ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দীর্ঘ প্রতীক্ষার অবসান: মাদারীপুর জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ


দীর্ঘ প্রতীক্ষার অবসান: মাদারীপুর জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ

দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ১০ শয্যার আধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা চালু হয়েছে। প্রাথমিকভাবে হামে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য এই সেবা শুরু করা হলেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করে সব ধরনের সংকটাপন্ন রোগীর জন্য আইসিইউ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া আনুষ্ঠানিকভাবে আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদারীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল জেলা হাসপাতালে একটি কার্যকর আইসিইউ সেবা চালু করা। আজ সেই প্রত্যাশার বাস্তবায়নের সূচনা হলো। আপাতত হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ চালু করা হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করে সব ধরনের রোগীর জন্য পূর্ণাঙ্গ আইসিইউ সেবা চালু করা হবে।”

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তিনি আরও বলেন, “উন্নত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। জেলার মানুষ যাতে চিকিৎসার জন্য ঢাকামুখী না হয়, সে লক্ষ্যেই সরকার স্বাস্থ্য খাতে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জেলা হাসপাতালে আইসিইউ চালু হওয়া সেই উন্নয়ন কর্মকাণ্ডেরই গুরুত্বপূর্ণ অংশ।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ২৫০ শয্যা জেলা হাসপাতালটিতে আইসিইউ ইউনিট স্থাপনে তিন কোটিরও বেশি টাকার অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। ২০২৩ সালে ইউনিটটির উদ্বোধন করা হলেও বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ানের সংকটের কারণে এতদিন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে মূল্যবান যন্ত্রপাতিগুলো দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

এতদিন আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের ফরিদপুর কিংবা ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করতে হতো। এতে রোগী ও স্বজনদের বাড়তি অর্থ ব্যয়, সময়ক্ষেপণ এবং নানা ভোগান্তির শিকার হতে হয়েছে।

রোগীর স্বজন ইসমাইল খান বলেন, “গুরুতর অসুস্থ রোগীদের আইসিইউ সুবিধার জন্য দূরে নিয়ে যেতে হতো। এতে অনেক সময় রোগীর অবস্থা আরও জটিল হয়ে যেত। আইসিইউ চালু হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।”

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

আরেক স্বজন শহিদুল হাসান বলেন, “শুধু হাম রোগী নয়, হৃদরোগ, স্ট্রোক ও অন্যান্য জটিল রোগীরাও যেন এখানে চিকিৎসা পায়, সে জন্য দ্রুত পূর্ণাঙ্গভাবে আইসিইউ সেবা চালুর দাবি জানাচ্ছি।”

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদিন কমল জানান, জনবল সংকট থাকলেও হাম আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ সেবা চালু করা হয়েছে। ধাপে ধাপে জনবল সংকট নিরসনের মাধ্যমে ইউনিটটিকে পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যন্ত্রপাতির সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৫০ শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানসহ অনুমোদিত ২৬৭টি পদের মধ্যে বর্তমানে ১০২টি পদ শূন্য রয়েছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত এসব শূন্য পদ পূরণ করা হলে আইসিইউসহ হাসপাতালের অন্যান্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে জেলার প্রায় ১৩ লাখের বেশি মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।

দীর্ঘ প্রতীক্ষার পর আইসিইউ সেবা চালুর মাধ্যমে মাদারীপুরের স্বাস্থ্যসেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কুয়েতকে বিনিয়োগে উৎসাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কুয়েতকে বিনিয়োগে উৎসাহ

কুয়েতের আমিরি দিওয়ানবিষয়ক মন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলী আল-সাবাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, যিনি দেশটিতে নিযুক্ত আছেন।

সম্প্রতি অনুষ্ঠিত এই সাক্ষাৎ নিয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

তাদের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, প্রতিরক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর আলোকপাত করা হয়েছে।

তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে মতবিনিময় করেন এবং শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রসারের লক্ষ্যে গৃহীত প্রচেষ্টার প্রতি উভয় পক্ষের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব ও সংহতির বন্ধনের ওপর জোর দেন এবং ১৯৭৪ সালে বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের একীভূতকরণে কুয়েতের মূল্যবান সমর্থনের কথা স্মরণ করেন।

তিনি ওষুধ, চামড়াজাত পণ্য এবং সিরামিক পণ্যে বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি সম্ভাবনার ওপর আলোকপাত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলোতে কুয়েতের বৃহত্তর বিনিয়োগকে উৎসাহিত করেন। তিনি কুয়েতের উন্নয়ন চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে প্রকৌশলী, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং নার্সসহ দক্ষ পেশাজীবীদের সরবরাহে জোর দেন।

কুয়েতের মন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে দেশটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং কুয়েতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবদানের প্রশংসা করেন।

তিনি ১৯৯১ সালে কুয়েতের মুক্তির সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের অব্যাহত পেশাগত সহায়তার কথাও স্মরণ করেন।

কুয়েতের মন্ত্রী বাংলাদেশের প্রতি কুয়েতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যম খাতের সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


গণমাধ্যম খাতের সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যম খাতের সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করেছেন।

তিনি বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নতুন নতুন গণমাধ্যম গড়ে উঠছে। এই পরিস্থিতি তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তাকে আরো বাড়িয়ে তুলেছে।

রবিবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার বিষয়ক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথাগুলো তুলে ধরেন।

গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যমের ব্যবহার রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, যা গণতন্ত্র এবং সাংবাদিকতার মানের জন্য উদ্বেগজনক।

তিনি আরো উল্লেখ করেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য দলীয় স্বার্থে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের উচিত কেবল জুলাই সনদ নয়, বরং গণভোটের রায়ও বাস্তবায়ন করা।

সোশ্যাল মিডিয়ায় নীতিবহির্ভূত কনটেন্ট বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের জন্যও নীতিমালা থাকা জরুরি।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে গণমাধ্যমকে সীমিত করার চেষ্টা চলছে। তাদের অভিযোগ, দলীয় লোক নিয়োগের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা

বাইরে থেকে দেখলে সাধারণ একটি ঝুপড়ি ঘর। তবে ভেতরে প্রবেশ করলেই মিলবে ভিন্ন চিত্র। নোয়াখালীর চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের বেদে পল্লীতে সরকারি খাস জায়গায় গড়ে তোলা একটি কুঁড়েঘরেই চলছে কথিত রাজকীয় জীবনযাপন। সেখানে স্থাপন করা হয়েছে বিলাসবহুল এয়ারকন্ডিশনার (এসি) ও পুরো আস্তানাজুড়ে বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।

স্থানীয়দের অভিযোগ, এই আস্তানার মূল হোতা ববিতা আক্তার সুমাইয়া (৩৫) নামে এক নারী। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, একসময় আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় ব্যবসা শুরু করলেও বর্তমানে বিএনপির কিছু নেতার আশ্রয়ে তিনি সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর আগে চাটখিল থানা পুলিশ কয়েক দফায় তাকে ইয়াবাসহ আটক করে আদালতে পাঠালেও জামিনে বের হয়ে পুনরায় একই ব্যবসায় জড়িয়ে পড়েন।

অভিযোগ অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্রেতাদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য আস্তানার চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রযুক্তির এই অপব্যবহারের মাধ্যমে বেদে পল্লী থেকে প্রকাশ্যে মাদক বিক্রি হওয়ায় চাটখিলের ছাত্র ও যুবসমাজ বিপথগামী হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তারা এই মাদক সিন্ডিকেটের নেপথ্যে থাকা গডফাদারদের আইনের আওতায় এনে অবৈধ আস্তানা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি কে হানিফ বলেন, "একজন মাদক কারবারির কাছে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও স্থানীয় মানুষ সবাই অসহায়। পুলিশ বা বহিরাগত কারও উপস্থিতি টের পেলেই তারা দেশীয় অস্ত্র নিয়ে দলবেঁধে বের হয়ে আসে। ববিতার এত ক্ষমতার উৎস খুঁজে বের করা দরকার। যারা তাকে পেছন থেকে সহযোগিতা করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।"

পুলিশ সূত্রে জানা যায়, ববিতা আক্তার সুমাইয়ার বিরুদ্ধে থানায় সাতটি মাদক মামলা রয়েছে। এ পর্যন্ত ছয়বার তিনি পুলিশের হাতে আটক হয়েছেন। তবে প্রতিবারই জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাকে আটক করতে গিয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা হামলার শিকার হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ববিতা আক্তার সুমাইয়ার মুঠোফোনে কল করেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।  

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ওই নারী মাদক কারবারি। তাকে কতবার ধরে চালান দিলাম। এখন সড়ক জনপথ বিভাগের একটি জায়গা টার্গেট ছিল। সেটা না পেরে এখন নাকি নতুন করে ঘর দরজা উঠাচ্ছে। আমি আসার পর তার বিরুদ্ধে দুটি মাদকের মামলা দেওয়া হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। কিছু দিন আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তার এমন বিলাসবহুল জীবনযাপনের বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ দিনের সফরে অস্ট্রেলিয়া গেছেন কুবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


১৪ দিনের সফরে অস্ট্রেলিয়া গেছেন কুবি উপাচার্য

অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ১৪ দিনের সফরে অস্ট্রেলিয়ায় গেছেন।

জানা যায়, ১৪ জুন শনিবার তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এই সফর ১৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলতে থাকবে। সফরের উদ্দেশ্য হলো অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি)-এর অর্থায়ন ও উদ্যোগে আয়োজিত ‘অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি’ (এপিও) প্রোগ্রামের অধীনে 'অস্ট্রেলিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রশাসকদের শিক্ষা সফর' এ অংশগ্রহণ করা। এই সফরের জন্য তিনি ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ কর্তৃক নির্বাচিত হয়েছেন।

কুবি উপাচার্যের সফরে বাংলাদেশের আরও সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। সফরকালে, প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, ডেকিন বিশ্ববিদ্যালয়, মোনাস বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ) সিডনি এবং ইউনিভার্সিটি অব উলংগং পরিদর্শন করবে।

অতিরিক্তভাবে, তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা, আন্তর্জাতিকীকরণ, গবেষণা সহযোগিতা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং শিল্প–একাডেমিক সংযোগ বিষয়ক বিভিন্ন কর্মশালা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের জন্য সুপরিচিত। এই শিক্ষা সফরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা, গবেষণা সহযোগিতা, আন্তর্জাতিকীকরণ এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে।

উপাচার্য আরও বলেন, 'এই সফরে অস্ট্রেলিয়ার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো আমরা পরিদর্শন করব। সেখানকার গবেষণার মান ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেব।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%