ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে: রিজভী


কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে: রিজভী

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের তুরস্কের উদ্দেশে যাত্রার আগে তাদের বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।

রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে সমাদৃত উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও ছিল।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

তিনি বলেন, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা ভয়াবহভাবে বাড়ছে। মানবজাতি এখন বিপন্ন পরিস্থিতির মুখোমুখি। এমন সময়ে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এর মধ্য দিয়ে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।

তিনি আরও বলেন, সুন্দর এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের যেসব ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে, সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আন্তর্জাতিক এই সম্মেলন যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে।

কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের কার্বন নিঃসরণের তুলনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে আশা করছি।

এ সময় জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ হিসেবে পৃথিবীতে কার্বন নি:সরণ আমরা খুবই কম করি। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। যারা বেশি কার্বন নিঃসরণ করছে, তারা বাংলাদেশের ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সেই বিষয়টি তুলে ধরা হবে।

আরও পড়ুন: মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় আহত শিক্ষার্থী

নুরুল ইসলাম মনি আরও বলেন, আমরা কোনো মার্সি চাই না। আমরা চাই ন্যায়বিচার হোক। অন্যের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চার ইউনিট নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চার ইউনিট নিয়ন্ত্রণে

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।

এর আগে, গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর

জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, আজ বিশ্বের ১২৬ শহরের মধ্যে দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। লাহোরের বায়ুমান স্কোর ৩০৩। এই বায়ুমানের মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার অষ্টম স্থানে রয়েছে, যার বায়ুমান স্কোর ১৫১। ঢাকার বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকের মাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ওইদিন বিশ্বের বায়ুদূষণের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৩০৩। এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার বায়ুমান স্কোর ২৩২। তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যেখানে বায়ুমান স্কোর ১৭০।

চতুর্থ স্থানে অবস্থান করছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, যার স্কোর ১৬৩ এবং পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালার বায়ুমান স্কোর ১৬২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে। ওই যুবকের মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকার সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাতে বার্মাস্ট্যান্ড এলাকায় সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। সুরতহালকালে পুলিশ নিহত ব্যক্তির মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পায়।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে রাত ১০টার মধ্যে যেকোনো সময় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টেইন

বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরের পূর্বে নতুন ব্যাটিং কোচের নিয়োগ পেয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও কোচ ডেল বেনকেনস্টেইন খণ্ডকালীন ব্যাটিং স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ৫২ বছর বয়সি এই কোচ আসন্ন সিরিজে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের উন্নয়ন নিয়ে কাজ করবেন।

জাতীয় দলের ব্যাটিং কোচের পদে দীর্ঘদিন ধরে পরিবর্তন চলছে। মোহাম্মদ আশরাফুল প্রায় এক বছর দায়িত্ব পালনের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে মোহাম্মদ সালাউদ্দিনকে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই সিরিজের পর তার মেয়াদও শেষ হয়ে যায়। এখন বেনকেনস্টেইন নতুনভাবে দায়িত্ব নিচ্ছেন।

কোচ হিসেবে তার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের কোচিং স্টাফেও কাজ করেছেন।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে। দুই দল সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। নতুন ব্যাটিং স্পেশালিস্টের অধীনে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%