বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
১০:০৫ পি.এম
বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের জন্য দলের ব্যাটারদের একই ভুলের সমালোচনা করেছেন।
বাংলাদেশের ব্যাটিং ইউনিট ম্যাচের পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে জিম্বাবুয়ে ম্যাচটিতে দাপট দেখাতে সক্ষম হয়। সালাউদ্দিন জানিয়েছেন যে, ভুল থেকে শিক্ষা নিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের ব্যাটাররা রয়েছে ব্যর্থতার বৃত্তে।
গতকাল, বুলাওয়েতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন বলেন, ‘আমরা প্রতি ম্যাচ জয়ের জন্য মাঠে নামি। তবে নির্দিষ্ট কিছু বোলারদের বিপক্ষে আমাদের ব্যাটারদের আরও কৌশলগত উন্নতির প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমরা বারবার একই ভুল করে যাচ্ছি। কিন্তু ভুল করার পরেও আমরা শিখছি না। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’
বাংলাদেশ দল প্রায় এক মাসের সফরে জিম্বাবুয়েতে অবস্থান করছে। তবে সেখানকার পরিবেশে মানিয়ে নিতে না পারায় সালাউদ্দিন প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, ‘আমরা এখানে ২০ থেকে ২৫ দিন ধরে আছি। এখানকার পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া খুবই জরুরি। যদি আমরা বলি, আমরা মানিয়ে নিতে পারিনি, তাহলে সেটা ভালো লক্ষণ নয়। ব্যাটারদের যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া উচিত।’
এবারের সফরে জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটাররা হিমশিম খাচ্ছে। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতেও হৃদয়-ইমনরা নিজেদের অসহায়ত্ব প্রদর্শন করেছে। প্রথম ম্যাচে ৪টি করে উইকেট নিয়ে জিম্বাবুয়ের জয়ে বড় অবদানের জন্য দায়ী হয়েছেন এনগারাভা ও মুজারাবানি।
সালাউদ্দিন বলেন, ‘টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকেই আমরা এনগারাভা ও মুজারাবানিকে ভালোভাবে সামলাতে পারছি না। তারা পুরো সফরের মধ্যে পার্থক্য গড়েছে। এই দুই পেসারকে কিভাবে দেখা হবে, সে ব্যাপারে আমাদের আরও ভালো পরিকল্পনা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ের এই দুই বোলার যথেষ্ট লম্বা। তারা যেকোন উইকেট থেকে অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে। পরের ম্যাচের আগে আমাদের মূল চিন্তা হওয়া উচিত, এই দুজন পেসারকে কিভাবে সামলানো যায়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ তুলেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দ্বারা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা এবং সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি যুক্তরাষ্ট্রের ‘অপরাধমূলক উদ্দেশ্য’ প্রকাশ করে।
আরাগচি টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তার মতে, এসব হামলা আন্তর্জাতিক ফৌজদারি আইনের মৌলিক নীতির আওতায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ১৯৪৯ সালের চারটি জেনেভা কনভেনশনও এতে অন্তর্ভুক্ত।
তিনি আরো বলেন, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করা প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব। মার্কিন কর্মকর্তাদের বক্তব্যকে তিনি ‘অযৌক্তিক বক্তব্য ও শয়তানি হুমকি’ বলে অভিহিত করেছেন।
আরাগচি একইসাথে দাবি করেন, ইরানের জনগণ যখন তাদের স্বাধীনতা, বৈধ অধিকার ও মানবিক মর্যাদার পক্ষে অবস্থান নিয়েছেন, তখন তাদের বিরুদ্ধে এই বৈরিতা প্রদর্শন করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ‘যারা এসব কর্মকাণ্ডের জন্য দায়ী, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করেছেন—এমন অজুহাত দেখিয়ে আইনি দায় থেকে বাঁচতে পারবেন না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও রিচার্জের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলাল হোসেন (পিতা: জহুর উদ্দিন) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তিলাই ইউনিয়নের বাসিন্দা আলাল হোসেন ধলডাঙ্গা বাজারে একটি মোবাইল ব্যাংকিং দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ভূরুঙ্গামারী উপজেলা ছাড়াও সীমান্তবর্তী ভারতের কোচবিহার এলাকার বিভিন্ন ব্যক্তির অনলাইন জুয়ার ওয়েবসাইটে অর্থ রিচার্জের ব্যবস্থা করে দিতেন।
গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির পর ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানে তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, বেশ কয়েকটি মোবাইল সিম এবং অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার থেকে অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়টি জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, "জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।"
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "১৬৬ বছর পর ব্রিটিশ আমলের জুয়া আইন সংস্কার করে নতুন জুয়া আইন-২০২৬ কার্যকর হয়েছে। এই আইনের মাধ্যমে বাংলাদেশ সরকার অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমরা ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক, চোরাচালান ও জুয়ামুক্ত রাখতে বদ্ধপরিকর। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে শহরের শের-ই-বাংলা পার্কের জুলাই স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন সহ সরকারি এবং বেসকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান এই সময় পুস্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলুর সঞ্চালনায় এই সময় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধাসহ বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভীন, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলন নতুন বাংলাদেশ গড়ে তোলার এক দৃঢ় প্রত্যয়। তারা জুলাই আন্দোলনে স্মৃতিচারণ করে বলেন, জুলাইকে শুধুই চেতনা হিসেবে দেখা ঠিক নয়। জুলাই চেতনার মাধ্যমে দেশের এগিয়ে নিতে হবে। এরপর জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর মান্দা উপজেলায় টানা অতিবর্ষণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার ফলে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী মান্ডা উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে মৈনম ও পরানপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।
জানা গেছে, দুপুরের দিকে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণ পল্লী ও আদর্শ গ্রামে প্রথম দফায় ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা ফরহাদ হোসেন চকদার এবং প্রধান শিক্ষক আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
পরে একই দিন বিকেলে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে গিয়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এই দুর্যোগকালীন সহায়তা অব্যাহত থাকবে। এলাকায় একটি মানুষও যেন খাদ্যসংকটে না পড়ে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ