১০:৩৭ এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম আদিবা, যা কিশোরগঞ্জের নিকলী উপজেলার গৌরীপুর গ্রামের ট্রাকচালক মো. মোখলেস হোসেনের মেয়ে। তাদের পরিবার বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বসবাস করছে।
নিহত আদিবার স্বজন মো. জুম্মন জানিয়েছেন, বিকেলের সময় বাসার সামনে তার বড় বোন ফাতিমার সঙ্গে খেলছিল আদিবা। একপর্যায়ে সে হঠাৎ রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে আদিবার বড় বোন বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খবর দিলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে শিশুটির স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর উপস্থিত অনেকেই ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল এবং অনভিজ্ঞ চালকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, অনেক চালকেরই প্রয়োজনীয় প্রশিক্ষণ বা সড়ক নিরাপত্তা বিষয়ে ন্যূনতম ধারণা নেই। তারা ট্রাফিক আইন না জেনেই ব্যস্ত সড়কে যানবাহন চালাচ্ছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধুমাত্র ঢাকা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও প্রায় প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এ ধরনের দুর্ঘটনায় শিশু এবং বয়স্ক উভয় বয়সী মানুষই হতাহত হচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন