শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০১:৪০ এম
জামালপুরের মেলান্দহে ঠান্ডার কারণে বীজতলার ক্ষতির আশংকা করছেন কৃষকরা। উপজেলার ১১টি ইউনিয়ন এবং দু’টি পৌরসভার বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে এই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। বীজতলায় বীজ বপনের পরপরই প্রচন্ড শীতের প্রভাব পড়েছে ফসলের উপর, যা মানুষের পাশাপাশি গবাদি পশুর উপরও প্রভাব ফেলছে।
পৌরসভার কৃষক মোরশেদুল আলম (৫৬) জানান, “আমার ৮ কাঠা জমির বীজতলা আছে। ১০/১৫ দিন আগে বীজ বপন করেছি। বীজ গজানোর পরপরই প্রচন্ড শীত। এই গজানো বীজগুলো সাদা হয়েছে। কোন কোন বীজ গজায়নি। কীটনাশক-সার প্রয়োগ করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না। এ নিয়ে মহা চিন্তায় আছি। আশ পাশের জমির মালিকদেরও একই অবস্থা।” ঝাউগড়া ইউনিয়নের রেজাউল সাবির (৬০) মাস্টার জানান, “ঠান্ডা-ঘনকোয়াশায় আমার এলাকার প্রায় সকল বীজতলার ক্ষতির আশংকা করছি। যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই অবস্থায় বোরো মৌসুমের ক্ষতির আশংকা করছি। রোদ না থাকায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।”
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ৫ শ’ ৩ হেক্টর। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাইব্রিড ৪১৫ হেক্টর এবং উফসি জাতের ৪৯২ হেক্টরসহ সর্বমোট ৯০৭ হেক্টর জমির বীজতলা রোপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার আব্দুর রউফ জানান, “প্রচন্ড ঠান্ডায় বীজতলা ছাড়াও সবজি জাতীয় ফসলও আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। বৈরী আবহাওয়া কেটে রোদের ঝলক দেখা দিলে ক্ষতি কাটিয়ে উঠবে।” ঠান্ডা থেকে বীজতলা কিংবা ফসল রক্ষায় কৃষকদের পলিথিনে ডেকে রাখা, সকালে ক্ষেতে হালকা পানি রাখা, বিকেলে পানি নামিয়ে দেয়াসহ করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া হচ্ছে।
প্রতিদিন সকালে বীজতলা ছাড়াও অন্যান্য ফসলের ডগায় জমানো শিশির ঝারিয়ে দিতে, হলুদ চারায় ইউরিয়া, জিপসাম প্রয়োগসহ আনুসাঙ্গিক বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। ক্ষেত্রবিশেষ ওষুধ প্রয়োগেরও পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হবার পর ক্ষয়ক্ষতি নিরুপণ করা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের মেলান্দহে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ৭ জানুয়ারি বিকেল ৪টায় হরিপুর-পাথালিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি হিসেবে নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, বিএনপি নেতা আবু হাসান, উপজেলা বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির, শ্যামল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ওলামা দলের সভাপতি মাও. জাকির হোসেন, বিএনপি নেতা আতাউল হক চিশতী, প্রবাসী শাহজামাল, রফিক মেম্বার, মফিজ উদ্দিন, বজলুর রহমান, এরশাদ হাসান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর গড়কান্দায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন (৬) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসীন উত্তর গড়কান্দা এলাকার হৃদয় রাজ রোমানের পুত্র। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়াসীন বাকপ্রতিবন্ধী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে ইয়াসিন তার নিজ বসতবাড়ির উঠানে খেলছিল। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে, দুপুর আনুমানিক ১২টার দিকে ইয়াসিনের চাচি তাসলিমা বেগম বাড়ির পাশের ভোগাই নদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্র ৬টি পরিবারের জন্য নির্মিত সেমিপাকা ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে রাংটিয়া এলাকায় এসব ল্যাট্রিনের চাবি ও পয়ঃনিষ্কাশনের উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
জেলার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি বা (ডপস্) এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এসব টয়লেট স্থাপন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডপস্' সভাপতি সার্জেন্ট (অব.) মো. শহিদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, আপন শিক্ষা পরিবারের পরিচালক মো. রহমত আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি বলেন, "ডপস দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং ডপস এই সেমিপাকা ল্যাট্রিনগুলো নির্মাণ করেছে।
ল্যাট্রিন হস্তান্তরের পাশাপাশি উপকারভোগী পরিবারগুলোর মাঝে বালতি, মগ, বদনা, হাটপিক, সাবান ও টয়লেট ব্রাশসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোঃ কালাম (২৩) নামের এক তরুণ আত্মহত্যা করেছে ৫০০ টাকা বাবার কাছে চেয়ে না পেয়ে রাগে অভিমানে। এই আত্মহত্যার ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারী) দুপুর দুইটার দিকে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ড ষোলাসিয়া গ্রামের নিজ বাসায়।
কালাম গফরগাঁও বাজারে কাঁচামালের ব্যবসায়ী মোঃ গিয়াসউদ্দিনের ছেলে। সে চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। গিয়াস উদ্দিন বলেন, "ছেলে কালাম আমার কাছে ৫০০ টাকা চেয়েছিল, এখন টাকা নেই, পরে দিব বলেছিলাম।" এই বলে তিনি বাজারে চলে যান। কিছুক্ষন পরে খবর আসে যে কালাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
গফরগাঁও থানার এসআই (তদন্ত) মশিউর রহমান জানান, "আত্মহত্যার কথা শুনেছি। ছেলের বাবা থানায় এসে জানান।" এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ