প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়েতে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা নিরাপত্তার জন্য পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন।
দেশটির সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই কর্মকর্তার উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলস্বরূপ, হতাহতের সংখ্যা বেড়ে গেছে।
গণমাধ্যমটির হাতে আসা অভিযোগপত্রের অনুলিপি অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন সেনাবাহিনীর মেজর স্টিফেন রামসবটম। এর আগে সিবিএস নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রামসবটম জানান, গত ১ মার্চের হামলাটি সেনাবাহিনী, সামরিক নেতৃত্ব এবং তার নিজের জন্য একটি ‘কৌশলগত ব্যর্থতা’ ছিল। তিনি বলেন, ‘আমরা যথাযথভাবে পরিকল্পনা করতে পারিনি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’
এ বছরের মার্চ মাসে কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী সামরিক পরিচালনাকেন্দ্রে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর তারা ছিলেন নিহত প্রথম মার্কিন সেনাসদস্য। আহত হন আরও কয়েক ডজন সেনা, যাদের মধ্যে রামসবটমও ছিলেন।
রামসবটমের অভিযোগ, আকাশপথের হামলা থেকে সেনাদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। তবে তাকে বলা হয়েছিল, ‘সুরক্ষা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’
পরে সেখানে ড্রোন প্রতিরোধব্যবস্থা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি কখনো পৌঁছায়নি। এমনকি ব্যবস্থাটি পাঠানোর অনুরোধ আদৌ করা হয়েছিল কি না, সেটিও নিশ্চিত নয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলার সময় স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না। সেখানে মাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল।
সিএনএনের এক সূত্রের তথ্য অনুযায়ী, স্থাপনাটি ঘিরে কংক্রিটের প্রতিবন্ধকতা থাকলেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা ছিল না। হামলার আগে সেনাদের সতর্ক করতে কোনো সাইরেনও বাজেনি।
এদিকে হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, স্থাপনাটি সুরক্ষিত ছিল। তবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সেখানে আঘাত হেনেছে বলে স্বীকার করেন তিনি।
ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হেগসেথকে গোপনীয় ব্রিফিংয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। একই সঙ্গে শুয়াইবা বন্দরের স্থাপনাটির নিরাপত্তা নিয়ে করা সব মূল্যায়ন প্রতিবেদন চেয়েছেন তিনি।
এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তৃত তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। ফলে সেনাদের নিরাপত্তা নিয়ে এই অভিযোগ ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন