০৯:১১ পি.এম
কক্সবাজারের বিদ্যালয়গুলোতে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব, মতামত প্রকাশ ও অন্যান্য সক্ষমতা বিকাশে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। এই চিত্রটি আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়িত ‘প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন (জিইএসআই)’ প্রকল্পের সমাপনী মূল্যায়নে উঠে এসেছে।
বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজার শহরের হোটেল বিচ ওয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রকল্পের সমাপনী মূল্যায়নের (এন্ডলাইন ইভ্যালুয়েশন) ফলাফল উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান। সভায় মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সভায় প্রকল্প ব্যবস্থাপক সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম প্রকল্পের লক্ষ্য, উল্লেখযোগ্য কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, কক্সবাজার জেলার পাঁচটি উপজেলার আটটি বিদ্যালয়ে লাইক ক্লাব (LIKE Club—Learning Innovation & Knowledge Exchange Club) গঠন করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে ২৯টি কার্যক্রম পরিচালিত হয়েছে।
আরও পড়ুন: চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মীর শরীফ দ্বিতীয়বারের মতো
ক্লাবের কার্যক্রমের মধ্যে শিক্ষার্থীদের উদ্যোগে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন সহশিক্ষামূলক আয়োজন বিশেষ সাড়া ফেলেছে। শিক্ষকদের প্রশিক্ষণ, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
পরে প্রকল্পের গবেষণা সহযোগী মো. জহুরুল ইসলাম সমাপনী মূল্যায়নের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। তিনি বেসলাইন ও এন্ডলাইন গবেষণার তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সহশিক্ষামূলক ও সক্ষমতাভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ ও প্রাপ্যতায় ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশেষ করে, শিক্ষার্থীদের ১৬টি সক্ষমতার প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক—সব পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যেই ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে এ পরিবর্তন তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান। ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীর মধ্যেই বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ, শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস, নিজস্ব মতামত প্রকাশসহ বিভিন্ন সক্ষমতার ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা গেছে।
গবেষণা উপস্থাপনায় বলা হয়, বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি ও সামগ্রিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকল্পের আওতায় কার্যক্রম পরিচালিত আটটি বিদ্যালয় হলো—রামুর উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার সদরের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামুর চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালীর ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উখিয়ার ইনানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু খিজারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়।
আরও পড়ুন: সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায়: সমাজকল্যাণ মন্ত্রী
সভায় উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা প্রকল্পের অর্জন, বাস্তবায়নের অভিজ্ঞতা এবং সফল কার্যক্রমগুলো ভবিষ্যতে কীভাবে অব্যাহত ও সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে মতামত ও পরামর্শ দেন। প্রকল্পের ইতিবাচক উদ্যোগগুলো টেকসই করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক, স্থানীয় অংশীজন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন