ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা থেকে গ্রেপ্তার কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার


ঢাকা থেকে গ্রেপ্তার কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশ।

আজ শনিবার তাকে আদালতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মোজহারুল ইসলাম তালুকদারের পরিবার এবং ডিবি পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোজহারুল ইসলাম তালুকদার আত্মগোপনে ছিলেন। তিনি টাঙ্গাইল থানায় দায়ের করা মামলার আসামি।

টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী মন্তব্য করেন, ‘মোজহারুল ইসলাম তালুকদারের আটকের বিষয়টি শুনেছি।’

মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত মোজাফফর আলী তালুকদারের বড় ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়ন পরিষদ এবং কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

আরও পড়ুন: কপ সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করতে কঠোর দর-কষাকষির গুরুত্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোর দুর্গম এলাকায় ইবোলার প্রাদুর্ভাব, উদ্বেগ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ এম


কঙ্গোর দুর্গম এলাকায় ইবোলার প্রাদুর্ভাব, উদ্বেগ বাড়ছে

আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলার প্রাদুর্ভাবের বিরুদ্ধে কিছু অগ্রগতি দেখা গেলেও নতুন করে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রোগটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের আরও দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। আক্রান্তের সংখ্যা ১১ হাজারেরও বেশি হওয়ায় স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।

প্রাদুর্ভাবের শুরু হওয়ার ছয় মাস পর শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কঙ্গোর পূর্বাঞ্চলের বুনিয়ার মতো কিছু এলাকায় নতুন আক্রান্তের সংখ্যা কমছে। তবে গ্রামীণ ও দুর্গম অঞ্চলে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। একই সাথে নিরাপত্তাহীনতার কারণে সেখানে চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বাস্থ্য জরুরি কর্মসূচির প্রধান চিকওয়ে ইহেকওয়াজু মন্তব্য করেছেন, পরিস্থিতিতে কিছু আশাব্যঞ্জক লক্ষণ দেখা যাচ্ছে। তবে দুর্গম এলাকায় রোগের বিস্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বর্তমানে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর ৮০টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ফলে আক্রান্তদের চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এদিকে, ইবোলা মোকাবেলায় কাজ করা ফরাসি চিকিৎসা সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে এবং ভাইরাসের বিস্তার এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

জাতিসংঘের ইবোলা সমন্বয়কারী জুলিয়েন হার্নিস এসব সমালোচনার জবাবে বলেছেন, ইবোলা মোকাবিলার কার্যক্রম পরিচালনার এলাকা অত্যন্ত বিস্তৃত। এত বড় এলাকায় কাজ করা কঠিন হলেও প্রায় ৮০ শতাংশ সময় সেখানে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে কঙ্গোতে এই প্রাদুর্ভাব শনাক্ত হয়। ভাইরাসটির বিরল বান্ডিবুগিও প্রজাতির কারণে সংক্রমণ ছড়াচ্ছে। এই প্রজাতির বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যাওয়ায় এটি ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব হিসেবে গণ্য হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবলারের মৃত্যুর ঘটনায় এফসি অ্যান্ডোরার গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


ফুটবলারের মৃত্যুর ঘটনায় এফসি অ্যান্ডোরার গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

ম্যাচের যোগ করা সময়ে মাঠের প্রায় হাফলাইনে এসে বিপদ থেকে দলকে রক্ষা করেন হেসুস ওনো। তবে যে ঘটনার সাক্ষী তিনি ছিলেন, তা হয়তো কখনো ভুলবেন না এফসি অ্যান্ডোরার গোলরক্ষক। ম্যাচের শেষ মুহূর্তে তার সঙ্গে সংঘর্ষের ফলে গুরুতর আহত হন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল।

পরদিনই না ফেরার দেশে চলে যান মিগুয়েল। ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের এমন বিদায় কল্পনাও করতে পারেননি ওনো। সেই ঘটনার পর এফসি আন্দোরার গোলরক্ষক ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি আন্দোরা এবং টেনেরিফ। ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সংঘর্ষে জড়ান দুই দলের দুই খেলোয়াড়। ঘটনার পর লাল কার্ড দেখেন ২৫ বছর বয়সী ওনো।

রেফারির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বল খেলার মধ্যে থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের বুকে পা দিয়ে আঘাত করেছিলেন ওনো। কমিটি জানিয়েছে, ঘটনার ধরন ও পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞাই যথাযথ শাস্তি।

ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে যে, ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে না। সংঘর্ষের সময় স্কোর ছিল ২-২। ম্যাচের শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে খেলা বন্ধ হয়ে যায়।

ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন ওনো। ক্লাবের বিবৃতিতে তিনি জানিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। মিগুয়েলের মৃত্যুতে তিনি গভীর কষ্টের কথাও জানান। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ইকুয়েটোরিয়াল গিনির এই গোলরক্ষক।

ফুটবলে ফিরে আসবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি মিগুয়েল। আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, ওনোকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ক্লাব তার পাশে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতা ছাড়ার আগে কি ইরানে নতুন হামলা চালাতে পারেন নেতানিয়াহু?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


ক্ষমতা ছাড়ার আগে কি ইরানে নতুন হামলা চালাতে পারেন নেতানিয়াহু?

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় রয়েছেন। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তার এই অবস্থান বজায় থাকবে। তবে বিরোধী দলগুলোর জোট নিয়ে অনিশ্চয়তার কারণে নতুন সরকার গঠনে কয়েক মাস লেগে যেতে পারে। রাজনৈতিকভাবে দুর্বল হলেও নেতানিয়াহু ইরানে নতুন সামরিক হামলার পরিকল্পনা করছেন। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইলের সামরিক নেতৃত্ব এবং তাকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠনের চেষ্টা করা রাজনীতিকদের এ বিষয়ে আগ্রহ নেই।

এখন প্রশ্ন উঠেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতানিয়াহু কি ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার ক্ষমতা রাখেন? এমন সিদ্ধান্ত নিলে ইসরাইলের রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া তৈরি হতে পারে? বিশ্লেষকদের মতে, আইনগতভাবে তার সামনে যুদ্ধ শুরুর সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক ও সামরিক দিক থেকে এ সিদ্ধান্তের জন্য তাকে বড় ধরনের চাপের মুখে পড়তে হতে পারে।

ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা কতটুকু? আনুষ্ঠানিকভাবে ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের সমান। দেশের মৌলিক আইনের ৩০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার আগের মতোই দায়িত্ব পালন করবে। তবে ইসরাইলের সুপ্রিম কোর্ট অতীতে রায় দিয়েছে, বিদায়ী সরকারকে এমন কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, যা পরে আর পরিবর্তন করা সম্ভব নয়। জরুরি পরিস্থিতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই নীতি ‘সংযমের দায়িত্ব’ হিসেবে পরিচিত।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং ‘ইসরাইলস অকুপেশন’ বইয়ের লেখক নেভ গর্ডন আলজাজিরাকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন নিয়ে নেতানিয়াহু এখনো সামরিক অভিযান শুরু করতে পারেন। তিনি এটিকে ‘জরুরি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট’ সিদ্ধান্ত হিসেবে তুলে ধরতে পারেন। তেল আবিবভিত্তিক তাকলিথ ইনস্টিটিউটের গবেষক ওর আশের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সংযমের দায়িত্বের ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট ব্যতিক্রম হিসেবে বিবেচিত হয়।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবেই যুদ্ধ শুরুর সিদ্ধান্তে হস্তক্ষেপ করা থেকে বিরত থেকেছেন। এ ছাড়া নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কমিটি গঠনের আগপর্যন্ত কয়েক সপ্তাহে সংসদীয় নজরদারি সবচেয়ে দুর্বল থাকে। তার ভাষায়, আইনগতভাবে একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ যেকোনো যুদ্ধে ইসরাইলকে জড়াতে পারেন।

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক ও বিশ্লেষক এহাব জাবারিন আলজাজিরাকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অবস্থানের কারণে এমন সিদ্ধান্তের পক্ষে নেতানিয়াহুকে আরো জোরালো যুক্তি দিতে হবে। তার কথায়, এমন একটি সিদ্ধান্তের পরিণতি মেনে নিতে দেশের জনগণকে রাজি করাতে হবে নেতানিয়াহুকে, যার প্রভাব তার সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যেতে পারে।

ইরানে ফের হামলার প্রস্তুতির নির্দেশ?

গত বুধবার ইসরাইলের সংবাদমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা ইরানে হামলার প্রস্তুতি আরো জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার দেওয়া নির্দেশনা এমন সামরিক তৎপরতার পথ তৈরি করতে পারে, যার ফলে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করছেন নেতানিয়াহু। এসব কথোপকথনের অন্তত একবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার কানকে উদ্ধৃত করে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, সম্ভাব্য নতুন সংঘাতের জন্য ইসরাইলকে প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন। তবে পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ প্রতিবেদন নাকচ করে দেয়। আলজাজিরাকে তারা জানায়, এসব খবর নিছক জল্পনা। অন্যদিকে ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, ইরানে হামলার জরুরি প্রয়োজন দেখছে না দেশটির সামরিক নেতৃত্ব। বুধবার এক ব্রিফিংয়ে নেতানিয়াহু এবং বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে এ মূল্যায়নের কথা জানানো হয়েছে। নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকোট।

যুদ্ধের পরিকল্পনার বিরোধিতা বিরোধীদের। ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর আগে নেতানিয়াহুকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো। তাদের দাবি, একান্ত জরুরি পরিস্থিতি ছাড়া এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত হবে না। বিরোধী জোটের সদস্য ও ইসরাইল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, পার্লামেন্টের নজরদারি এবং নিরাপত্তাবিষয়ক সব কর্মকর্তার পূর্ণ সম্মতি ছাড়া নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা ইসরাইলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।

বুধবার নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে ইসরাইলি বাহিনীকে যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত দেশটির গণতন্ত্র এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। জবাবে নেতানিয়াহু বলেছেন, তার সরকার কেবল নিরাপত্তাসংক্রান্ত বিবেচনার ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেয়।

যুদ্ধ শুরু হলে কী ভাববে ইসরাইলের জনগণ? ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে ইসরাইলের রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে মতবিভাজন তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অধ্যাপক নেভ গর্ডন বলেন, নেতানিয়াহু ও তার জোটের দলগুলোকে ভোট দেওয়া ব্যক্তিরা স্বাভাবিকভাবেই নতুন যুদ্ধের পক্ষে থাকবেন। অন্যদিকে তথাকথিত ‘পরিবর্তন জোটের’ সমর্থকেরা মনে করবেন, নির্বাচনে তাদের সাফল্য ঠেকাতে এবং ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধকে ব্যবহার করছেন নেতানিয়াহু।

তবে তার মতে, নেতানিয়াহু নতুন করে সংঘাত শুরু করলে তার বিরোধী শিবিরের অধিকাংশ মানুষও শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের স্বার্থে সরকারের পাশে দাঁড়াতে পারেন। এহাব জাবারিনও মনে করেন, নতুন করে যুদ্ধ শুরু হলে এবং ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটে আসতে থাকলে দেশটির মানুষ সরকারের পাশে দাঁড়াতে পারেন। তবে এতে বোঝা যাবে না যে, নতুন করে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে তারা সঠিক মনে করছেন।

তিনি বলেন, প্রকৃত পরীক্ষা শুরু হবে যখন আবার সংরক্ষিত সেনাদের (রিজার্ভ) ডাকা হবে, পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে ফিরতে হবে এবং সরকারকে ব্যাখ্যা দিতে হবে—আগের সামরিক অভিযানে যা অর্জন করা যায়নি, নতুন অভিযান থেকে কী অর্জন সম্ভব। জাবারিনের মতে, ইরানকে ঘিরে নতুন সংঘাতের বিতর্কে ইসরাইলের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, ‘এখনই কেন?’

তিনি বলেন, নতুন যুদ্ধ শুরুর জরুরি প্রয়োজনের পক্ষে যুক্তি দুর্বল হলে, বিশেষ করে ওয়াশিংটন এর বিরোধিতা করলে এবং ইসরাইলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা আপত্তি জানালে, বিষয়টি রাজনৈতিক এজেন্ডা পরিবর্তনের চেষ্টা হিসেবে দেখা হতে পারে। বিশেষ করে আইজেনকোট যখন নতুন সরকার গঠনের চেষ্টা করছেন, তখন এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে।

যুক্তরাষ্ট্রের সমর্থনও বড় বাধা

দেশের অভ্যন্তরীণ রাজনীতির বাইরে ইরানে নতুন করে হামলা শুরুর ক্ষেত্রে নেতানিয়াহুর জন্য বড় বাধা হতে পারে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থান। ওয়াশিংটন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে দেশটির ওপর অর্থনৈতিক চাপের অভিযান আরো জোরদার করছে তারা।

নেভ গর্ডন বলেন, নেতানিয়াহুর সমস্যা ইসরাইলের জনগণ নয়, বরং যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে যাওয়া। ইসরাইল-ফিলিস্তিন সংঘাতবিষয়ক বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যান্ডার্স পারসন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নতুন সামরিক অভিযান চালাতে পারলে নেতানিয়াহুর জন্য তা বাস্তবায়ন করা সহজ হবে। তবে তিনি আলজাজিরাকে বলেন, নেতানিয়াহু যত প্রকাশ্যে ইরানকে উসকানি দেবেন এবং ট্রাম্পের কাছ থেকে যত কম সমর্থন পাবেন, তার পক্ষে এমন অভিযান চালিয়ে পার পাওয়া তত কঠিন হবে। একই সঙ্গে ইসরাইলের জনগণের কাছেও এ ধরনের অভিযান গ্রহণযোগ্য করে তোলা কঠিন হবে।

আগেও তত্ত্বাবধায়ক সরকারের সময় যুদ্ধ চালিয়েছে ইসরাইল। ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকার এর আগেও সামরিক অভিযান চালিয়েছে। এমনকি একবার সেই সরকারের নেতৃত্বে ছিলেন নেতানিয়াহু নিজেই।

২০২১ সালের মে মাসে তার দল পার্লামেন্ট নির্বাচনে আসন হারানোর কয়েক সপ্তাহ পর এবং নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই গাজায় ১১ দিনের সামরিক অভিযান শুরু করেন নেতানিয়াহু। ওই অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ২৬০ জন নিহত হন। ইসরাইলেও ১৩ জনের মৃত্যু হয়।

ওই সংঘাতের কারণে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। তবে পরের মাসেই নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটে।

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ইয়ার লাপিদও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকার সময় গাজায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। তাদের মধ্যে ওলমার্টের নেতৃত্বে ২০০৮ সালে চালানো অভিযান ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই অভিযানে প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের কূটনীতিতে নতুন মাত্রা যোগ করলেন ডা. জুবাইদা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


জলবায়ু সম্মেলনে বাংলাদেশের কূটনীতিতে নতুন মাত্রা যোগ করলেন ডা. জুবাইদা

বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে তার বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু কূটনীতিতে ডা. জুবাইদা রহমানের এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ২১ সদস্যের একটি প্রতিনিধি দল। সম্মেলনে অংশগ্রহণ শেষে ১৩ নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

সফরকালে কপ-৩১ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে সোচ্চার অবস্থান নেয়ার পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশের জলবায়ু কূটনীতির ক্ষেত্রে এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণও বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।

সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছানোর পর ১০ নভেম্বর তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী। এ সাক্ষাতে দুদেশের মধ্যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সহযোগিতা ও অংশীদারত্বের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং পরিবেশবান্ধব উন্নয়ন উদ্যোগের বিষয়গুলো তুলে ধরেন ডা. জুবাইদা।

পরদিন সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠক গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সেও বক্তব্য দেন তিনি। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। একক দেশের প্রচেষ্টায় শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তবে সম্মেলনে উত্থাপিত বিষয়গুলো বাস্তবে রূপ দেয়াই হবে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষক ও পরিবেশবিদ শাইয়ান সাদিক ইশাত বলেন, ‘জলবায়ু সম্মেলনের পরবর্তী প্রভাব ও ফলাফল নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেখানে একটি ধারাবাহিক তদারকি প্রয়োজন। এই ধারাবাহিক তদারকি আপনাকে সারা বছর জুড়ে ধরে রাখতে হবে। পাশাপাশি আপনাকে চিন্তা করতে হবে যে পরবর্তী সম্মেলন পর্যন্ত আপনি কোন কোন খাতে অভিযোজন অর্থায়ন ও প্রশমন অর্থায়ন অর্জন করতে পারলেন এবং জলবায়ু তহবিলের কতগুলো প্রকল্প বাস্তবায়ন করতে পারলেন।’

তিনি আরও বলেন, আলোচনাগুলোকে ফলপ্রসূ করতে সঠিকভাবে একটি পরবর্তী পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার প্রয়োজন। পাশাপাশি জলবায়ু প্রতিবেদনের ধারণাটিকে আরও জনপ্রিয় করতে হবে—যা আমাদের পরিকল্পনাগুলোকে সমন্বিত করবে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফলপ্রসূ কিছু পদক্ষেপ প্রয়োগ করতে পারলে ভালো সুফল পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।

জলবায়ু বিশ্লেষকদের মতে, নারীস্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের সঙ্গে সহযোগিতা ও অংশীদারত্বের উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মানুষই উপকৃত হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগও তৈরি হতে পারে বলে মনে করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%