০৩:৫৪ এম
ঘাঘট নদীর অব্যাহত ভাঙনের ফলে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের একটি অংশ বর্তমানে চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের মতে, নদীর সঙ্গে বাঁধের দূরত্ব এখন মাত্র দুই থেকে আড়াই ফুটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে শহরের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরী হয়েছে। ফলে এলাকার মানুষ দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঝুঁকিপূর্ণ বাঁধের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ মুফিকুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, জেলা প্রশাসনের নাজির মোঃ আশরাফুজ্জামান নাহিদ, এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এবং পরিদর্শনকালে জেলা প্রশাসক ঝুঁকিপূর্ণ বাঁধের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের কাছ থেকে নদীভাঙনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এছাড়া তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ঘাঘট নদীর ভাঙনের ফলে শহররক্ষা বাঁধটি অভূতপূর্ব হুমকির মুখে পড়ে। যদি দ্রুত স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন না করা হয় এবং ঝুঁকিপূর্ণ অংশে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না যায়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন