ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সাভারে কোটি কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম


সাভারে কোটি কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কেন্দ্রস্থলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের কোটি কোটি টাকার বরাদ্দ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একটি অসাধু সিন্ডিকেটের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকি কর্মকর্তাদের হাত ধরে এই বরাদ্দ ভেস্তে যেতে বসেছে। সিডিউল ও নকশাকে উপেক্ষা করে বিভিন্ন স্থানে ২ ও ৩ নম্বর মানহীন ইট ব্যবহার করা হচ্ছে, ঢালাই থেকে রডের ফাঁকি দেওয়া হচ্ছে, এবং কাজ শুরুর আগেই বেআইনিভাবে কোটি টাকার সরকারি কাজ অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে অনুসন্ধান, স্থানীয়দের অভিযোগ এবং উপজেলা প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্টদের সাথে কথা বলে উন্নয়ন কাজের নামে এই নয়ছয় ও অনিয়মের ভয়াবহ চিত্র উঠে এসেছে।

নোয়াড্ডা-মাদারটেক-ঘোরাডিয়া সড়ক :

আরও পড়ুন: ৬৪ কোটি টাকার গড়াই সেতুর নির্মাণকাজ ৬ বছরেও শেষ হয়নি

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ২৩ লাখ ৮৬ হাজার ৫২ টাকা ব্যয়ে ১৫০০ মিটার দৈর্ঘ্যের 'নোয়াড্ডা রোড হয়ে মাদারটেক-ঘোরাডিয়া' সড়কটি ইউনিব্লক দ্বারা উন্নয়নের কাজ পায় এম আর ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে সড়কটিতে গিয়ে দেখা যায়, কাজের সিডিউল অনুযায়ী যেখানে উন্নতমানের ১ নম্বর ইট ব্যবহারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, সেখানে পুরো সড়ক জুড়ে অত্যন্ত নিম্নমানের লালচে-হলুদ ২ নম্বর ও ৩ নম্বর ইট ব্যবহার করা হয়েছে। কাজের মান পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, রোলার দিয়ে সামান্য চাপ দিতেই ইটগুলো ভেঙে গুঁড়ো হয়ে বালুর সাথে মিশে যাচ্ছে। সড়কের আগের পুরাতন ইট প্রতি পিস ১৫ টাকা ধরে ব্যবহার করা হচ্ছে, যেখানে এক নাম্বার ইট পাওয়া যাচ্ছে আরো অনেক কমে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অভিযোগ করে বলেন, "চোখের সামনে এভাবে দুই নম্বর ইট দিয়ে রাস্তা করা হচ্ছে। গাড়ি চললে তিন মাসও এই রাস্তা টিকবে না।"

ফারুক হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়কটির উন্নয়ন করা হচ্ছে, সামান্য বৃষ্টি হলেই আবার ভেঙ্গে যাবে। সড়কের পাশ দিয়ে কোথাও কোথাও ২০ ফুট ২৫ ফুট গভীর খাদ রয়েছে।

আরও পড়ুন: বিজিবির কাছে হস্তান্তরিত হলো বিএসএফের আটক দুই পুলিশ সদস্য

সড়কটির কাজ দেখাশুনার দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, কাজে কোন অনিয়ম হচ্ছে না। ওই সড়কের পুরাতন ইট দিয়েই সড়কটি সংস্কার হচ্ছে। হয়তো ঠিকাদারের কিছু ইট কিনতে হবে। পুরাতন প্রত্যেকটা ইট ১৫ টাকা করে দাম ধরা হয়েছে। রোলার দিয়ে ডলার দেওয়ায় ইট ফাঁকি হয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই একটা খারাপ ইট থাকতে পারে।

কাজের অনিয়মের বিষয়ে জানতে উপজেলা প্রকৌশল অফিস থেকে দেয়া ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ সাকিবের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, এই সড়কটির কাজের অনিয়মের খবর আমি আগেই পেয়েছি। সড়কের আগের পুরাতন ইট দিয়েই কাজ চলছিল। কিন্তু আগের ইটগুলো ছিল তিন নাম্বার। যার কারণে রোলার দিয়ে ডলা দিলেই ফাঁকি হয়ে যাচ্ছে। এছাড়া সড়কের সাইটেও অনেক গভীরতা ১৫ থেকে ২০ ফিটের কম হবে না। বৃষ্টি হলেই সড়কটি ভেঙ্গে পড়ারও আশংকা রয়েছে। তিনি বলেন, সড়কটির কাজ বন্ধ করে দেওয়া হবে।

​কুরগাঁও-গকুলনগর সড়ক :

আরও পড়ুন: বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে নিন্দা জানালেন গোলাম পরওয়ার

একই প্রকল্পের আওতায় ১ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৪২৫ টাকা ব্যয়ে ১৩৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৭ মিটার প্রস্থের 'কুরগাঁও-গকুলনগর' সড়কটি ইউনিব্লক দ্বারা উন্নয়নের দায়িত্ব পায় ডন এন্টারপ্রাইজ।

সরেজমিনে যা দেখা গেছে, সড়কটির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং দুই পাশ যাতে ভেঙে না পড়ে, সেজন্য সিডিউল ও অফিশিয়াল ড্রয়িং-ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট পুরুত্বের ঢালাই (সাইড প্রটেকশন) দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি ড্রয়িংয়ের ধার ধারেনি। সিডিউল তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো অতি নিম্নমানের সিমেন্ট, বালু ও সুরকি দিয়ে নামকাওয়াস্তে প্রটেকশন ওয়াল নির্মাণ করছিল।

সড়কের মারাত্মক নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। একপর্যায়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সরেজমিনে গিয়ে কাজের অনিয়ম ধরে ফেলেন এবং সরাসরি নির্মাণকাজ বন্ধ করে দেন। অনিয়মের সত্যতা পেয়ে পরবর্তীতে উপজেলা প্রকৌশল (এলজিইডি) অফিস থেকে ডন এন্টারপ্রাইজকে লিখিত নোটিশ দেওয়া হয়। নোটিশে এ পর্যন্ত করা নিম্নমানের সম্পূর্ণ অংশ ভেঙে ফেলে নতুন করে সিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের পর থেকে বর্তমানে সড়কটির উন্নয়ন কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওন বলেন, সিডিউল তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো অতি নিম্নমানের সিমেন্ট, বালু, রড কম দিয়ে সড়কের প্রটেকশন ওয়াল নির্মাণ করছিল। পাথর যে গ্রেডের দেওয়ার কথা ছিল সেটিও দেয়নি। আমরা বিষয়টি উপজেলা প্রকৌশলিকে অবহিত করলে তারা এসে কাজ বন্ধ করে দেন এবং নিম্নমানের যে কাজ করেছিল সেটা ভেঙে ফেলা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু জ্বরের টিকা গ্রহণযোগ্য হলে দ্রুত বাংলাদেশে আনা হবে: ডিএসসিসি প্রশাসক

কাজটির তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরপর দুটি চিঠিও দিয়েছি যে কাজ নতুন করে করতে হবে। গত এক সপ্তাহ ধরে কাজটি বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ড্রয়িং- ডিজাইন অনুযায়ী কাজ করেনি, ম্যাটেরিয়ালস কম দিয়েছে তাই কাজ বন্ধ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তদারকির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার এর গাফেলতির কারণেই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজে অনিয়ম করার সুযোগ পেয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজের সুপারভাইজার মোঃ মিজান বলেন, আমরা সঠিকভাবে কাজ করছিলাম। পাথর দুই একটা বড় বড় ছিল। রডের রিং দুই -একটি জায়গায় কম হয়েছিল এই অভিযোগ তুলে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে এবং ভেঙ্গে ফেলেছে। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকজন আমাদের কাছে মালামাল বিক্রি করতে চেয়েছিল আমরা তাদের কাছ থেকে নেইনি। এ কারণেই আমাদের উপর তারা ক্ষুব্ধ। আমাদের লস যা হওয়ার তা তো হয়েছেই। এখন আমাদের কাজের সুযোগ করে দিলে আমরা পুনরায় কাজ করবো তাহলে বন্ধই থাকবে বলেন তিনি।

কুটুরিয়া ৪০ ফিট আরসিসি সড়ক :

আরও পড়ুন: বিরোধী দল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার

সবচেয়ে চাঞ্চল্যকর অনিয়মের চিত্র দেখা গেছে উপজেলা ডেভেলপমেন্ট ফান্ডের (ইউডিএফ) আওতায় নির্মিত 'কুটুরিয়া ৪০ ফিট' সড়কে। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৪০০ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৫ মিটার প্রস্থের এই আরসিসি সড়কটির কাজ পায় গোল্ডেন কনস্ট্রাকশন।

পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট রুলস) অনুযায়ী সরকারি কাজের উপ-চুক্তি বা সাব-লিজ সম্পূর্ণ অবৈধ হলেও, গোল্ডেন কনস্ট্রাকশন কাজ শুরু করার আগেই গোপনে মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে এটি মিথিলা ট্রেডার্স নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়।

নতুন ঠিকাদার মূল খরচের টাকা তুলতে গিয়ে সড়কের বুনিয়াদি শক্তিতেই হাত দিয়েছে। সরেজমিনে স্থানীয়রা দেখান, সড়কের সাব-বেসে ঢালাওভাবে ব্যবহার করা হয়েছে পচা ৩ নম্বর ইট। এছাড়া আরসিসি ঢালাইয়ের ক্ষেত্রে অনুমোদিত ড্রয়িং অনুযায়ী যতটুকু রড দেওয়ার কথা, দেওয়া হচ্ছে তার কম।

এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরাসরি মাঠ পর্যায়ে তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী এস এম সাব্বির হোসেনের মুখোমুখি হয় এই প্রতিবেদক।

আরও পড়ুন: বান্দরবানে তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

সড়কটির কাজের বরাদ্দ, সরকারি সিডিউল ও ড্রয়িং সংক্রান্ত নথিপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। বারবার তথ্যের জন্য চাপ দেওয়া হলে তিনি এক পর্যায়ে অবিশ্বাস্য দাবি করে বলেন, "কাজের ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।"

উপজেলা প্রকৌশল দপ্তরের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরকারি প্রকল্পের ফাইল 'খুঁজে পাচ্ছেন না' বলায় প্রকৌশল দপ্তরের কর্মকর্তা ও অনিয়মকারী ঠিকাদারদের মধ্যকার নীরব যোগসাজশের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় দোকানী শামীম হোসেন বলেন, গার্মেন্টস শিল্পবেষ্টিত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের সড়কগুলোর এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও কারখানা শ্রমিকরা। দীর্ঘদিন পরে সড়কটির উন্নয়ন কাজ শুরু হলেও ব্যাপক অনিয়মের মাধ্যমে কাজ চলছে। রডগুলো দেয়া হয়েছে চিকন। রডের গ্যাপ কোথাও ১০ ইঞ্চি কোথাও এক ফুটেরও বেশি।

স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদাররা চুরি না করলে লাভ করবে কিভাবে।

এসব বিষয়ে জানতে মিথিলা ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকের ভাই কাজ দেখাশোনার দায়িত্বে থাকা ফরহাদ হোসেন বলেন, খোলা থেকে ইট আনার সময় তিন নাম্বার ইট দুই-চারটা আসতেই পারে। আমাকে তো আর ইঞ্জিনিয়ার অফিস থেকে বলে দেয় নাই তিন নাম্বার ইট সরিয়ে রেখে কাজ করার জন্য। রডের গ্যাপ বেশি থাকার বিষয়ে বলেন, গ্যাপ আট ইঞ্চি করে রেখে সব ঠিক করে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি ইঞ্জিনিয়ারকে ম্যাসেজ পাঠিয়ে দিয়েছি লোক পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রকৌশল অফিস থেকে ফাইল গায়েবের বিষয়ে বলেন, কাজের ফাইল না পাওয়ার কিছু নাই, তাছাড়া সব কম্পিউটারেই আছে।

এসব বিষয়ে কথা বলতে এলজিইডির সাভার উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলামের দপ্তরে দুইদিন ঘুরেও তাকে পাওয়া যায়নি। মুঠো ফোনে ফোন করে এসব বিষয়ে জানতে চাইলে পরে সাক্ষাতে কথা বলবেন বলে ফোনটি রেখে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করে যাচ্ছে ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে। তিনি একটি বাংলাদেশ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে ধর্ম-বর্ণ বা পরিচয় মানুষের অধিকার ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান উল্লেখ করেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ-পরিচয় কোনো কিছুই মানুষের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

মতবিনিময় সভায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি-দাওয়া তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী বলেন, সরকার সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। আপনাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। তারা জানান, সরকারের এই সিদ্ধান্তে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বেড়েছে।

মতবিনিময়কালে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবর দান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

বৈঠকে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে তাদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকার বরাদ্দের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ৪ কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় তা বাড়িয়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেন। একইভাবে কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২ কোটি টাকা চেয়েছিল। তাদের জন্যও বিশেষ বিবেচনায় বরাদ্দ বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বরাদ্দের অর্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। উপকারভোগীরা সরাসরি নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ গ্রহণ করতে পারবেন। বরাদ্দ বাড়ানোর জন্য হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, সংসদ সদস্য মিস সুবর্ণ ঠাকুর শিকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি তপন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ উরাঁও, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল চন্দ্র বড়ুয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর ধানক্ষেতে মিলল প্রশান্তের অর্ধগলিত লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


বীরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর ধানক্ষেতে মিলল প্রশান্তের অর্ধগলিত লাশ

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর পুলিশ প্রশান্ত রায় (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রশান্ত রায় ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর প্রশান্ত আর ফিরে আসেনি। তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বুধবার দুপুরে সাবিত্রী নামে এক নারী গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে অর্ধগলিত লাশটি দেখতে পান। এরপর তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য যতিন্দ্রনাথ বীরগঞ্জ থানার পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

প্রশান্তের বাবা রমেশ চন্দ্র রায় জানান, তার ছেলে গত বৃহস্পতিবার নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে তারা অনেক খোঁজাখুঁজি করেছেন। বুধবার দুপুরে ধানক্ষেতে অর্ধগলিত অবস্থায় তার ছেলের লাশ পাওয়া যায়। তিনি মনে করেন, তাকে হত্যার পর ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জিডির ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মৃত্যুর বিষয়টি তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে অটোরিকশার চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (প্রতিনিধি)

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


ভৈরবে অটোরিকশার চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৫০) নামের এক চালক নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার শিমুলকান্দী ইউনিয়নের তুলাকান্দী গ্রামের পাভেল মিয়ার অটোরিকশার গ্যারেজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন এবং এর মাধ্যমেই তার সংসার চলত। তার পরিবারে তিনটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আকবর আলী তার নববিবাহিত মেয়ের ফিরাযাত্রা (বিদায়) অনুষ্ঠান শেষে তুলাকান্দী এলাকায় পাভেল মিয়ার গ্যারেজ থেকে নিজের অটোরিকশা আনতে যান। রিকশা নিয়ে আসার সময় চার্জের লাইন খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন আক্কাছ আলী বলেন, বিকালে তুলাকান্দী গ্যারেজ থেকে ফোনে জানানো হয় আকবর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, যেন দ্রুত হাসপাতালে আসি। হাসপাতালে এসে জানতে পারি সে মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম নেভী জানান, বিকেলে আকবর আলী নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং

পৌরসভার কর্মচারী, অথচ তাঁর সঙ্গেই টাকা-পয়সার লেনদেন না করতে মাইকিং করছে খোদ পৌরসভা! এমন ঘটনায় ভাণ্ডারিয়ায় শুরু হয়েছে বেশ আলোচনা-সমালোচনা। ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাসিবুল হাসানের নির্দেশনা ও অনুরোধক্রমে বুধবার (৭ অক্টোবর) দিনভর এ সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।

হোল্ডিং নম্বর দেওয়ার নামে পৌরসভার রসিদ ছাড়াই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ভাণ্ডারিয়া পৌরসভার সহকারী কর নির্ধারক মোঃ তাইয়্যেবুর রহমান রনির বিরুদ্ধে। আর সেই অভিযোগের পর সাধারণ মানুষকে সতর্ক করতে পৌরসভার পক্ষ থেকেই শহরজুড়ে মাইকিং করে বলা হচ্ছে রনির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না!

রনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের বাবুল মুহুরির ছেলে। অভিযোগ রয়েছে, হোল্ডিং নম্বর দেওয়ার কথা বলে তিনি কয়েকজনের কাছ থেকে পৌরসভার নির্ধারিত রসিদ ছাড়াই অর্থ নিয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হলে নড়েচড়ে বসে পৌরসভা।

এরপরই মাইকিং করে দেওয়া হয় সতর্কবার্তা। সেখানে বলা হয়, পৌরসভার যেকোনো সেবা নিতে হলে নির্ধারিত রসিদ ছাড়া কাউকে কোনো টাকা দেওয়া যাবে না।

স্থানীয়দের কেউ কেউ রসিকতা করে বলছেন, এতদিন মানুষ সাধারণত বাইরের প্রতারক থেকে সাবধান থাকার পরামর্শ শুনেছে। এবার নিজের পৌরসভার কর্মচারীর সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও মাইকিং শুনে সাবধান হতে হচ্ছে। তবে হাস্যরসের আড়ালে বিষয়টি নিয়ে তাদের উদ্বেগও কম নয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পৌরসভার আর্থিক লেনদেনে আরও কঠোর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। এতে সাধারণ মানুষও পৌরসভার সেবা নিতে গিয়ে টাকা দেওয়া-নেওয়ার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন।


পৌরসভার নিজের কর্মচারীর বিরুদ্ধেই যখন পৌরসভাকে মাইক হাতে নামতে হয়, তখন ভাণ্ডারিয়ার মানুষের মুখে একটাই প্রশ্ন হোল্ডিং নম্বর নিতে গিয়ে আগে রসিদ, নাকি আগে সাবধানতা?

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%