ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

আইসিসিবিতে সুপার সেল কার বাজারে গাড়ির ক্রেতাদের ভিড়


আইসিসিবিতে সুপার সেল কার বাজারে গাড়ির ক্রেতাদের ভিড়

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে সুপার সেল কার বাজার। গত ৯ সপ্তাহের সাফল্যের পর গতকাল দশম সপ্তাহের জন্য গাড়ি কেনাবেচার এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে এই ব্যতিক্রমী আয়োজন, যেখানে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এক ছাদের নিচে কেনাবেচার সুযোগ রয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বাজার প্রতি শুক্রবার নিয়মিতভাবে বসছে। এখানে ক্রেতারা ঝক্কিঝামেলা ছাড়াই পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে সক্ষম হচ্ছেন। প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক বা চার চাকার গাড়িও বিক্রি করা সম্ভব হচ্ছে।

উইজার্ড শোবিজ এবং আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এই কার বাজারে ক্রেতা-বিক্রেতারা এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাচ্ছেন। সুপার সেল কার বাজারে প্রতি সপ্তাহে নতুন নতুন ব্র্যান্ড যুক্ত হচ্ছে। এখানে বিক্রেতারা দরদাম করছেন, আবার কেউ কেউ ব্যাংকের প্রতিনিধির কাছে জানতে চাইছেন গাড়ি কিনতে কত টাকা ঋণ পাওয়া যাবে। গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের উৎসাহ-উদ্দীপনা ও ব্যস্ততায় বাজারটি প্রাণবন্ত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাঁদের গাড়ি নিয়ে এখানে এসেছেন এবং বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটেছে।

আয়োজকরা জানিয়েছেন, সুপার সেল কার বাজারে এক ছাতার নিচে সব ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে। সাধারণ শোরুমে আলাদাভাবে গাড়ি দেখার পরিবর্তে ক্রেতারা একই ছাদের নিচে নতুন, পুরনো ও রিকন্ডিশন্ড সব ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন। এতে প্রায় ৫০টির মতো শোরুমে ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা ক্রেতারা এক জায়গায় বসেই পাচ্ছেন।

আরও পড়ুন: কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ১ জন মোটরসাইকেলসহ গ্রেপ্তার

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেছেন, কার বাজারে বিপুলসংখ্যক দর্শনার্থী ও ক্রেতার সাড়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজার একর জমিতে সেচ সংকট, কহুয়া নদী মরা খালে পরিণত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


হাজার একর জমিতে সেচ সংকট, কহুয়া নদী মরা খালে পরিণত

একসময়ের খরস্রোতা কহুয়া নদী দীর্ঘদিন ধরে খনন ও সংস্কারের অভাবে নাব্যতা হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই নদীতে বর্তমানে কোনো স্বাভাবিক পানিপ্রবাহ নেই। পলি জমা, ময়লা-আবর্জনা এবং দখল-দূষণের কারণে নদীটি ভরাট হয়ে যাওয়ার ফলে শুষ্ক মৌসুমে তীব্র সেচ সংকট দেখা দিয়েছে। এর ফলে স্থানীয় কৃষকরা নিজেদের অর্থায়নে কৃত্রিম বাঁধ দিয়ে সেচের পানির ব্যবস্থা করছেন যাতে বোরো আবাদ টিকিয়ে রাখা যায়।

ফেনী জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মুহুরী নদীর মোহনা থেকে উৎপত্তি হওয়া কহুয়া নদীর গড়প্রস্থ ২৬ মিটার, গভীরতা পাঁচ মিটার এবং অববাহিকার আয়তন ৬৫ বর্গকিলোমিটার। একসময় এই নদীর বুক চিরে পালতোলা নৌকা ও পণ্যবাহী ট্রলার চলাচল করত। কিন্তু বর্তমানে নদীর অধিকাংশ স্থানে চর জেগে উঠেছে, কোথাও হাঁটুপানি, আবার কোথাও তা সরু নালায় রূপ নিয়েছে। শুকিয়ে যাওয়া নদীর বুকে এখন শিশুরা খেলাধুলা করে।

সরেজমিনে দেখা যায়, নদীর উত্তর কোলাপাড়া অংশের পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার এলাকা শুকিয়ে সরু খালে পরিণত হয়েছে। পরশুরাম উত্তর বাজারের খন্দকিয়া সেতুর নিচে ময়লা-আবর্জনা জমে পানির গতিপথ রুদ্ধ হয়ে আছে। এছাড়া উত্তর কোলাপাড়ার পরিত্যক্ত রেলসেতুর পাথর নদীগর্ভে পড়ে থাকায়, স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কাউতলী গ্রামসংলগ্ন মুহুরী ও কহুয়া নদীর মোহনা থেকে অপরিকল্পিত ও অতিরিক্ত বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। মুহুরী নদীর গভীরতা বেড়ে যাওয়ায়, কহুয়া নদীতে পানি প্রবেশ করতে পারছে না। পাশাপাশি উজানে ভারতের অংশে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগও রয়েছে। ফলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় এক হাজার একর জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে।

পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের কৃষক মনির হোসেন জানান, প্রতি বছর বোরো মৌসুমে সেচের পানির তীব্র সংকট দেখা দেয়। বাধ্য হয়ে কৃষকরা চাঁদা তুলে মুহুরী নদীর মোহনায় অস্থায়ী বাঁধ নির্মাণ করে কহুয়া নদীতে পানি আনার ব্যবস্থা করেন। নদীতে স্বাভাবিক প্রবাহ থাকলে, কৃষকদের এই বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হতো না।

বিআরডিবির চেয়ারম্যান ও দক্ষিণ কোলাপাড়া গ্রামের বাসিন্দা আবু তালেব রিপন বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত নদীটি ভরাট হয়ে যাওয়ায়, একদিকে শুষ্ক মৌসুমে পানির অভাব, অন্যদিকে বর্ষায় পাহাড়ি ঢলে দুই কূল উপচে ফসলি জমি, পুকুরের মাছ ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দ্রুত খনন করা না হলে নদীটি মানচিত্র থেকে হারিয়ে যাবে।

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বক্সমাহমুদ ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ জমিতে কহুয়া নদীর পানি দিয়ে ধান ও সবজি চাষ হয়। নদী শুকিয়ে যাওয়ায়, কৃষকরা কৃত্রিম বাঁধের মাধ্যমে সেচকাজ চালাচ্ছেন।

তবে নদীটি পুনরুদ্ধারে আশার কথা শুনিয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ড। পাউবোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, সম্প্রতি একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন এবং ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কহুয়া নদী আবার তার স্বাভাবিক রূপ ফিরে পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা জানাল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আশরাফ ইকবাল

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ এম


বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা জানাল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা জানিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চারটি বিভাগে সেরা প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জে পত্রিকাটির কার্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শাখাওয়াত হোসেন। ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ডিজিটাল মাধ্যমে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রধান সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল। সঞ্চালনায় ছিলেন বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন।

অনুষ্ঠানে পেশাগত দক্ষতা, সক্রিয়তা, সংবাদ পরিবেশন ও বিজ্ঞাপন সংগ্রহে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারটি বিভাগে বর্ষসেরা প্রতিনিধিদের নির্বাচিত করা হয়। তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

এ বছর চারটি বিভাগে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন—
সাহিত্য বিভাগে সেরা মেহেদী হাসান হিমেল, সর্বোচ্চ বিজ্ঞাপন সংগ্রহে সেরা মোহাম্মদ ছিবগাতুল্লাহ, সর্বোচ্চ সক্রিয় প্রতিনিধি সিজান খান ও লিড নিউজে সেরা আল আমিন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি সংবাদমাধ্যমের অগ্রযাত্রায় মাঠপর্যায়ের প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সংবাদপত্রকে পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তোলে। প্রতিনিধিদের কাজের স্বীকৃতি প্রদান তাঁদের আরও উৎসাহিত করবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা দৈনিক মুন্সিগঞ্জের বার্তার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে পত্রিকাটির আগামী দিনের পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাক বিভাগের ১৪ কেন্দ্র সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ এম


ডাক বিভাগের ১৪ কেন্দ্র সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো

॥ আব্দুর রউফ ॥

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি) সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিলে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে এই কেন্দ্রগুলোর বিদ্যুৎ বিল দাঁড়াত প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা। তবে, নিজস্ব চাহিদা পূরণ করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার ফলে নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল নেমে এসেছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়। এইভাবে সম্ভাব্য ব্যয়ের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে এই সাশ্রয় হয়েছে। যখন সরকার সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে, তখন ডাক বিভাগের এই ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, "সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

তিনি আরও বলেন, "নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব।"

কাজী আসাদুল ইসলাম উল্লেখ করেন, "আমাদের ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ শুধু পরিবেশের জন্য নয়, সরকারি অর্থ সাশ্রয়ের জন্যও কার্যকর।"

মহাপরিচালক আরও বলেন, "একটি সরকারি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করছে, আবার উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছে। এটি অন্য সরকারি দপ্তরের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।"

ডাক অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে সরাসরি ব্যবহার করা হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎ উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রগুলো নিজেরা ব্যবহার করেছে এবং বাকি প্রায় ৫৭ শতাংশ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা কেন্দ্রগুলো হলো— তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসি।

মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে কেন্দ্রগুলোকে পুরোপুরি চালু করা হয়েছে।

এই অবকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল।

ডাক অধিদপ্তর আরও জানায়, জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল সাশ্রয়ের লক্ষ্যেই কেন্দ্রগুলোতে এই ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোর সক্ষমতা আরও বাড়াতে ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের টেকসই সহায়তা’ নামে একটি নতুন উন্নয়ন প্রকল্পও গ্রহণ করা হয়েছে।

অধিদপ্তরের হিসেবে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রকে গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা ধরে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা।

কিন্তু, সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত প্রদেয় বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। ফলে বিদ্যুৎ বিল বাবদ সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা, যা সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ।

একই হার ধরে হিসাব করলে, সৌরবিদ্যুতের নিজস্ব ব্যবহার থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ থেকে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা বিলের সঙ্গে সমন্বয় হয়েছে। এ হিসাবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।

পরিবেশের দিক থেকেও এই উদ্যোগের সুফল রয়েছে। দেশের গ্রিড বিদ্যুতের বেশিরভাগ আসে জীবাশ্ম জ্বালানি থেকে। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসেবে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়েছে। এ হার ধরলে ১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুৎ আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ কমিয়েছে।

তবে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টির দিন ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে যায়। তখন কার্যক্রম সচল রাখতে কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বাসসকে বলেন, "সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল, তাই বৃষ্টি ও কুয়াশার দিনে আমাদের গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবুও উৎপাদিত বিদ্যুতের বড় অংশ গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।"

তিনি বলেন, "নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এই সাশ্রয় আরও বাড়বে।"

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোর সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিটি দেশে নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর চালু অবস্থায় সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে। স্থাপনের আগে এসব ছাড়পত্র নেওয়া সম্ভব হয়নি।

একইসাথে নেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় বিদ্যুতের হিসাবরক্ষণ ও জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া ঠিক করতে সময় লেগেছে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।

মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, "নতুন প্রযুক্তি হওয়ায় শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়ায় আমাদের কিছুটা সময় লেগেছে। এখন সেই পথ তৈরি হয়ে গেছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনায় আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।"

দেশে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন। এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।

পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও এ উদ্যোগ এগোচ্ছে। সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন বিজ্ঞান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

এ সময় তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিন ও শির সঙ্গে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


পুতিন ও শির সঙ্গে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন ট্রাম্প

আগামী সপ্তাহে চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস এই তথ্য প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে জানান, ট্রাম্প বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করবেন। তিনি উল্লেখ করেন, এসব অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক। আগামী বৃহস্পতিবার চীনে তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠক হবে তিন দেশের নেতাদের মধ্যে প্রথম। ট্রাম্প পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টিকে আলোচনায় আনতে বারবার গুরুত্ব দিচ্ছেন। তবে চীন এ নিয়ে অসন্তুষ্ট, কারণ দেশটি বাণিজ্য ও অর্থনীতি নিয়ে একটি সম্মেলনের আয়োজন করছে। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার প্রস্তাবও বেইজিং নাকচ করেছে। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এই দুই দেশের হাতে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের শেনজেনে তিন নেতার বৈঠক হবে। সোমবার চার দিনের এশিয়া সফরে রওনা হবেন ট্রাম্প। এ সময় তার ফিলিপাইন সফরেরও পরিকল্পনা রয়েছে। পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার বিষয়ে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র এই বৈঠকে কোনো চুক্তির আশা করছে না। তবে চীনকে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

ওই কর্মকর্তা বলেন, চীনের জন্য বিষয়টি কঠিন হলেও তাদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করা উচিত। এই বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে ফলপ্রসূ আলোচনার পথ তৈরি হতে পারে বলে যুক্তরাষ্ট্র আশা করছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় বসতে চীন কয়েক বছর ধরে রাজি নয়। বেইজিংয়ের বক্তব্য হলো, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত অনেক বেশি। তাই অস্ত্র কমানোর বিষয়ে এই দুই দেশের আগে আলোচনা করা উচিত।

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (সিপরি) তথ্য অনুযায়ী, পারমাণবিক ওয়ারহেডের মজুতের দিক থেকে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে রাশিয়া, এরপর যুক্তরাষ্ট্র এবং চীন। এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর নতুন কৌশলগত চুক্তির মেয়াদ এ বছর শেষ হয়েছে।

তবে ট্রাম্পের সঙ্গে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করতে রাশিয়া বা চীন কতটা আগ্রহী, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে ই-মেইল করা হলেও ওয়াশিংটনে অবস্থিত চীন ও রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিষয়টিও তুলবেন ট্রাম্প। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা করার কোনো পরিকল্পনা নেই তার। পুতিনের সঙ্গে আলাদা বৈঠক করার কথা নেই ট্রাম্পের। ইউক্রেনে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের উপগ্রহভিত্তিক যোগাযোগসেবা চালু রাখার বিষয়টিও আলোচনা হবে না।

ওই কর্মকর্তা জানান, ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাচ্ছেন ইলন মাস্ক। তবে শি চিনপিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না। ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক বৈঠক হয়েছে। কিন্তু চীন এসব আলোচনার অংশ নয়। তাই চীনে তিন নেতার বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করা ঠিক হবে না। এ ছাড়া এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলেও জানান ওই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%