১০:২৮ পি.এম
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে অ্যাম্বুল্যান্স, মাইক্রোবাস এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসা একটি মাইক্রোবাস, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের যাত্রী, চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭), ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে খায়রুল হক (৪৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ এবং তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে শেরপুর হাইওয়ে পুলিশ মরদেহ হস্তান্তর করবে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।’
আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন