১০:১২ পি.এম
রাজধানীর সড়কে যান চলাচল সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর উদ্যোগ গ্রহণ করেছে, যা প্রচলিত ম্যানুয়াল ট্রাফিক ব্যবস্থাপনার পরিবর্তে কার্যকর হবে। এই উদ্যোগের অংশ হিসেবে গতিসীমা নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের জন্য ডিএমপিকে আটটি স্পিড ক্যামেরা প্রদান করা হয়েছে। ট্রাফিক বিভাগের ৩২ জন পুলিশ কর্মকর্তাকে এই ক্যামেরাগুলো পরিচালনায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্পিড ক্যামেরা পরিচালনার ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর সহযোগিতায় ডিএমপি ও গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে ১৫ থেকে ১৭ নভেম্বর এই কর্মশালার আয়োজন করেছে।
অনুষ্ঠানে জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পিটার জোনস এবং পল সিমকক্স আনুষ্ঠানিকভাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানের কাছে আটটি স্পিড ক্যামেরা হস্তান্তর করেন। আইজিআরএসের আওতায় আসন্ন স্পিড এনফোর্সমেন্ট পাইলট প্রকল্পের বাস্তবায়নে এই ক্যামেরাগুলো ব্যবহার করা হবে।
আরও পড়ুন: এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-ফেসবুকে প্রতারণার বিষয়ে নির্বাচন কমিশনের সতর্কতা
কর্মশালার উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান। তিনি বলেন, "ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ম্যানুয়াল পদ্ধতি থেকে আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে।" তিনি উল্লেখ করেন যে, সড়কে ব্যবহৃত ডিজিটাল সরঞ্জামগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। স্পিড ক্যামেরা পরিচালনার এই প্রশিক্ষণ তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করবে। তিনি প্রশিক্ষণ থেকে সর্বোচ্চ জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, "এর মাধ্যমে ঢাকায় সড়ক নিরাপত্তামূলক পদক্ষেপ বাস্তবায়ন, বিশেষ করে গতিসীমা ব্যবস্থাপনা নির্দেশিকা কার্যকর করা সহজ হবে।"
বিআইজিআরএস ঢাকা উত্তরের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ কর্মশালাটি সঞ্চালনা করেন। তিনি ঢাকা শহরের সড়ক নিরাপদ করতে উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ডিএমপিকে ধন্যবাদ জানান।
কর্মশালায় অ্যাক্সিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মো. আবদুর রহিম সরকার লেজার স্পিড ক্যামেরা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেন। এতে অংশগ্রহণকারীরা ক্যামেরা পরিচালনা, দলগতভাবে এর ব্যবহার, ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন এবং যন্ত্রের সাধারণ রক্ষণাবেক্ষণ সম্পর্কে হাতে-কলমে ধারণা নেন। পাশাপাশি বাস্তব সড়ক পরিস্থিতিতে ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন, বিআইজিআরএস ঢাকা উত্তরের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. গোলাম হোসেন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর প্রকৌশলী রেজাউর রহমান এবং সার্ভেইল্যান্স কো-অর্ডিনেটর ড. তানভীর ইবনে আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে ২ যুবক কারাগারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন