১১:৫৮ এম
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন যে, দেশে চাঁদাবাজি, ঘুষ এবং দুর্নীতি বন্ধ হলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেছেন যে, গার্মেন্টস শ্রমিকদের মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়ার সক্ষমতা মালিকদের রয়েছে। তবে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে অনিয়ম, চাঁদাবাজি এবং অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও বলেন, "আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে কেউ না খেয়ে থাকবে না, কাউকে ফুটপাতে রাত কাটাতে হবে না।" তিনি উল্লেখ করেছেন যে, একদিকে মানুষ বাসস্থানের অভাবে রাস্তায় ঘুমায়, অন্যদিকে অনেক বাড়ি ও ফ্ল্যাট খালি পড়ে থাকে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই বৈষম্য দূর করা সম্ভব।
শনিবার (৭ নভেম্বর) রাতে কক্সবাজারে শ্রজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা
মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষের মৌলিক অধিকার হিসেবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি কাজের অধিকার, জীবনের নিরাপত্তা এবং বিনোদনের সুযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দেশে লাখ লাখ শিক্ষিত বেকার কাজের সুযোগ পাচ্ছেন না। বিপুলসংখ্যক মানুষ নিয়মিত খাবার জোগাড় করতে পারছেন না। কেউ একবেলা খেয়ে আরেক বেলার খাবারের নিশ্চয়তা পান না। অথচ বিয়ে অনুষ্ঠান, রেস্তোরাঁ এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার নষ্ট হচ্ছে। সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে এমন পরিস্থিতি থাকার কথা নয়।
তিনি বলেন, "একদিকে মানুষ ফুটপাতে ঘুমায়, অসুস্থ হলে চিকিৎসা পায় না, অন্যদিকে বহু বাড়ি ও ফ্ল্যাট খালি পড়ে থাকে।" ফুটপাতে ঘুমানো মানুষটিরও জ্বর আসে, পেটে ব্যথা হয়, অসুস্থ হলে তারও চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু তার পাশে দাঁড়ানোর কেউ থাকে না। রাষ্ট্রকে এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়।
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে মানুষকে একটি বাস্তবসম্মত স্বপ্ন ও আশার জায়গা দিতে হবে। যদি মানুষ বিশ্বাস করে যে একটি রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে তার জীবনমানের উন্নতি হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তার অধিকার নিশ্চিত হবে, তাহলে লাখ লাখ মানুষ সেই উদ্যোগে সাড়া দেবে। এবি পার্টি এমন একটি পরিকল্পিত, ভারসাম্যপূর্ণ এবং বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জের একজন গার্মেন্টস মালিক শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন দেওয়ার সক্ষমতার কথা বলেছেন। কিন্তু চাঁদাবাজি এবং নানা ধরনের অনিয়মের কারণে তা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেছেন। দেশে চাঁদাবাজি, ঘুষ এবং দুর্নীতি বন্ধ করা গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি বাড়ানো সম্ভব। ভালো উদ্যোক্তারা শ্রমিকদের পাশে দাঁড়াতে চান, কিন্তু রাষ্ট্রীয় এবং সামাজিক অনিয়ম তাঁদেরও বাধাগ্রস্ত করছে।
আরও পড়ুন: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, প্রতিমন্ত্রীর নির্দেশে ৩ জন গ্রেফতার
তিনি আরও বলেন, দেশের সমস্যাগুলো সমাধান করা অসম্ভব নয়। বেকারত্ব, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং ন্যায্য মজুরির সংকট দূর করতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং রাজনৈতিক সদিচ্ছা। মালিক-শ্রমিকসহ সমাজের সবাই ঐক্যবদ্ধ হলে চাঁদাবাজি এবং শোষণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মঞ্জু বলেন, "জুলাইয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই কোনো শক্তি তাদের দমাতে পারেনি।" রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়তেও একইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু স্লোগান কিংবা প্রতিশ্রুতি নয়, মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে তিনি শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানে সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
কক্সবাজার শহরের হোটেল আল হেরা মিলনায়তনে আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন এবি শ্রমিক পার্টির সভাপতি মোহাম্মদ হাসান।
আরও পড়ুন: বাংলাদেশের বকেয়া বিদেশি ঋণ ১৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে
এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এড, আব্দুল্লাহ আল রানা, কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক, নব গঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক এড. গোলাম ফারুক খান কায়সার, সদস্য সচিব সরওয়ার সাঈদ, এড. আমিন উদ্দিন চৌধুরী, সৈয়দ হোসাইন চৌধুরী, যুব পার্টি নেতা মোহাম্মদ নাছিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন