ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব


ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : রাজধানী ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশের চলচ্চিত্রের গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।

‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসবের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসব উপলক্ষে দেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহগুলোকে ঢাকার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট পর্যন্ত মধুমিতা হলে দর্শকদের জন্য বিনামূল্যে বাংলাদেশের বিভিন্ন সময়ের ১৪টি উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

আরও পড়ুন: নড়াইলে ‘ড. রাফি-বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও চারা বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ডিএসসিসির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসবের প্রভাব সুদূরপ্রসারী। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে চলচ্চিত্রের যে নিবিড় সম্পর্ক রয়েছে, এ ধরনের আয়োজনের মাধ্যমে তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সম্ভব।

দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, একসময় সারা দেশে সাড়ে আটশোর বেশি সিনেমা হল চালু থাকলেও বর্তমানে এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ডিজিটাল যুগে স্মার্টফোন ও আধুনিক মাল্টিমিডিয়ার সহজলভ্যতায় দর্শকদের রুচি ও চলচ্চিত্র দেখার ধরনেও বড় পরিবর্তন এসেছে। তাই দর্শকদের রুচি ও চাহিদা বিবেচনায় নিয়ে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি চলচ্চিত্র শিল্পের বিকাশে সরকারের প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপরও গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে পুনরায় গতিশীল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করবে।

আরও পড়ুন: নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শন ও প্রেক্ষাগৃহ সংস্কৃতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দর্শকদের ভালো সিনেমা উপহার দিতে পারলে বাংলাদেশের চলচ্চিত্রেও আবার সুদিন ফিরে আসবে। সম্মাননা প্রদান এবং বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনের মতো উদ্যোগ নেওয়ায় তিনি ডিএসসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে চলচ্চিত্রের গভীর সম্পর্ক রয়েছে। চলচ্চিত্রের মাধ্যমে একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, আন্দোলন-সংগ্রাম ও মানুষের জীবনযাত্রাকে প্রজন্মের পর প্রজন্ম তুলে ধরা সম্ভব।

তিনি বলেন, চলচ্চিত্র ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস যথাযথভাবে চিত্রায়িত করা সম্ভব নয়। রাজধানী হিসেবে ঢাকা বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নগরী। এ শহরের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরতেই ডিএসসিসি এ উৎসবের আয়োজন করেছে।

আরও পড়ুন: রৌমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যসহ ৫ জন নিহত

ডিএসসিসি প্রশাসক নগরবাসীকে আগামী সাত দিন পরিবার-পরিজন ও প্রিয়জনদের নিয়ে মধুমিতা হলে এসে বিনামূল্যে চলচ্চিত্র উপভোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তি শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুজাতা আজিম, সুচন্দা, আনোয়ারা, ববিতা, নূতন, চম্পা ও শাবনাজ; অভিনেতা উজ্জ্বল, সোহেল রানা, আলমগীর, খাজা নাঈম মুরাদ ও আজাদ রহমান শাকিল।

এ ছাড়া গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান ও মনিরুজ্জামান মনির, সংগীতশিল্পী খুরশিদ আলম ও আবিদা সুলতানা, সংগীত পরিচালক শেখ সাদী খান ও শওকত আলী ইমন, চিত্রগ্রাহক রেজা লতিফ ও শফিকুল ইসলাম স্বপন এবং চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, হাফিজ উদ্দীন, দেলোয়ার জাহান ঝন্টু, মতিন রহমান, সাইদুর রহমান সাঈদ ও আওকাত হোসেন সম্মাননা পেয়েছেন।

মরণোত্তর সম্মাননা পেয়েছেন দেশের চলচ্চিত্রের পথিকৃৎ পরিচালক আব্দুল জব্বার খান, নাজির আহমেদ, খান আতাউন রহমান, জহির রায়হান, এহতেশাম, মুস্তাফিজ, আমজাদ হোসেন, সুভাষ দত্ত, দিলীপ বিশ্বাস ও চাষী নজরুল ইসলামসহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে ইউএস-বাংলার প্রথম বোর্ডিং ব্রিজ

এ ছাড়া অভিনেতা আবদুল মতিন, খলিল উল্লাহ খান, নায়করাজ রাজ্জাক, রোজী আফসারী, খান জয়নুল, প্রবীর মিত্র ও বুলবুল আহমেদ; গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সংগীত পরিচালক আনোয়ার পারভেজ ও আলাউদ্দীন আলী; সংগীতশিল্পী আজম খান ও এন্ড্রু কিশোর এবং চিত্রগ্রাহক আফজাল চৌধুরী ও এম. এ. সামাদকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।

চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্য চিন্ময় মুৎসুদ্দী, রফিকুজ্জামান, অনুপম হায়াৎ, মাহমুদা চৌধুরী ও আবদুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ঢাকার চলচ্চিত্র সংস্কৃতির ইতিহাসের সঙ্গে যুক্ত ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল, আজাদ সিনেমা হল ও মধুমিতা সিনেমা হলকেও বিশেষ সম্মাননা জানানো হয়।

বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনী :

উৎসবের আওতায় মধুমিতা হলে প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় দুটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সর্বসাধারণের জন্য এসব প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: খুলনায় ৯৬৬টি মণ্ডপে বৈচিত্র্যময় থিম ও দৃষ্টিনন্দন প্রতিমা

২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘মুখ ও মুখোশ’।

২৩ আগস্ট বিকেল ৩টায় ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ প্রদর্শিত হবে।

২৪ আগস্ট বিকেল ৩টায় ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’ প্রদর্শিত হবে।

২৫ আগস্ট বিকেল ৩টায় ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’ প্রদর্শিত হবে।

আরও পড়ুন: গাজীপুরবাসীর ১৪ বছরের অপেক্ষা, দ্রুত বিআরটি চালুর দাবি

২৬ আগস্ট বিকেল ৩টায় ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’ প্রদর্শিত হবে।

২৭ আগস্ট বিকেল ৩টায় ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় ‘দহন’ প্রদর্শিত হবে।

উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় ‘বধু বিদায়’ প্রদর্শিত হবে।

ডিএসসিসি জানিয়েছে, ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসবের মাধ্যমে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নগরবাসীর মধ্যে নিজের শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে। একটি উদার, আধুনিক ও সংস্কৃতিবান্ধব ঢাকা বিনির্মাণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের যুবক রাজু আহমেদ লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। হতদরিদ্র এই পরিবারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন রাজু আহমেদের বাড়িতে গেলে তিনি রাজুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয় বিভিন্ন মাধ্যমে রাজু আহমেদ অসুস্থতার বিষয়টি জানতে পারেন সমাজসেবা কর্মকর্তা। পরিবার সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা তাদের পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি জানার পর জামাল হোসেন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

এ সময় তিনি রাজু আহমেদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। জামাল হোসেন জানান, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে রাজুর চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হচ্ছে।

রাজুর পরিবারের সঙ্গে কথা বলে সমাজসেবা কর্মকর্তা আরও জানতে পারেন, রাজুর বড় ছেলে একজন মেধাবী শিক্ষার্থী। বাবার অসুস্থতার কারণে পরিবারের আর্থিক সংকট তৈরি হওয়ায় তার লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম রয়েছে।

জামাল হোসেন বলেন, অর্থের অভাবে রাজু আহমেদের ছেলের লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়েও তিনি সহযোগিতার চেষ্টা করবেন। একই সঙ্গে রাজুর চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে সম্ভাব্য আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

রাজুর পরিবার তাদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছে। তাদের আশা, সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে রাজু আহমেদের চিকিৎসা সম্ভব হবে এবং তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন, ১২০০ ফুট পাইপ ও ৯ শ্যালো মেশিন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন, ১২০০ ফুট পাইপ ও ৯ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রাম, ২২ আগস্ট, ২০২৬ : জেলার মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের অংশ হিসেবে ১ হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে, একইসঙ্গে উত্তোলিত বালুও জব্দ করা হয়েছে।

আজ শনিবার উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় অভিযানটি পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের অভিযানে নেতৃত্ব দেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, "অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযানে সহযোগিতা করেছেন জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ শাহ আলম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ শাহ আলম গ্রেফতার

শনিবার ২২ আগস্ট পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মোঃ শাহ আলম (তুষার) (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শাহ আলম (তুষার) পাকশী বাজারপাড়া এলাকার বাসিন্দা হয়ে থাকেন। তিনি মৃত আলাউদ্দিনের ছেলে।

জানা যায়, ২২ আগস্ট রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, ঈশ্বরদী থানাধীন সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি পুলিশের একটি দল রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানোর পর তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানা গেছে।

উদ্ধারকৃত ইয়াবা যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানাচ্ছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি গোলাম জিলানী ও সম্পাদক আব্দুল কাদির

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


মধ্যনগর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি গোলাম জিলানী ও সম্পাদক আব্দুল কাদির

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের সমিতির একটি নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী সভাপতি হিসেবে এবং গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা (মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজ), সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (নোয়াগাঁও দাখিল মাদ্রাসা), সহ-সাধারণ সম্পাদক নিউটন তালুকদার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একতা উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক সাবমেরিন আহমেদ (লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক সাজল মিয়া (আবিদনগর উচ্চ বিদ্যালয়) এবং কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়)।

নবগঠিত সভাপতি সহকারী অধ্যাপক গোলাম জিলানী বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

গণমাধ্যমের সঙ্গে সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেছিলেন, “শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও ঐক্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চাই।”

আজ শনিবার (২২ আগস্ট) মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উক্ত সমিতির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আশরাফুজ্জামান এবং গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক মাখন মহানায়ক। সভায় বক্তব্য দেন মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, বলরামপুর মাদ্রাসার শিক্ষক হিরণ মিয়া, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হিমেল মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়।

নবগঠিত সভাপতি সহকারী অধ্যাপক গোলাম জিলানী বলেন, “শিক্ষক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, “শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরব। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও ঐক্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চাই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%