ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ময়মনসিংহে ডেটিং সাইটে প্রতারণার অভিযোগে ৭ জন গ্রেফতার


ময়মনসিংহে ডেটিং সাইটে প্রতারণার অভিযোগে ৭ জন গ্রেফতার

আন্তর্জাতিক

ময়মনসিংহে ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশ ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নগরীর সেনবাড়ি এলাকা থেকে অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল ঘাটাইলের উত্তর লক্ষীন্দর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. মনির হোসেন (২৩), মো. জাকির হোসেনের ছেলে মো. জিল্লুর রহমান জনি (২৭), মো. রসিদ মিয়ার ছেলে মো. মজনু (২৬), বরিশাল মুলাদীর চরকালেখান গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ভালুকজান গ্রামের মো. রফিজ উদ্দিনের ছেলে মো. তানভীর আহম্মেদ (২৫), একই উপজেলার বাদিহাটি গ্রামের নীলু মন্ডলের ছেলে মো. নাঈম মন্ডল (২৪) এবং ফুলপুর উপজেলার শ্রীপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. রাকিব (২০)।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামরুল হাসান এসব তথ্য প্রকাশ করেন। পুলিশ সুপার জানান, প্রতারকচক্রটি পারসোনাল ডট কম নামে একটি প্রোফাইল তৈরি করে দেশি-বিদেশি নম্বর ব্যবহার করে বিভিন্ন নারীদের ছবি ব্যবহার করে মানুষকে প্রলোভিত করছিল। এভাবে নিরীহ ব্যক্তিদের প্রতারণা করে সহজে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে তারা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ চক্রের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযানের সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, শখ, ভিডিও এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে। এসব অপরাধ ও অনলাইন প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, দুই কিশোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


শেরপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, দুই কিশোর আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্ত

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তাদের ভারতে প্রবেশে অর্থের বিনিময়ে সহযোগিতা করার অভিযোগে স্থানীয় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটক দুই কিশোরের নাম অপু চন্দ্র দাস (১৭) ও চন্দন জল দাস (১৩), এবং তাদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রবেশের চেষ্টা করছিল। অর্থের বিনিময়ে ওই দুই কিশোরকে ভারতে প্রবেশে সহযোগিতার সঙ্গে স্থানীয় তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মো. মামুন (২২), মো. কালু মিয়া (৩৫) ও চান্দাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (২৫)।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই কিশোরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, ভারতে অবৈধভাবে প্রবেশে সহযোগিতার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়াডে পদক জয়ের লক্ষ্যে পাঁচ বছরের পরিকল্পনা গ্রহণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


এশিয়াডে পদক জয়ের লক্ষ্যে পাঁচ বছরের পরিকল্পনা গ্রহণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী পাঁচ বছরের মধ্যে এশিয়ান গেমস ও অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য অর্জনের জন্য একটি সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে আয়োজিত 'ওপেন এয়ার গান চ্যাম্পিয়নশিপ'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ এখন থেকে আন্তর্জাতিক আসরে কেবল অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের প্রত্যাশায় প্রতিদ্বন্দ্বীতা করবে। এই লক্ষ্য অর্জনের জন্য খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সামর্থ্য গড়ে তুলতে বছরব্যাপী কাঠামোবদ্ধ ও ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখা হবে, যা স্বল্পমেয়াদী বা তাৎক্ষণিক আয়োজনের পরিবর্তে হবে। দেশের সম্ভাবনাময় ১৫টি খেলাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে নিবিড় প্রশিক্ষণ শুরু করা হবে এই দীর্ঘমেয়াদী রোডম্যাপের আওতায়।

খেলোয়াড়দের অনুশীলন নির্বিঘ্ন করতে এবং তাঁদের মনোবল বাড়াতে আগামী জানুয়ারি মাস থেকে ৩৭২ জন নির্বাচিত খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। বিশেষ করে শুটিং ডিসিপ্লিনে যাঁরা নিয়মিত ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন, তাঁদের মধ্য থেকে আরও বেশি সংখ্যক শুটারকে ভবিষ্যতে এই ভাতায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা অন্বেষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রতিভা বিকাশ কার্যক্রমের আওতায় নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় সিজনে শুটিং ও আর্চারি ডিসিপ্লিনকে নতুন করে যুক্ত করা হচ্ছে। এছাড়া, জেলা পর্যায়ের শুটিং ক্লাবগুলোকে পুনরায় সচল ও প্রাণবন্ত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহযোগিতা দেওয়া হবে। ক্রীড়া শিক্ষাকে শৈশব থেকেই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রয়োজনে পঞ্চম শ্রেণি থেকেই শুটিংকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি সাবেক জাতীয় খেলোয়াড়দের অবদানের প্রতি সম্মান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ কল্যাণমূলক উদ্যোগের ঘোষণাও দেন। তিনি জানান, আগামী জানুয়ারি মাস থেকে ২০০ জন সাবেক জাতীয় খেলোয়াড়কে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হবে। এই ভাতা প্রদানের ক্ষেত্রে আর্থিকভাবে অসচ্ছল ও অসুস্থ খেলোয়াড়দের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা-ঢাকা রুটে নতুন জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস চালু শনিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


খুলনা-ঢাকা রুটে নতুন জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস চালু শনিবার

খুলনা, ২৬ নভেম্বর, ২০২৬ : নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বাংলাদেশ রেলওয়ে সাময়িকভাবে স্থগিত করেছে।

নতুন ট্রেন ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ আগামী শনিবার (২৮ নভেম্বর) থেকে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চালু হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) অফিস থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনা করে যাত্রী ও রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ট্রেন দুটির চলাচল স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং রেলওয়ের কোচ বা রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য বিকল্প রুটে এক জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

অন্যদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দুই পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে। প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ট্রেনটির কোচ বিন্যাস, মার্শালিং ও আসনসংখ্যা জাহানাবাদ এক্সপ্রেসের মতোই থাকবে।

খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পাকশী ও ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রেন দুটির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বাসসকে জানান, আগামী শনিবার থেকে বিকল্প রুটে খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু হবে।

তিনি বলেন, সকাল ৮টায় ট্রেন খুলনা ছেড়ে যাবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনায় এলো নতুন প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনায় এলো নতুন প্রস্তাব

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা অব্যাহত রয়েছে ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার জন্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা নিয়মিত নতুন ধারণা ও প্রস্তাব উপস্থাপন করছেন। তবে, তিনি স্পষ্ট করেছেন যে, এসব উদ্যোগের মধ্যেও তেহরানের মূল অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

আরাগচি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাঁরা ধারাবাহিকভাবে বিভিন্ন ধারণা ও প্রস্তাব সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরছেন।

তিনি আরো বলেন, ‘এর ফলে কিছু নতুন ধারণা ও প্রস্তাব সামনে এসেছে। এগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে।’

তবে, আরাগচি নতুন প্রস্তাবগুলো, ইরানের সুনির্দিষ্ট দাবিগুলো এবং সেগুলো বাস্তবায়নের বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%