০৩:০২ পি.এম
সিরাজগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল পাচারের অভিযোগে ট্রাকচালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা না দিলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২-এর বিচারক আবু খান শাহীন কনক এই রায় ঘোষণা করেন। এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, "রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।"
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন হলেন নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়ার আতোয়ার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (৩২) এবং অপরজন একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)।
আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে একটি ট্রাক আটক করা হয় এবং ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।
পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় এ এসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের পর আজ আদালত আসামিদের বিরুদ্ধে এই রায় প্রদান করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন