ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়


কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক তালিকায় তৃতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়টি এবারও দেশের শীর্ষ স্থান অধিকার করেছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করে এই কিউএস র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য মোট ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। এসব সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিফলন ঘটিয়েছে। প্রকাশিত ফলাফলে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ২৮.৩। একাডেমিক সুনাম (একাডেমিক রেপুটেশন) সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮.৩ স্কোর অর্জন করেছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি বহন করে।

এছাড়া, কর্মসংস্থান ফলাফল (ইমপ্লিমেন্ট আউটকামস) সূচকে বিশ্ববিদ্যালয়টি ৯৫.০ স্কোর অর্জন করেছে, যা স্নাতকদের কর্মক্ষেত্রে উচ্চ গ্রহণযোগ্যতা ও সফলতার প্রতিফলন। একই সঙ্গে নিয়োগদাতাদের দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়টির সুনাম (ইমপ্লয়িয়ার রেপুটেশন) সূচকে প্রাপ্ত ৫০.৮ স্কোর চাকরিদাতাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচক ভাবমূর্তিকে নির্দেশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা ও আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬১.১, যা আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। টেকসই উন্নয়ন সূচকে বিশ্ববিদ্যালয়টি ৬০.৬ স্কোর অর্জন করেছে, যা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এর অঙ্গীকারকে তুলে ধরে।

অন্যদিকে, সাইটেশনস পার ফ্যাকাল্টি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর যথাক্রমে ৮.০ ও ৮.০। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে ২.০ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে ১.৪ স্কোর অর্জিত হয়েছে। এসব সূচক ভবিষ্যতে আন্তর্জাতিকীকরণ ও গবেষণা সক্ষমতা আরও জোরদারের প্রয়োজনীয়তার দিকটিও নির্দেশ করে।

আরও পড়ুন: ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধের হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধের হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে ইরানের ওপর একটি নতুন ‘কঠোর অবরোধ’ আরোপ করার সম্ভাবনাকে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি সতর্ক করেছেন যে প্রয়োজনে সামরিক অভিযানও চালানো হতে পারে।

সাম্প্রতিক একটি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের জন্য নৌ-অবরোধ তুলে নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। এই অবরোধের ফলে ইরানি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, ‘ইরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে’ এবং তারা তাদের ভাষায় ‘পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা’ ত্যাগ না করে, তাহলে তিনি উল্লেখ করেছেন যে ‘প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কিছু ইউরোপীয় দেশের প্রতি হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে প্রস্তুতির কথাও উল্লেখ করেছেন।

এছাড়া ব্রিটেনকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে হেগসেথ বলেছেন, দেশটিকে অবশ্যই ‘আরও এগিয়ে আসতে হবে।’

সূত্র : বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজ পাড়ি দিয়েছে সৌদি তিনটি সুপার ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজ পাড়ি দিয়েছে সৌদি তিনটি সুপার ট্যাংকার

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অস্থায়ী শান্তি চুক্তির স্বাক্ষরের পর হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে ছয় মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী সৌদি আরবের পতাকাবাহী তিনটি সুপার ট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে রয়টার্স।

জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্য অনুসারে, সাম্প্রতিক শক্তিশালী কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবের বন্দরগুলো থেকে হরমুজ প্রণালী হয়ে এটাই ছিল সবচেয়ে বড় তেলবাহী জাহাজের বহর প্রস্থান।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদি আরব এতক্ষণ ধরে মূলত লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়ানবু তেল টার্মিনাল ব্যবহার করে তেল রফতানি করছিল। হরমুজ প্রণালীকে এড়িয়ে চলাই ছিল তাদের প্রধান কৌশল।

তবে নতুন চুক্তির কারণে হরমুজ প্রণালী পুনরায় নিরাপদ ও উন্মুক্ত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এরই মধ্যেই সৌদি আরবের এই বড় আকারের তেল পরিবহনকে জ্বালানি বাজারে আস্থার প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যদি চুক্তিটি কার্যকর থাকে এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল বজায় থাকে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের ওপর নিম্নমুখী চাপ অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত, জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না ওয়াহি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত, জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না ওয়াহি

ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত চলমান থাকায় আইভরিকোস্ট দলের জন্য বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ধাক্কা লেগেছে। স্ট্রাইকার এলিয়ে ওয়াহি কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় জার্মানির বিরুদ্ধে চলমান ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারবেন না।

শনিবার, টরন্টোয় অনুষ্ঠিতব্য ওই ম্যাচে আইভরিকোস্ট দলটি জার্মানির মুখোমুখি হবে।

আইভরিকোস্ট ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, প্রশাসনিক জটিলতা এবং তদন্তাধীন অবস্থার কারণে ওয়াহি দলের সঙ্গে কানাডায় ভ্রমণ করতে সক্ষম হননি। তাঁর প্রথম ম্যাচে, যা ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ ব্যবধানে তিনি জিতেছিলেন, সেখানে তিনি শুরুর একাদশে ছিলেন।

এর আগে, ফরাসি লিগ কর্তৃপক্ষ জানায়, মে মাসে নিসের হয়ে একটি লিগ ওয়ান ম্যাচে ওয়াহির হলুদ কার্ড নিয়ে অস্বাভাবিকভাবে বড় অঙ্কের বাজি ধরা হয়েছিল। সন্দেহজনক বেটিং কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়ার পর বিষয়টি তদন্তের অন্তর্ভুক্ত হয়।

ফেডারেশন নিশ্চিত করেছে, দলের অন্যান্য সদস্যরা কানাডায় থাকলেও ওয়াহি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নগরীর গণপূর্ত ভবনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ নগরীকে পরিকল্পিত অবকাঠামোর মাধ্যমে ঢেলে সাজানোর লক্ষ্যে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

 এর আগে গণপূর্ত ভবন প্রাঙ্গণে দোয়া ও আলোচনার সভার মধ্যদিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে পরিকল্পিত নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

 সভায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ময়মনসিংহের উন্নয়নে যে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করা দরকার, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। 

 তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পিত নগরীতে গড়তে আমাকে দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করবো সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত এবং আবাসিক নগরী হিসাবে গড়ে তুলতে। এক্ষেত্রে প্রশাসনসহ সব পর্যায়ের অংশিজনদের অংশগ্রহণে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই। এ সময় তিনি ময়মনসিংহ বিভাগীয় শহর গঠনে পরিকল্পিত উন্নয়নেরও আশ্বাস দেন।

 সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%