ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

“চাঁপাইনবাবগঞ্জের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত”


“চাঁপাইনবাবগঞ্জের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত”

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। বুধবার (১৭ জুন) সকালে তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী সোনামসজিদ পরিদর্শন করেন।

রাষ্ট্রদূত পরিদর্শনকালে সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া, তিনি সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়। তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উচ্ছ্বসিত কানাডার প্রধানমন্ত্রী, বললেন ‘গেমচেঞ্জার’”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


“ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উচ্ছ্বসিত কানাডার প্রধানমন্ত্রী, বললেন ‘গেমচেঞ্জার’”

কানাডার প্রধানমন্ত্রী মার্চ কার্নি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে একটি বড় ধরনের যুগান্তকারী পরিবর্তন বা ‘গেমচেঞ্জার’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এই চুক্তি বাস্তবায়নে তার দেশ পূর্ণ সমর্থন দেবে।

চলমান জি-৭ সম্মেলনের ফাঁকে সিএনএন-এর সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তিতে তারা অত্যন্ত সন্তুষ্ট। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই চুক্তি মূলত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়টি নিশ্চিত করার ভিত্তি স্থাপন করবে। এর পাশাপাশি, এই চুক্তি সময়ের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের অর্থনীতি পুনর্গঠন এবং লেবানন সংকটের একটি স্থায়ী সমাধানের পথ তৈরি করবে, যা একটি ইতিবাচক ভূমিকা পালন করবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই চুক্তিটি এখনো জনসমক্ষে প্রকাশ না করলেও, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের কাছাকাছি সময়ে তা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কানাডার প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, তিনি ইতোমধ্যেই চুক্তির খসড়াটি দেখেছেন এবং চলতি সপ্তাহের সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য বিশ্বনেতাদের মতো তিনিও এতে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। আলোচনা প্রক্রিয়ায় সরাসরি যুক্ত না থাকা কোনো বিশ্বনেতার কাছ থেকে চুক্তিটি নিয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক মূল্যায়ন।

চুক্তির বিস্তারিত সম্পর্কে মার্ক কার্নি জানান, এতে আগামী ৬০ দিনের জন্য একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এবং বেশ কিছু শর্তসহ সেগুলো পূরণ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। চুক্তিটি মেনে চলতে এবং আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে ইরানের জন্য একটি ‘বড় ধরনের আর্থিক প্রণোদনার’ ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সকল পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, মাইন অপসারণে সহায়তা করা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় ক্ষোভ প্রধানমন্ত্রীর”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


“খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় ক্ষোভ প্রধানমন্ত্রীর”

সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য যেভাবে অর্থ বরাদ্দ রেখে বাজেট তৈরি করা হয়েছে, সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর এবং গণবিরোধী হিসেবে আখ্যা দেন, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের প্রচার সিলেটের মাটি থেকে শুরু হয়েছিল। হবিগঞ্জে আমি ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

তিনি উল্লেখ করেন, মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে না পারলে সেটা সম্ভব নয়। তাই আমি ফ্যামিলি কার্ডের কথা বলেছি যা নির্বাচনের পরে এক মাস যাওয়ার আগেই বাস্তবায়ন শুরু করেছে সরকার। আমি মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করি এই সরকার।

তিনি আরও বলেন, কিন্তু কয়েকদিন ধরে পত্রিকাগুলো দেখুন। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসা সহ অনেক ক্ষেত্রে বরাদ্দ রেখেছে সরকার। যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, অনেকে সেই বাজেট পছন্দ করেননি। কিছু মানুষের মতে, সেই বাজেট নাকি চানাচুরের মতো। যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে তারা চানাচুর এবং গণবিরোধী বলে।

তিনি আবারও বলেন, যে বাজেটে ৬০টি পণ্যের শুল্ক তুলে নেয়া হয়েছে, সেটিকে যারা গণবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। সকলকে সচেতন হতে হবে। যারা এসব কাজে বাধা দেবে, তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

সরকারের পরিকল্পনা সফল করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না কেউ। আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পরে মিলেমিশে কারা দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংসের দিকে নিয়ে গেছে।

বিভিন্ন সময়ে অনেকেই বিদেশে পালিয়ে গেছে, এ বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়া কখনো জনগণকে ছেড়ে যাননি। এ দেশের আমাদের শেষ ঠিকানা। যারা বিভ্রান্ত করতে চায়, তারা প্রশ্ন তোলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা কোথা থেকে আসবে? জনগণের টাকা জনগণকে ফেরত দেয়া হবে। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। জনগণের টাকা দিয়ে দেশের কল্যাণে ব্যয় করা হবে। টাকার অভাব হবে না। যারা টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

নোয়াখালীর সেনবাগে একটি বিদ্যালয়ের ক্যাম্পাসে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিন কিশোরকে থানায় সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ছাত্রীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

থানায় সোপর্দ করা তিন কিশোর হলেন, কাদরা ইউনিয়নের খলিফা পাড়ার মো.সোলেমানের ছেলে মেহেদী হাসান দুলাল (১৮), একই এলাকার নুরুজ্জামানের ছেলে আবু ইউসুফ ফাহিম (১৮) এবং সেনবাগ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাতানিয়া মিজি বাড়ির শহীদুল ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম (১৮)। অপরদিকে বহিষ্কৃত দুই ছাত্রী হলেন, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সমিতা ইসলাম (১৪) ও সুমাইয়া আক্তার প্রীতি (১৪)।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে বহিরাগত দুলাল, ফাহিম ও মাহফুজুল বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তারা অষ্টম শ্রেণির দুই ছাত্রীর কাছে চকলেট দেন, যার গায়ে ‘আই লাভ ইউ’ লেখা ছিল। বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের নজরে এলে তারা তিন কিশোর ও দুই ছাত্রীকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। পরে প্রধান শিক্ষক তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তিন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করে এবং দুই ছাত্রীকে বহিষ্কার করে।

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল বলেন, শিক্ষার্থীরা তাদের আটক করে আমার অফিসে নিয়ে আসে। আমি অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু তারা অভিভাবকদের নম্বর দিতে রাজি হয়নি। পরে বহিরাগত তিনজনকে থানায় সোপর্দ করা হয়। এছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, “বর্তমানে এলাকার অনেক শিক্ষার্থী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে আড্ডা দেয় এবং কেউ কেউ মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, বিদ্যালয়ে তাদের আটক করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ

ভার্সাই প্রাসাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলন শেষ করছেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

মঙ্গলবার এবং বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা করবেন জি-৭ নেতারা। সম্মেলনের শেষ দিনে এ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পাবে।

সবশেষে, ইমানুয়েল মাখোঁ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন। ফ্রান্সের এভিয়ান থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদটি প্রকাশ করেছে।

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের নেতাদের তিন দিনের এ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ইরান যুদ্ধ অবসানে ট্রাম্পের চুক্তি এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়ানোর উদ্যোগ।

তবে বুধবারের আলোচনায় ডিজিটাল নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জি-৭-এর কয়েকটি ইউরোপীয় সদস্য দেশ অনলাইন নিরাপত্তা জোরদার করার পক্ষে মত দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিন নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বক্তৃতা দেবেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অপেন এআই-এর প্রধান স্যাম অল্টম্যান, অ্যানথ্রোপিক-এর প্রধান ড্যারিও অমোদেই এবং ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মিস্ট্রাল এআই এসএএস-এর আর্থার মেনশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সোমবার ঘোষণা করেছেন, যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফ্রান্সও একই ধরনের পদক্ষেপ নিয়ে আলোচনা করছে।

সম্মেলন শুরুর আগে, ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে মাখোঁ জি-৭ আলোচনা সম্পর্কিত বলেন, ‘সাইবার নিরাপত্তা উন্নত করার কৌশল এবং আমাদের শিশু ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখার’ বিষয়গুলো গুরুত্ব পাবে।

বুধবার বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর চূড়ান্ত আলোচনা বাকী রয়েছে। সাতটি দেশ মধ্যপ্রাচ্য ও ইউক্রেন বিষয়ে যৌথ চূড়ান্ত বিবৃতিতে একমত হওয়ার চেষ্টা করছে। এরপর গ্রিনিচ সময় দুপুর ১টা থেকে নেতারা পৃথক সংবাদ সম্মেলনে বক্তৃতা দেবেন।

হ্রদ তীরবর্তী অবকাশকেন্দ্র এভিয়ানে অনুষ্ঠিত পুরো সম্মেলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প। ফরাসি কর্মকর্তারা সন্তুষ্ট যে, তিনি পুরো সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে, তিনি কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলেন।

এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে, মাখোঁ সম্মেলন শেষে বুধবার বিকেলে প্যারিসের বাইরের ভার্সাই প্রাসাদে ট্রাম্পকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার ট্রাম্প জানান, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

তিনি উল্লেখ করেন, ফ্রান্সের ‘সূর্য রাজা’ চতুর্দশ লুইয়ের প্রাসাদ ভার্সাই ‘সোনার প্রলেপ নয়’, বরং ‘আসল জিনিস।’

অন্যদিকে, ট্রাম্পকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য মাখোঁ আগেই বলেছেন, ভার্সাইয়ের এই আয়োজন কোনো ‘গালা ডিনার’ নয়।

-ইরান ও ইউক্রেন ইস্যুতে আলোচনা-

সম্মেলনে ইরান অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে ট্রাম্পের যে চুক্তি শুক্রবার সুইজারল্যান্ডে সই হওয়ার কথা, সে সম্পর্কে ভাইস প্রেসিডেন্টগুলি ট্রাম্পকে বিভিন্ন প্রশ্ন করার জন্য আগ্রহী।

ট্রাম্প বলেন, চুক্তির পর ইরানে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের ‘কোন বাধ্যবাধকতা’ নেই।

তিনি বলেন, মূল লক্ষ্য হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আর যদি তা করে, তাহলে দেশটির ওপর ‘ভয়াবহ পরিণতি নেমে আসবে।’

ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, রাশিয়ার উচিত ‘একটি সমঝোতায় পৌঁছানো।’ একই সাথে, তিনি ইঙ্গিত দিয়েছেন যে, স্থগিত থাকা নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর করার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি তুলনামূলক সমালোচনামুখর অবস্থান নিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, লেবাননের বিষয়ে নেতানিয়াহুর আরও দায়িত্বশীল হওয়া উচিত।

তার মতে, সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযান ‘অতিরিক্ত দীর্ঘ হয়ে গেছে’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%