ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা কারাগারে


সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা কারাগারে

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী এবং রাজনৈতিক সচিব হাসনাত হোসেনসহ দুজনকে আদালত কারাগারে পাঠিয়েছে।

এরা ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি। বুধবার (১০ জুন) দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারকেরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

হাসনাত হোসেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত মকবুল হোসেনের ছেলে। পূর্ববর্তী ঘটনাক্রমে ওই বছরের ১৬ আগস্ট জগন্নাথপুর উপজেলা মীরপুর ইউনিয়ন বিএনপির অফিস পুড়িয়ে দেওয়ার মামলার ২নং আসামি রেজাউল করিম রিজুকেও কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-ইউনিফর্ম তুলে দিলেন এমপি মজিবর রহমান সরোয়ার

আজ দুপুরে আদালতে উপস্থিত হয়ে রেজাউল করিম রিজু জামিন চাইলে জগন্নাথপুর জোনের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মোজাম্মেল হোসেন আদালতের আদেশটির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ হওয়া দোয়ারাবাজারের জহুরের ভাই হাফিজ আহমেদের করা দ্রুত বিচার আইনের মামলার নামোল্লিখিত ৯৯ জনের মধ্যে হাসনাত হোসেন ৪৯ নম্বর আসামি। এই মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা ২০০। ইতোমধ্যে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কয়েকদিন কারাভোগ করার পর আদালতের মাধ্যমে জামিন পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একজন মুসলিম যুবকের আইডল কে হওয়া উচিত?

আন্তর্জাতিক ডেস্ক

আবদুল আজিজ মুহাম্মাদ

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


একজন মুসলিম যুবকের আইডল কে হওয়া উচিত?

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আদর্শিক সংকটগুলোর একটি হলো যুবসমাজ কাকে অনুসরণ করবে? প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম ও বৈশ্বিক বিনোদন সংস্কৃতির বিস্তারের ফলে আজকের তরুণদের সামনে অসংখ্য আইডল উপস্থিত। ফুটবল তারকা, সিনেমার অভিনেতা-অভিনেত্রী, টিকটক সেলিব্রিটি কিংবা পশ্চিমা সংস্কৃতির জনপ্রিয় মুখগুলো আজ অনেক যুবকের চিন্তা, রুচি ও জীবনযাপনের মানদণ্ড হিসেবে আবির্ভূত হয়েছে।

তাদের পোশাক, চুলের স্টাইল, কথাবার্তা, জীবনধারা এমনকি ব্যক্তিগত সম্পর্ক পর্যন্ত অনুকরণ করা হচ্ছে অন্ধভাবে। সফলতার সংজ্ঞাও যেন বদলে গেছে, ভাইরাল হওয়া, জনপ্রিয় হওয়া এবং বিলাসী জীবনযাপন করাই যেন জীবনের চূড়ান্ত লক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে।

কিন্তু মুসলিম যুবকদের সামনে কি আদর্শের অভাব রয়েছে? ইসলাম ইতিহাস খুলে দেখলে আমরা এমন সব তরুণের সন্ধান পাই, যাদের চরিত্র, ত্যাগ ও আদর্শ মানবসভ্যতার জন্য আজও উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের মধ্যে অন্যতম হলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু।

তিনি ছিলেন মক্কার অন্যতম ধনী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সৌন্দর্য, আভিজাত্য ও বিলাসিতার কারণে পুরো মক্কায় তিনি ছিলেন বিশেষভাবে পরিচিত। ইতিহাসবিদ ইবনে সাদ তাঁর আত-তাবাকাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেন, মক্কার যুবকদের মধ্যে মুসআবের চেয়ে অধিক বিলাসী এবং সৌন্দর্যসচেতন যুবক আর ছিল না। দামী পোশাক, উন্নত সুগন্ধি ও রাজকীয় জীবনযাপন ছিল তাঁর প্রতিদিনের নিত্যসঙ্গী।

কিন্তু যখন তাঁর হৃদয়ে কুরআনের আলো প্রবেশ করল, তখন তাঁর জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে গেল। তিনি বুঝতে পারলেন, দুনিয়ার চাকচিক্য ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টিই চিরস্থায়ী সফলতা।

ইসলাম গ্রহণের কারণে তাঁকে ভয়াবহ পারিবারিক নির্যাতনের মুখোমুখি হতে হয়। তাঁর মা, যিনি ছিলেন অত্যন্ত ধনী ও প্রভাবশালী নারী, ইসলাম গ্রহণ করার কারণে তাঁকে ঘরে বন্দি করে রাখেন। আরাম আয়েশ, সম্পদ ও স্বাধীনতা সবকিছু থেকে বঞ্চিত করা হয় তাঁকে। অথচ এই কষ্ট তাঁর ঈমানকে দুর্বল করেনি; বরং আরও দৃঢ় করেছে।

একসময় যিনি রেশম ছাড়া পোশাক পরতেন না, পরবর্তীতে তাঁকে ছেঁড়া কাপড়ে দেখা গেছে। সাহাবিরা তাঁর পূর্ববর্তী ও পরবর্তী জীবনের পার্থক্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়তেন।

কিন্তু ইসলামের ইতিহাসে তাঁর সবচেয়ে বড় পরিচয় কেবল আত্মত্যাগ নয়; বরং তিনি ছিলেন ইসলামের প্রথম দাঈদের একজন। মহানবী সা. তাঁকে মদিনায় পাঠিয়েছিলেন মানুষকে কুরআন শেখানোর জন্য। তাঁর দাওয়াত, প্রজ্ঞা ও উত্তম চরিত্রের মাধ্যমে মদিনার বহু মানুষ ইসলাম গ্রহণ করে। পরে সেই মদিনাই ইসলামী রাষ্ট্র ও সভ্যতার কেন্দ্রভূমিতে পরিণত হয়।

আল্লাহ তাআলা কুরআনে বলেন, "মুমিনদের মধ্যে কিছু লোক এমন আছে, যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে।” (সূরা আল-আহযাব: ২৩) মুসআব রা.-এর জীবন ছিল এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি।

উহুদের যুদ্ধে তিনি ইসলামের পতাকা বহন করছিলেন। এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করেন। সহিহ বুখারির বর্ণনায় এসেছে, তাঁর কাফনের কাপড় এত ছোট ছিল যে মাথা ঢাকলে পা বের হয়ে যেত, আর পা ঢাকলে মাথা বের হয়ে যেত।

ভাবা যায় যে যুবকের একসময়কার পোশাকের মূল্য দিয়ে বহু গরিব মানুষের সংসার চলতে পারত, মৃত্যুর সময় তাঁর পূর্ণ কাফনের কাপড়ও ছিল না! কিন্তু তিনি দুনিয়া হারিয়ে আখিরাত অর্জন করেছিলেন।

আজকের বাস্তবতার সঙ্গে এই ইতিহাসের তুলনা করলে দেখা যায় একজন ভয়ংকর চিত্র সামনে আসে। বর্তমান সময়ের বহু তরুণ রাত কাটাচ্ছে মোবাইল স্ক্রিনে, ভার্চুয়াল বিনোদনে এবং ক্ষণস্থায়ী জনপ্রিয়তার পেছনে। অথচ সাহাবিদের যুবক জীবন ছিল জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত।

বিশ্লেষকরা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত প্রভাব তরুণদের মধ্যে এক ধরনের “সেলিব্রিটি সংস্কৃতি” তৈরি করেছে, যেখানে নৈতিকতা ও চরিত্রের চেয়ে বাহ্যিক চাকচিক্য অধিক গুরুত্ব পাচ্ছে। এর ফলে অনেক তরুণ ধীরে ধীরে আত্মিক উন্নয়ন ও আদর্শিক চেতনা থেকে দূরে সরে যাচ্ছে।

রসুলুল্লাহ সা. বলেছেন, "মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর প্রতিষ্ঠিত থাকে; তাই সে কার সঙ্গে বন্ধুত্ব করছে, তা যেন লক্ষ্য করে।” (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৩৩)

এই হাদিস কেবল বন্ধুত্ব নয়, অনুসরণ ও আদর্শ গ্রহণের ক্ষেত্রেও গভীর তাৎপর্য বহন করে। কারণ মানুষ যাকে অনুসরণ করে, ধীরে ধীরে তাঁর চিন্তা ও চরিত্রও তেমন হয়ে ওঠে। আজ মুসলিম যুবকদের নতুনভাবে ভাবতে হবে আমাদের আদর্শ কারা? যে মানুষ আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, নাকি যে মানুষ আমাদের জান্নাতের পথ দেখায়?

সময়ের দাবি হলো যুবসমাজ আবার সাহাবিদের জীবনী পড়ুক, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক, জ্ঞান ও চরিত্র গঠনে মনোযোগী হোক। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, একজন আদর্শবান তরুণ পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। মুসআব ইবনে উমাইর রা. তার উজ্জ্বল প্রমাণ।

লেখক: আবদুল আজিজ মুহাম্মাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রান্তীয় ঝড় ‘ক্রিস্টিনা’ ধেয়ে আসায় সতর্ক মধ্য আমেরিকার ৪টি দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ক্রান্তীয় ঝড় ‘ক্রিস্টিনা’ ধেয়ে আসায় সতর্ক মধ্য আমেরিকার ৪টি দেশ

মধ্য আমেরিকার চারটি দেশ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ ক্রান্তীয় ঝড় ‘ক্রিস্টিনা’ উপকূলের দিকে ধেয়ে আসছে। প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় মঙ্গলবার বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মিয়ামিভিত্তিক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) মঙ্গলবার ভোরে জানায়, ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগের স্থায়ী বাতাস নিয়ে ক্রিস্টিনা মধ্য আমেরিকার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

সান সালভাদর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এনএইচসি জানায়, ঘণ্টায় ছয় কিলোমিটার গতিতে উত্তরমুখী ঝড়টি বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাদর ও গুয়াতেমালার উপকূলীয় এলাকায় ১০ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ৩০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এক বুলেটিনে এনএইচসি সতর্ক করে বলেছে, ‘এই বৃষ্টিপাত প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের কারণ হতে পারে। বিশেষ করে পাহাড়ি ও খাড়া ঢালবিশিষ্ট এলাকায় ঝুঁকি বেশি।’ এই সংস্থাটি আরও জানায়, উপকূলমুখী বাতাসের কারণে কিছু এলাকায় জলোচ্ছ্বাসজনিত উপকূলীয় প্লাবনও দেখা দিতে পারে।

ভূমিধস, বন্যা ও অন্যান্য ঝুঁকির কারণে এল সালভাদরের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ও বুধবার দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। রাজধানী সান সালভাদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে লা লিবারতাদ এলাকায় জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রবল ঢেউয়ের কারণে ওই বন্দর এলাকা উত্তাল হয়ে উঠেছে।

ক্রিস্টিনার আগমনের আগে সমুদ্রতীরবর্তী বেশ কিছু সংখ্যক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে মাছ ও সামুদ্রিক খাদ্যের বাজারও। এল সালভাদরের সিভিল প্রোটেকশন বিভাগের পরিচালক লুইস আলোনসো আমায়া জানিয়েছেন, আগামী তিন দিনে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় দেশজুড়ে ১৮০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

গুয়াতেমালার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উপকূলীয় অঞ্চল, মধ্যাঞ্চলের আলতিপ্লানো এলাকা ও পূর্বাঞ্চলের উপত্যকাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। নিকারাগুয়ার কো-প্রেসিডেন্ট রোসারিও মুরিলো বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোববার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ক্রমেই তীব্র হচ্ছে।

হন্ডুরাসে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশের নয়টি অঞ্চলে সতর্কতা জারি করেছে। মধ্য আমেরিকা বিশ্বের সবচেয়ে ঘূর্ণিঝড়প্রবণ অঞ্চলগুলোর একটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ড ফেবারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন টুখেলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ইংল্যান্ড ফেবারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন টুখেলের

বিশ্বকাপের আগেই নিজেদের ফেবারিট মনে করছেন না ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। ইতিহাসের পাশাপাশি সাম্প্রতিক সাফল্য বিবেচনায় নিয়ে তিনি মন্তব্য করেন, ইংল্যান্ড এখনও শিরোপার শীর্ষ দাবিদার নয়, কিন্তু সেই অর্থ্যে দলটি ট্রফি জয়ের দৌড়ে আছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ আসরে স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নাম ফেবারিট হিসেবে দেখা হচ্ছে। যখন ইংল্যান্ডের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন টুখেল স্পষ্টতঃ জানান, তারা বড় স্বপ্ন নিয়ে খেলতে নামছে, কিন্তু ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে না।

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, 'আমরা টপ ফেবারিট নই। কারণ আমরা অনেক বছর ধরে বিশ্বকাপ জিতিনি। অন্য দলগুলো বেশি সফল। আমরা লড়াই করতে এসেছি এবং শেষ পর্যন্ত যেতে চাই।'

ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী টুখেল। গত দুটি ইউরো ফাইনাল এবং বিশ্বকাপে কোয়ার্টার ও সেমিফাইনালে খেলার অভিজ্ঞতাকে তিনি বড় শক্তি হিসেবে দেখছেন। তার মতে, এসব ফলাফল প্রমাণ করে যে ইংল্যান্ড ট্রফির খুব কাছাকাছি পৌঁছে গেছে।

টুখেল আরও বলেন, 'আমরা বিশ্বাস করি ট্রফি জেতা সম্ভব, কিন্তু ইতিহাস আমাদের ফেবারিট বানায় না।'

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে ১৯৬৬ সালের শিরোপা জয়ই একমাত্র উল্লেখযোগ্য সাফল্য। এরপর ১৯৯০ ও ২০১৮ সালে তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে সক্ষম হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোহানেসবার্গের কাছে বন্দুক হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


জোহানেসবার্গের কাছে বন্দুক হামলায় নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি বস্তির এলাকায় বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ তথ্য বুধবার দেশটির পুলিশ জানায়।

জোহানেসবার্গ শহরের কেন্দ্রে থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে ক্লিভল্যান্ড নামক এলাকায় এই হামলা হয়েছে।

অপরাধপ্রবণতার জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকায় এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। এই দেশে গড়ে প্রতিদিন ৬০টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়।

জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

পুলিশের একজন মুখপাত্র জানান, মঙ্গলবার রাত ১১টার কিছু পর ১০ জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি একটি গাড়িতে করে ঐ এলাকায় প্রবেশ করে। এরপর তারা বস্তির ভেতরে ঢুকে হামলা চালাতে শুরু করে।

তিনি আরও বলেন, 'সন্দেহভাজনরা বসতির দুই প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর একই গাড়িতে করে তারা পালিয়ে যায়।'

পুলিশ কর্মকর্তা কর্নেল ডিমাকাতসো নেভহুহুলউই বলেন, 'প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই হামলায় ১২ জন নিহত হয়েছেন।'

তিনি আরও জানান, ঘটনাস্থলেই আটজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%