বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
১২:১৯ পি.এম
ঢাকা, ২ জুলাই ২০২৬ : বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
ম্যাচের শুরুতেই ফোলারিন বালোগানের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি লাল কার্ডের কারণে মাঠ ছাড়লে বাকি সময়টা যুক্তরাষ্ট্রকে একজন কম নিয়েই খেলতে হয়েছে।
আগামী সোমবার সিটলে শেষ ষোলর ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মত সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের জন্য শেষ ষোলতে খেলার যোগ্যতা অর্জনের ঘটনা।
বালোগানের প্রথমার্ধের গোলটি ম্যাচের শেষ মুহূর্তে আসে। কিন্তু ৬৪ মিনিটে বালোগান বসনিয়ার টারিক মুহারমোভিচকে বাজেভাবে ট্যাকেল করায় ভিএআর রিভিউর মাধ্যমে লাল কার্ড দেওয়া হয়। ১০ জন নিয়ে প্রতিরোধ গড়ে তোলা যুক্তরাষ্ট্র ৮২ মিনিটে মালিক টিলমানের ফ্রি-কিকের গোলে জয় নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ বলেন, "ছেলেরা অসাধারণ লড়াই করেছে। লাল কার্ড পাওয়ায় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোয়নি, কিন্তু এটিই প্রমাণ করে আমরা কতটা ভালো দল।"
যুক্তরাষ্ট্রের সমর্থকরা উৎসবমুখর পরিবেশে সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ভিড় জমান। ক্যালিফোর্নিয়ার আকাশে ম্যাচ শুরুর আগে ঐতিহ্যবাহী যুদ্ধবিমান উড্ডয়ন তাদের আত্মবিশ্বাস ও উচ্ছ্বাসের প্রতীক হয়ে দাঁড়ায়।
কিক-অফের পর থেকেই বসনিয়ার কৌশল স্পষ্ট ছিল, তারা দীর্ঘ পাসে আক্রমণ শুরু করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ দ্রুতই মাঝমাঠের কাছাকাছি অবস্থান নেয়।
তবু ম্যাচের প্রথম দিকে বসনিয়াই সেরা সুযোগগুলো পায়। ৪০ বছর বয়সী অধিনায়ক এডিন জেকো গোলরক্ষকের লম্বা পাস নিয়ন্ত্রণে এনে এরমেদিন ডেমিরোভিচকে বাড়িয়ে দেন। কিন্তু তার শট সরাসরি গোলরক্ষক ম্যাট ফ্রিজের কাছে এসে পড়ে।
দ্রুত চাপ বাড়াতে থাকে যুক্তরাষ্ট্র। আমার ডেডিচের বেপরোয়া ট্যাকলে ফোলারিন বালোগান পেনাল্টির জোরালো আবেদন জানালেও রেফারি তা নাকচ করে দেন। কিছুক্ষণ পর বালোগান গোল করতে গেলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।
দর্শকদের উৎকণ্ঠা কাটে ৪৫তম মিনিটে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক টিম রিম বসনিয়ার একটি গোলকিক প্রতিহত করে দ্রুত বল বাড়িয়ে দেন মালিক টিলম্যানকে। টিলম্যানের থ্রু পাস প্রতিপক্ষের গায়ে লেগে বালোগানের সামনে প্রবেশ করলে তিনি সহজেই বল জালে পাঠান।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে বালোগানের আরেকটি শট ক্রসবারে গিয়ে লাগে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনজুরিতে মাঠ ছাড়েন জেকো। এরপর বসনিয়ার কোচ সের্গেই বারবারেজ একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন।
৬৪ মিনিটে ভিএআরের পর্যালোচনার পর মুহারেমোভিচের পায়ে পা দেওয়ার কারণে বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। অনেকের কাছেই এই সিদ্ধান্ত কঠোর মনে হয়েছিল।
হাইড্রেশন বিরতির সময় যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো মাঠে খেলোয়াড়দের একত্র করে ১০ জনে পরিণত হওয়া দলের জন্য লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পণা করেন।
তিনি পরে জানান, "আমি তাদের বলেছিলাম, আমাদের দেখাতে হবে আমরা একটি দল, আমরা ঐক্যবদ্ধ।"
তিনি আরও বলেন, "এটাই ছিল সবার কাছে এবং নিজেদের কাছে প্রমাণ করার মুহূর্ত। আমরা নিজেদের একটি 'পরিবার' বলি, সেটা এখন আর শুধু মুখের কথা নয়।"
পুলিসিচের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
৮২তম মিনিটে যুক্তরাষ্ট্র বসনিয়ার বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায়। টিলম্যানের দারুণ বাঁকানো শট ডিফেন্সিভ দেয়ালকে পিছনে ফেলে গোলরক্ষক নিকোলা ভাসিলজের আঙুল ছুঁয়ে জালে প্রবেশ করে।
অতিরিক্ত সময়ের স্নায়ুচাপের ১০ মিনিট সফলভাবে সামলে নেয় যুক্তরাষ্ট্র। বদলি খেলোয়াড় এরমিন মাহমিচের একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।
অবশেষে যুক্তরাষ্ট্র ইতিহাস গড়া জয় নিশ্চিত করে এবং নিজেদের মাটিতে বিশ্বকাপ অভিযান টিকিয়ে রাখে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি মহল। এ বিষয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে যে, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করে তারা। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ভয় দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছেন।
এ ধরনের প্রতারণার ক্ষেত্রে সতর্ক থাকতে তিতাস আহ্বান জানিয়েছে। কোম্পানির নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ যেমন বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করতে হবে।
প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কোনো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করা যাবে না।
গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিতাস আরও বলেছে যে, সন্দেহজনক কোনো কল বা বিল সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট তিতাস অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে পরামর্শ ও সেবা গ্রহণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃতি পাওয়ার পর সুন্দরবনের মধু নিয়ে দেশ-বিদেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল। ব্যবসায়ীরা রফতানি বাজার সম্প্রসারণের স্বপ্ন দেখছিলেন, তবে সেই সম্ভাবনার মাঝে উদ্বেগ বাড়াচ্ছে উৎপাদন কমে যাওয়ার প্রবণতা।
জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অনুকূল আবহাওয়ার অভাব, বনাঞ্চলে নিরাপত্তা ঝুঁকি এবং ফুলের উৎপাদন কমে যাওয়ার কারণে চলতি মৌসুমে সুন্দরবনের মধু আহরণ গত পাঁচ বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কমেছে। একই সঙ্গে মৌয়ালের সংখ্যা, বন বিভাগের রাজস্ব এবং মধু আহরণের জন্য দেয়া পাসও কমেছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে সুন্দরবন থেকে সংগ্রহ হয়েছে এক হাজার ৭৪০ দশমিক ৫০ কুইন্টাল বা প্রায় ১৭৪ মেট্রিক টন মধু। আগের মৌসুমে এ পরিমাণ ছিল দুই হাজার ৭৫ কুইন্টাল বা প্রায় ২০৭ মেট্রিক টন। এক বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ৩৩৪ দশমিক ৫০ কুইন্টাল, যা প্রায় ১৬ দশমিক ১ শতাংশ। একই সময়ে বন বিভাগের রাজস্ব ৩৩ লাখ ২১ হাজার ৬০০ টাকা থেকে কমে ২৭ লাখ ৮৪ হাজার ৮০০ টাকায় নেমে এসেছে।
পরিসংখ্যান বলছে, পাঁচ বছর আগে সুন্দরবন থেকে প্রায় ৩০০ মেট্রিক টনের বেশি মধু আহরণ হতো। ২০২১-২২ অর্থবছরে উৎপাদন ছিল প্রায় ৩০০ মেট্রিক টন। পরের বছর তা কমে দাঁড়ায় ২৮২ মেট্রিক টনে। ২০২৩-২৪ অর্থবছরে কিছুটা বেড়ে ৩১৮ মেট্রিক টনে পৌঁছালেও এরপর আবার শুরু হয় নিম্নমুখী ধারা। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন নেমে আসে ২০৭ মেট্রিক টনে। আর সর্বশেষ মৌসুমে সংগ্রহ হয়েছে মাত্র ১৭৪ মেট্রিক টন, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
মধু উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে বননির্ভর মানুষের জীবন-জীবিকাতেও।
বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মধু আহরণের জন্য অনুমতি নিয়েছেন ৫৫২টি দল ও ৩ হাজার ৪৮১ জন মৌয়াল। আগের মৌসুমে এ সংখ্যা ছিল ৬৫৫টি দল এবং ৪ হাজার ১৫৮ জন মৌয়াল। অর্থাৎ এক বছরে ১০৩টি দল ও ৬৭৭ জন মৌয়াল কম বনে গেছে।
মৌয়ালরা বলছেন, বনাঞ্চলে প্রবেশে জলদস্যুদের দাপট, খরচ বৃদ্ধি এবং অনুকূল বৃষ্টিপাতের অভাবের কারণে ফুলের পরিমাণ কমে গেছে, যার প্রভাব পড়েছে মধু উৎপাদনেও।
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জের মৌয়াল মো. আব্দুস সাত্তার বলেন, ‘আগে একেকটা চাক থেকে অনেক বেশি মধু পাওয়া যেত। এবার অনেক জায়গায় ঘুরেও তেমন চাক পাইনি। গেওয়া, খলসি ও অন্যান্য গাছে ফুল কম হওয়ায় মৌমাছিও কম এসেছে। নৌকা ভাড়া, জ্বালানি এবং শ্রমিকের খরচ সবই বেড়েছে। কিন্তু উৎপাদন কমে যাওয়ায় সেই খরচই উঠানো কঠিন হয়ে পড়েছে।’
একই উপজেলার আরেক মৌয়াল মো. রফিকুল ইসলাম বলেন, ‘বনে ঢুকতে এখনও নানা ধরনের ঝুঁকি থাকে। অনেক সময় নিরাপত্তার চিন্তা নিয়েই কাজ করতে হয়। তার ওপর আগের মতো মধু পাওয়া যায় না। কয়েকদিন বনে থেকে যে পরিমাণ মধু পাওয়া যায়, তা দিয়ে পরিবারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে।’
মৌয়াল শেখ নুর ইসলাম বলেন, ‘আমরা বছরের এই মৌসুমটার জন্য অপেক্ষা করি। কিন্তু কয়েক বছর ধরে মধুর পরিমাণ কমতেই আছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে ফুল কম ফোটে, ফলে চাকও ছোট হয়। উৎপাদন কমে যাওয়ায় অনেক মৌয়াল এবার বনে যাওয়ার আগ্রহও হারিয়ে ফেলেছেন।’
উৎপাদন কমে যাওয়ার কারণে ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। জিআই স্বীকৃতির কারণে সুন্দরবনের মধুর চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান সুন্দরবন পিওর মার্টের স্বত্বাধিকারী আবু হানিফা সজীব।
তিনি বলেন, ‘জিআই স্বীকৃতির পর দেশ-বিদেশে সুন্দরবনের মধুর চাহিদা অনেক বেড়েছে। অনলাইন ও করপোরেট পর্যায় থেকেও নিয়মিত অর্ডার আসছে। কিন্তু উৎপাদন কম থাকায় সেই চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উৎপাদন বাড়ানো গেলে রফতানির সম্ভাবনা তৈরি হবে এবং বননির্ভর মানুষের আয়ও বাড়বে।’
সংশ্লিষ্টরা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য, ফুল ফোটার সময়, বৃষ্টিপাত, তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনের সঙ্গে মধু উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে।
সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ‘মধু উৎপাদন সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে ফুলের উৎপাদনে প্রভাব পড়ছে, যার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে মধু আহরণে। বিষয়টি নিয়ে বন বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ করছে। উৎপাদন কমে যাওয়ার কারণগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি গবেষণা, বনজ সম্পদ সংরক্ষণ এবং মৌয়ালদের নিরাপদে মধু আহরণের ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা, মৌমাছির খাদ্য উদ্ভিদ সংরক্ষণ, বনাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিলে আগামী বছরগুলোতে সুন্দরবনের মধু উৎপাদন আরও কমে যেতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে হাজারো বননির্ভর পরিবার, পাশাপাশি থেমে যাবে জিআই স্বীকৃতিপ্রাপ্ত এ পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনাও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ব্যাপক যাচাই-বাছাই করার পর প্রণয়ন করা হয়েছে, এমনটি জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
চিফ হুইপ আরো বলেন, এই ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনেক যাচাই-বাছাই করে উপস্থাপন করা হয়েছে। বাজেটে ৬৩টি পণ্যের শুল্ক কমানো হয়েছে। এটি একটি জনবান্ধব বাজেট এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
তিনি জানিয়েছেন, বাজেটের ওপর আলোচনা করার জন্য বিরোধী দলকে ৩১ শতাংশ সময় দেয়া হয়েছে এবং বিরোধীদলও সরকারের এই বাজেটকে গ্রহণ করেছে। তাই এ বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
নূরুল ইসলাম মনি বলেন, উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি পান করতে পারে, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি এটিকে বাংলাদেশের জন্য একটি বাঁচানোর প্রকল্প হিসেবে উল্লেখ করেন।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাজেটের ওপর কণ্ঠভোট গ্রহণ করে তা পাস করেন, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর হলে তিন দেশের জনগণই উপকৃত হবে, এমন বিশ্বাস পোষণ করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতারা একসঙ্গে আলোচনায় বসেন। সরকার ও রাজনৈতিক দলের মধ্যে যৌথ স্বার্থ নিয়ে সৌহাদ্যপূর্ণ আলোচনা চালানো হয়। দুই নেতার মধ্যে টু প্লাস টু আলোচনা ও সামরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকটি দুই দেশের মধ্যে বিশ্বস্ততা জোরদার করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জনগণের স্বার্থে নিজেদের মত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে চায়না সমর্থন দেয়।
ইয়াও ওয়েন জানান, টেকসই তিস্তা মহাপরিকল্পনা তৈরি করতে বৈজ্ঞানিক সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। চায়না এ বিষয়ে জোর দিচ্ছে এবং বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী। অতীতে তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডি নিয়ে চাইনিজ কোম্পানির সঙ্গে সমঝোতা হলেও, এবার দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হয়েছে। এ প্রকল্প এবং বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা করার জন্য চীনের সর্বোচ্চ স্তর থেকে প্রতিশ্রুতি এসেছে।
এ সময় ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ সমর্থনে চীন প্রতিশ্রুতি দিয়েছে—এ কথাও জানান দেশটির রাষ্ট্রদূত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ