১১:০৯ পি.এম
আজ নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নের ক্ষেত্রে ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানান বাংলাদেশ।
নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান করেন। বৈঠকের সময় তিনি নারীর ক্ষমতায়নের প্রতি বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তনের বিষয়টি স্মরণ করেন। বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর ক্ষমতায়নে গৃহীত নানা উদ্যোগের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন
ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় অগ্রগতির জন্য প্রশংসা করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে অভিনন্দন জানান। এছাড়া, নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইউএন উইমেনের আগ্রহও পুনর্ব্যক্ত করেন।
সিমা বাহাউস শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসাও করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।
আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন