ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চকবাজারে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ১০ ইউনিট কাজ করছে


চকবাজারে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ১০ ইউনিট কাজ করছে

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় মনজুর খান প্লাজার সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন আট ঘণ্টা পার হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে যাচ্ছে। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া, সরু গলি, পানির অভাব এবং গুদামগুলো তালাবদ্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে, পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে মোট ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার ভয়াবহতা বিবেচনায় মোট ১০টি ইউনিট এখানে কাজ করছে। এছাড়া অতিরিক্ত স্পেশাল রেসপন্স টিম এবং একটি লাইটিং ইউনিটও এখানে কাজ করছে। সরু রাস্তা এবং স্টাকচারাল বিষয় মাথায় রেখে আমাদের কাজ করতে হচ্ছে। তিনি বলেন, "আমাদের ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে ফায়ার ফাইটিং করে যাচ্ছে।"

আরও পড়ুন: আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, দুটি ককটেল বিস্ফোরণ

তিনি আরও বলেন, "এখানে বিভিন্ন ধরনের গোডাউন আছে। কসমেটিক এবং ব্যাগের গোডাউন। এই গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছিল, যা বিভিন্ন কক্ষে ছড়িয়ে যায়। আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। এখনও কাজ চালিয়ে যাচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসেনি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, কিছুক্ষণের মধ্যে বা ঘণ্টাখানেকের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।"

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, "এখনও কোনো হাতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিভাতে গিয়ে ধোঁয়ায় আমাদের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন।"

রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহার যুগান্তরকে জানান, সাততলা ভবনের ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদামে আগুন লেগেছে। গুদামগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে সময় লাগছে। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকাল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। পরে বিকাল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ইউনিটগুলো। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরে পর্যায়ক্রমে সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়।

আরও পড়ুন: দক্ষিণখানে আশিয়ান সিটির অফিসে হামলা ও ভাঙচুর

আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ভবন থেকে ধোঁয়া বের করতে রাত সোয়া ১১টার দিকে ধোঁয়া বের করার বিশেষ যন্ত্র স্মোক ইজেক্টর নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসের বিশেষ দল। ভবনের ভেতরে প্রচুর মালামাল থাকায় ঘন ধোঁয়া তৈরি হয়েছে। এতে আগুনের উৎস শনাক্ত ও নির্বাপণের কাজ ব্যাহত হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে কয়েকজন ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পুরান ঢাকার সরু গলির কারণে বড় গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। তীব্র যানজট ও উৎসুক মানুষের ভিড়ও উদ্ধারকাজে বাধা তৈরি করছে। আগুন নেভানোর সময় পানির সংকটেও পড়তে হয়েছে কর্মীদের।

ভবনটিতে কসমেটিকস, ছাতা, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, এসব গুদামে কোটি কোটি টাকার মালামাল মজুত ছিল। আগুন লাগার পর ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে নিরাপত্তার কারণে এবং ধোঁয়ার ঘনত্ব বেশি থাকায় ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, "ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আগুনের প্রকৃত সূত্রপাত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। সেখানে ব্যাগের কারখানা বা গুদাম এবং আশপাশে কাপড়ের গুদাম ছিল। ব্যাগের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: গুলশান শপিং সেন্টারের নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকবাজারে আগুন নেভাতে গিয়ে অসুস্থ ২ ফায়ার ফাইটার হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ এম


চকবাজারে আগুন নেভাতে গিয়ে অসুস্থ ২ ফায়ার ফাইটার হাসপাতালে ভর্তি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের সাত তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন দুই ফায়ার ফাইটার। তাদের নাম জিল্লুর রহমান (৪০) এবং নজরুল ইসলাম (৫০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে পুরান ঢাকার চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারা এলাকায় মনসুর খান প্লাজার ছয়তলা ভবনে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চলাকালীন সময়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন জিল্লুর রহমান ও নজরুল ইসলাম। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়।

অসুস্থ দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তারা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে নিয়োজিত ছিলেন। এ সময় ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজার থেকে ধোঁয়ায় অসুস্থ দুই ফায়ার ফাইটারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় দুই ফায়ার ফাইটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনড়তা, এসিল্যান্ডের সঙ্গে আলোচনায় বিদ্যুৎ সচল করতে ব্যর্থতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ এম


চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনড়তা, এসিল্যান্ডের সঙ্গে আলোচনায় বিদ্যুৎ সচল করতে ব্যর্থতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম প্রদান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ঘোষণা করেছেন, নতুন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাকে অবরুদ্ধ রাখা হবে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পদ ধরে রাখতে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম মদুনাঘাট ও বহদ্দারহাট টার্মিনালে শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা করিয়েছেন। তাদের দাবি, অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এসব ঘটনার পর তারা তাকে উপাচার্য হিসেবে মেনে নিতে রাজি নন।

শিক্ষার্থীরা জানান, সোমবার দুপুর ১২টার মধ্যে উপাচার্য ও তার সহযোগীদের উপাচার্য ভবন ত্যাগের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু তারা ভবন ত্যাগ না করায় শিক্ষার্থীরা ভবনটি তালাবদ্ধ করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ড. শেখ শরীফুল আলম যদি নিজ হাতে পদত্যাগপত্র লিখে দেন অথবা সাংবাদিকদের সামনে প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা করেন, তবে ভবনের তালা খুলে দেওয়া হবে। একইসঙ্গে তাকে ও তার সহযোগীদের নিরাপদে ক্যাম্পাস ত্যাগের সুযোগ দেওয়া হবে। অন্যথায়, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তালা না খোলার সিদ্ধান্তে অটল থাকবেন তারা।

এদিকে, উপাচার্য ভবনে অবস্থানরত ব্যক্তিদের মানবিক সংকট বিবেচনায় বিদ্যুৎ সংযোগ সচল করার অনুরোধ জানাতে সোমবার রাতে ক্যাম্পাসে আসেন রাউজানের সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। রাত ১০টার দিকে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় অংছিং মারমা বলেন, "আমরা আপনাদের দাবি-দাওয়ার বিপক্ষে নই। আমাকে জেলা প্রশাসক বিষয়টি দেখতে বলেছেন। তিনি এ বিষয়ে অবগত। উপাচার্য মানবিক সংকটে আছেন শুনে আমি এসেছি। আমি শুনে এসেছি- তিনি খাবার, পানি ও বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন। কিন্তু এখানে এসে জেনেছি, আপনারা খাবার ও পানির ব্যবস্থা রেখেছেন। সরকারের পক্ষ থেকে অনুরোধ, মানবিক সংকট থেকে উত্তরণের জন্য বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা যায় কিনা- তা বিবেচনা করবেন। শিক্ষার্থীদের কোনো কার্যক্রমের বিরোধিতা করতে আসিনি।"

জবাবে শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, "দীর্ঘ ২১ দিনের আন্দোলনে কোনো দিন চুয়েটের বাসে হামলা হয়নি। অথচ তিনি আসার পরপরই বাসে হামলা হয়েছে। এ ঘটনার পর আমরা কেউ তাকে উপাচার্য হিসেবে চাই না। তাকে উপাচার্য ভবন ত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজ উদ্যোগে নিজেকে অবরুদ্ধ করেছেন। যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততক্ষণ উপাচার্য ভবনের তালা খুলবে না। একজন উপাচার্য যখন তার সন্তানতুল্য শিক্ষার্থীদের ওপর হামলা চালান, তখন আমরা আর কোনো মানবিকতা প্রদর্শনের মতো অবস্থায় নেই।"

এ সময় শিক্ষার্থীরা ‘সন্ত্রাস, শিক্ষা একসঙ্গে চলে না’ এবং ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে উপাচার্য ভবনের ভেতরে অবস্থানরত অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সঙ্গে দেখা করতে চান এসিল্যান্ড অংছিং মারমা। তবে শিক্ষার্থীরা প্রকাশ্যে আলোচনার দাবি জানান। তাদের এ শর্তে আলোচনায় রাজি হননি নবনিযুক্ত উপাচার্য। ফলে তার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা ছাড়াই ক্যাম্পাস ত্যাগ করেন এসিল্যান্ড।

উল্লেখ্য, নিয়োগের প্রায় তিন সপ্তাহ পর সোমবার সকালে প্রশাসনিক ভবন-২ এর তালা ভেঙে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে সারের ডিলার নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলনে হামলা, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ এম


ফরিদপুরে সারের ডিলার নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলনে হামলা, আহত ৪

ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করার কারণে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

এটি ঘটেছে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কিছু ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) দুপুরে নগরকান্দা প্রেসক্লাবে সারের ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন খোরশেদ আহমেদ দোলন এবং অন্যান্য ভুক্তভোগীরা। এর ফলস্বরূপ ক্ষিপ্ত হয়ে আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সারের ডিলারশিপ প্রাপ্ত মেসার্স এসএস এন্টার প্রাইজের মালিক শিবলী সাদিক, যিনি তুষার মন্ডল নামেও পরিচিত, ২০-২৫ জন লোক নিয়ে বাঙ্গাবাড়িয়া বাজারে যান।

সেখানে খোরশেদ আহমেদ দোলন, সুমন তালুকাদার, ওয়াজেদ মোল্যা এবং মোস্তাক আহমেদ কলি মন্ডলের ওপর অতর্কিত হামলা চালান শিবলী সাদিক ও তার সঙ্গীরা।

হামলার সময় চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের পরিবারের সদস্যরা জানান, নগরকান্দা পৌরসভা এবং উপজেলার ৯টি ইউনিয়নে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন খোরশেদ আহমেদ দোলন ও অন্যান্য ভুক্তভোগীরা। এতে ক্ষিপ্ত হয়ে শিবলী সাদিক তাদের ওপর হামলা চালান।

হামলার বিষয়ে মেসার্স এসএস এন্টার প্রাইজের মালিক শিবলী সাদিককে ফোন করা হলে তিনি মোবাইল ফোনে চার্জ নেই বলে কল কেটে দেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবার ফোনের লাইন কেটে দেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে ৭ মাসে ডেঙ্গু আক্রান্ত ৮৩, মৃত্যু শূন্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৫ এম


সুনামগঞ্জে ৭ মাসে ডেঙ্গু আক্রান্ত ৮৩, মৃত্যু শূন্য

সুনামগঞ্জে গত সাত মাসে ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে, জেলার ভৌগোলিক অবস্থান ও পরিবেশগত কারণে স্থানীয়ভাবে ডেঙ্গুর প্রকোপ নেই এবং এখন পর্যন্ত জেলায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে প্রায় সকলেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামের মতো ডেঙ্গুপ্রবণ এলাকায় কাজকর্ম করা শ্রমজীবী মানুষ। এপ্রিলের শেষার্ধ থেকে চলতি অক্টোবর পর্যন্ত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৯ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এই রোগীদের মধ্যে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বাসিন্দারা অন্তর্ভুক্ত রয়েছেন। জেলার ১২টি উপজেলার মধ্যে ধর্মপাশায় রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ষষ্ঠ তলার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ছয়টি শয্যার মধ্যে মাত্র একজন রোগী ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রোগীরা জানিয়েছেন, বড় শহরগুলোতে কাজের প্রয়োজনে অবস্থানকালে তারা সাধারণ জ্বরে আক্রান্ত হয়ে গ্রামে ফেরেন। পরে জ্বর না কমায় হাসপাতালে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ মো. আফজাল হোসেন মন্তব্য করেন, ‘আক্রান্তদের সবাই ডেঙ্গুপ্রবণ এলাকায় কাজ করতেন। সাধারণ জ্বর নিয়ে বাড়ি ফেরার পর পরীক্ষায় তাদের ডেঙ্গু পজিটিভ আসে। ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন এবং দূরপাল্লার বাসে অ্যারোসল স্প্রে করলে এর প্রকোপ আরও কমে আসবে। এছাড়া দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরা মানুষের অসচেতনতার কারণে রোগীর সংখ্যা কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।’

আইসোলেশন ওয়ার্ডের নার্স মিনা ফারিহা জানান, ডেঙ্গুপ্রবণ এলাকা থেকে আসা কারও জ্বর দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। এতে সময়মতো চিকিৎসা পাওয়ার পাশাপাশি রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমে।

সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য জানান, দেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অনেক কম। মূলত যাদের ডেঙ্গুপ্রবণ অঞ্চলে ভ্রমণের ইতিহাস রয়েছে, তারাই আক্রান্ত হচ্ছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ছয়জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%