০৩:৫৬ এম
সিলেটের জৈন্তাপুরে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চিহ্নিত এক মানব পাচারকারীকে আটক করেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লালাখাল বিওপির একটি টহলদল তাকে আটক করে।
আটক হওয়া ব্যক্তির নাম মো. কিবরিয়া (২৭)। তিনি জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের পুত্র।
বিজিবি সূত্রে জানা যায়, কিবরিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং মানব পাচারকারী হিসেবে চিহ্নিত। তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পেয়ে বিজিবি তাকে আটক করার জন্য লালাখাল বিওপির একটি টহলদল বিশেষ অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় দুটি বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
আটকের সময় কিবরিয়ার দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সোহেল আলম, পিবিজিএম জানান, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক এবং তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটক করার জন্য গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
আটক কিবরিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৯০০ টাকা আদায় করে কোষাগারে জমা ২০!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন