মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০২:৩৯ পি.এম
নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর মুক্তির তারিখ নির্মাতারা ঘোষণা করেছেন। ছবিটির প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছাড়া, অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২০ অক্টোবর দশেরার দিন থেকে।
মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে সম্প্রতি প্রকাশিত নতুন একটি পোস্টারের মাধ্যমে। এর আগে ছবিটির আন্তর্জাতিক ট্রেলার ও ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তির সময়সূচি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হওয়ার ফলে দর্শকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। নতুন ঘোষণার মাধ্যমে সেই অনিশ্চয়তা দূর হয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে। হনুমানের চরিত্রে সানি দেওলসহ আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকে দেখা যাবে।
নির্মাতা নমিত মালহোত্রার প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে। প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রকল্পটি দুই পর্বে মুক্তির পরিকল্পনা করেছে। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সালের দীপাবলি নির্ধারণ করা হয়েছে।
ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। নির্মাতারা জানিয়েছেন, ছবিটি আইম্যাক্সসহ বিভিন্ন প্রিমিয়াম ফরম্যাটেও প্রদর্শিত হবে।
মহাকাব্যিক কাহিনি, তারকাবহুল অভিনয়শিল্পী এবং বড় পরিসরের নির্মাণের কারণে ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই রয়েছে। মুক্তির তারিখ ও অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণার পর ছবিটি ঘিরে সেই আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফেনীর সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগের মুখোমুখি হচ্ছি। এসব দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।
মহড়ায় ভূমিকম্পের ফলে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি ভূমিকম্পের পর ভবনে অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলা, আগুন নিয়ন্ত্রণে কেমিক্যাল ফোম ব্যবহার এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে মানুষকে উদ্ধারের বিভিন্ন কৌশল তুলে ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এ ছাড়া বাসাবাড়িতে আগুন লাগলে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণের উপায়, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। এসব প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত জুন মাসে লন্ডনের একটি নাইটক্লাবে ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ইংল্যান্ডের ক্রিকেটে তোলপাড় সৃষ্টি করেছিলেন রাগবি খেলোয়াড় তোতোয়া আওভা। একটি পৃথক ঘটনার পর ক্লাব সারাসেন্স আওভাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
চেলসির রেক্স রুমস নাইটক্লাবে ইংল্যান্ডের নিরাপত্তাকর্মীকে লক্ষ্য করে ঘুষি মারেন আওভা। তবে তার মূল লক্ষ্য ছিলেন গাস অ্যাটকিনসন। এই সংঘর্ষের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দলে অ্যাটকিনসন ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওই সময় নাইটক্লাবে উপস্থিত ছিলেন স্টোকসও। তাদের আচরণ নিয়ে বোর্ড তদন্ত শুরু করে।
স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং ইসিবির নিজস্ব তদন্তে দুজনকেই দোষমুক্ত ঘোষণা করা হয়। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তদন্তে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে, ইসিবির তদন্তে বলা হয়, দুজনই তাদের চুক্তির নির্দিষ্ট কিছু শর্ত ভঙ্গ করলেও সহিংস আচরণের জন্য কাউকে দায়ী করা সম্ভব হয়নি।
স্টোকস একাধিকবার ইঙ্গিত করেছেন, ওই ঘটনা এবং ইসিবির ভূমিকা তার ওপর প্রভাব ফেলেছিল। ওই মাসের শেষে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।
ঘটনার সময় ২১ বছর বয়সী আওভার পাশে সারাসেন্স প্রকাশ্যে দাঁড়িয়ে ছিল। তারা তদন্ত দ্রুত শেষ করার ইঙ্গিত দিয়ে ইসিবির ভূমিকার সমালোচনা করেছিল। ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার ও সারাসেন্সে আওভার সতীর্থ জেমি জর্জ তখন তাকে বর্ণনা করেছিলেন, ‘হেডলাইটের আলোয় দিশেহারা খরগোশের মতো’, যিনি ‘এই মুহূর্তে ঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারছেন না’ বলে মন্তব্য করেছিলেন।
তবে চলতি সপ্তাহান্তে সেন্ট অ্যালবানসে এক ব্যক্তিকে ঘুষি মারার অভিযোগ ওঠার পর ক্লাবটি আওভাকে বরখাস্ত করে।
সোমবার (১২ অক্টোবর) সকালে সারাসেন্স জানায়, তাদের একাডেমির এক খেলোয়াড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ‘পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্ত’ করা হবে। পরে ওই দিনই ক্লাবটি নিশ্চিত করে, আওভা ‘অবিলম্বে ক্লাব ছেড়েছেন’।
এক বিবৃতিতে সারাসেন্স জানায়, ‘সারাসেন্স নিশ্চিত করছে যে সিনিয়র পুরুষ দলের একাডেমির সদস্য তোতোয়া আওভা অবিলম্বে ক্লাব ছেড়েছেন। চলতি সপ্তাহান্তের একটি ঘটনার পর ক্লাবের সিদ্ধান্ত, তার আচরণ সারাসেন্সের প্রতিনিধিত্বকারী প্রত্যেকের কাছ থেকে মাঠের ভেতরে ও বাইরে যে মান প্রত্যাশা করা হয়, তা পূরণ করতে পারেনি। সমর্থক, তরুণ এবং অংশীদারদের প্রতি আমাদের দায়িত্ব আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করি। পুরো ক্লাবজুড়ে প্রত্যাশিত আচরণবিধি বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না, এটি সরকারের স্পষ্ট অবস্থান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শাহে আলম উল্লেখ করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য এবং সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকার স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো কলঙ্ক নিতে রাজি নয়। নির্বাচন কমিশনকে উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এই অর্থবছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত সরকারের রয়েছে। নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে, যদি সম্ভব হয়, তাহলে আরও কোনো তারিখ নির্ধারণ করে জুনের মধ্যে সব নির্বাচন শেষ করার ব্যবস্থা করা হোক। নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। যদি নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে বাজেট পরবর্তী অর্থবছরে চলে যাবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনই সঠিক উত্তর দিতে পারবে। জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছি।
৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
আগামী ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় চীন মৈত্রী সম্মেলনের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, সারা দেশ থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ এই সমাবেশে অংশগ্রহণ করবেন।
মীর শাহে আলম জানান, আইন দ্বারা প্রতিষ্ঠিত বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গ্রাম পুলিশ কার্যক্রম পরিচালিত হয়। আইনগতভাবে তাদের ক্ষমতা, বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য প্রস্তাবনা চাওয়া হয়েছে। সমাবেশে তাদের চাওয়া-পাওয়া সম্পর্কে জানতে চাওয়া হবে এবং সেগুলো সমাধানের বিষয়টি দেখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সন্দেহের কারণে ঘুমন্ত সুফিয়া আক্তার নিশি নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের স্বামী আব্দুল মান্নান মনির ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া সন্দেহ এবং পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্ত্রী নিশি ঘুমিয়ে পড়লে মনির তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং গলা কেটে হত্যা করেন। এরপর তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে হত্যার কথা জানান। পরে বন্দর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই সময় অভিযুক্ত স্বামী মনিরকেও আটক করা হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযুক্ত স্বামী মনির স্ত্রীকে হত্যার কথা নিজেই স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কার্যক্রম চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ