশ্বাস ও দর্শনকে বস্তুনিষ্ঠভাবে অধ্যয়ন করাই ‘তুলনামূলক ধর্মতত্ত্ব’ চর্চার মূল উদ্দেশ্য। একসময় মুসলিম জ্ঞানচর্চায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকা এই শাস্ত্র বর্তমানে মুসলিম বিশ্বের অনেক দেশে আগের মতো গুরুত্ব পাচ্ছে না। যদিও কিছু বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পাঠদান ও গবেষণা অব্যাহত রয়েছে, তবুও সামগ্রিকভাবে এর প্রাতিষ্ঠানিক বিস্তার ও গবেষণার পরিধি এখনো সীমিত রয়ে গেছে।
মুসলিম মনীষীদের মধ্যে ধর্ম, দর্শন, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে অনুসন্ধানী জ্ঞানচর্চার একটি সমৃদ্ধ ঐতিহ্য বিদ্যমান ছিল। আবু আল-হাসান আল-মাসউদি (প্রায় ৮৯৬-৯৫৬ খ্রি.) ছিলেন এই ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক। তাঁর বিখ্যাত ‘মুরুজুয যাহাব ওয়া মাআদিনুল জাওহার’ গ্রন্থে বিভিন্ন জাতি, ধর্ম, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস, বিশ্বাস এবং সামাজিক রীতিনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ পাওয়া যায়। অন্যদিকে, ইবনে নাদিম (মৃত্যু ৯৯৫/৯৯৮ খ্রি.) তাঁর বিখ্যাত ‘আল-ফিহরিস্ত’ গ্রন্থে তৎকালীন জ্ঞানজগতের বিভিন্ন শাস্ত্র, ধর্ম, মতবাদ, দর্শন ও সাহিত্য সম্পর্কে তথ্য সংকলন করেন। যদিও তাঁরা সরাসরি আধুনিক অর্থে তুলনামূলক ধর্মতত্ত্বের গবেষক ছিলেন না, তথাপি তাঁদের রচনায় অন্য ধর্ম ও সভ্যতাকে জানার যে অনুসন্ধানী প্রবণতা দেখা যায়, তা পরবর্তী ধর্ম-অধ্যয়নের ঐতিহাসিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কিন্তু সময়ের সঙ্গে এ জ্ঞানচর্চার গুরুত্ব কমে যাওয়ার পেছনে রয়েছে শিক্ষাব্যবস্থায় সীমিত অগ্রাধিকার, গবেষণার সুযোগ ও অর্থায়নের অভাব, বিশেষজ্ঞ তৈরিতে দুর্বলতা এবং বস্তুনিষ্ঠ অধ্যয়নের পরিবর্তে বিতর্ক ও খণ্ডননির্ভর দৃষ্টিভঙ্গির বিস্তার। ফলে ধর্মকে জানার গবেষণামুখী ঐতিহ্য অনেক ক্ষেত্রে সংকুচিত হয়ে পড়েছে।
আরও পড়ুন: মানুষের শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করা নিষিদ্ধ
মুসলিমবিশ্বে এ সীমাবদ্ধতার বিষয়টি একাডেমিক গবেষণায়ও উঠে এসেছে। পাকিস্তানের Government College University, Lahore-এর গবেষক Andleeb Gul ২০১৭ সালে Journal of Islamic Thought and Civilization-এ প্রকাশিত Current Trends of Muslim Academia in Comparative Religions শীর্ষক গবেষণাপত্রে মুসলিম একাডেমিক জগতে তুলনামূলক ধর্মচর্চার বর্তমান প্রবণতা বিশ্লেষণ করেন। তাঁর গবেষণায় মুসলিম একাডেমিক পরিসরে তুলনামূলক ধর্মের গবেষণাপদ্ধতি, নিরপেক্ষতা ও আধুনিক গবেষণার সীমাবদ্ধতা উঠে এসেছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের Mohamed Bin Zayed University for Humanities-এর গবেষক Nizar Smida ২০২৪ সালে The Science of Comparative Religion: Promises for Change and Impediments to Achievement শিরোনামে একটি গবেষণা প্রকাশ করেন। সেখানে আরব ও ইসলামী সমাজে তুলনামূলক ধর্মচর্চার প্রতিবন্ধকতা, গবেষণার সীমাবদ্ধতা এবং আন্ত ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় এ শাস্ত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।
তবে মুসলিমবিশ্বে এ বিষয়ে গবেষণা একেবারেই বন্ধ নয়। মালয়েশিয়ার International Islamic University Malaysia (IIUM)-এর Usul al-Din and Comparative Religion বিভাগে এ বিষয়ে পাঠদান ও গবেষণা পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক ড. Haslina Ibrahim ধর্মীয় অধ্যয়ন, আন্ত ধর্মীয় সম্পর্ক ও তুলনামূলক ধর্ম বিষয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণায় ইসলামী ঐতিহ্যে অন্যান্য ধর্মের অধ্যয়ন এবং ধর্মগ্রন্থের তুলনামূলক বিশ্লেষণের মতো বিষয় গুরুত্ব পেয়েছে। এসব উদ্যোগ প্রমাণ করে, মুসলিমবিশ্বে এ জ্ঞানচর্চার সম্ভাবনা এখনো বিদ্যমান; প্রয়োজন এর আরো বিস্তার।
বাংলাদেশের প্রেক্ষাপটেও এ সীমাবদ্ধতার চিত্র দেখা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের The Faculty Journal of Arts-এর ২০২৫ সালের বিশেষ সংখ্যায় হাবিবুর রহমানের Comparative Religion Studies in Public Universities of Bangladesh: A Review শীর্ষক গবেষণায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক ধর্মচর্চার প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল হান্নান ২০১৫ সালে Comparative Study of Religion: Problems and Prospects শিরোনামে গবেষণা প্রকাশ করেন। এসব গবেষণা প্রমাণ করে, এ বিষয়ে আগ্রহ ও উদ্যোগ থাকলেও প্রাতিষ্ঠানিক বিস্তার এবং গবেষণার সুযোগ আরো বাড়ানো প্রয়োজন।
আরও পড়ুন: সাহাবি উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের কৌশল ও নৈতিকতা
বাংলাদেশে অবশ্য এ বিষয়ে প্রাতিষ্ঠানিক উদ্যোগ বিদ্যমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ ১৯৯৯ সালের ১ ডিসেম্বর তুলনামূলক ধর্ম বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়; পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে বর্তমান নাম লাভ করে। অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় ২০২৫ সালের ২৭ জানুয়ারি ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদ প্রতিষ্ঠিত হয়, যার অধীনে তুলনামূলক ধর্ম বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এসব উদ্যোগ দেশে এই জ্ঞানচর্চার বিস্তার ও গবেষণার নতুন সম্ভাবনা তৈরি করছে।
বাংলাদেশের মতো বহুধর্মীয় সমাজে পারস্পরিক বোঝাপড়া, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভুল ধারণা নিরসনে তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা বাড়ানোর বিকল্প নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন