ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

হাবিপ্রবির ১৪ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি


হাবিপ্রবির ১৪ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

শিক্ষা ছুটি শেষ হয়ে গেলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অন্তত ১৮ জন শিক্ষক ক্যাম্পাসে ফেরেননি। এদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকুরীচ্যুত করেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষক সংখ্যা প্রায় ৩৯২ জন। এর মধ্যে ৬৯ জন উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণের জন্য শিক্ষা ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে ৫২ জন বিদেশে এবং ১৭ জন দেশে অবস্থান করছেন। শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর অন্তত ১৮ জন শিক্ষক দেশে ফেরত আসেননি।

প্রশাসন সূত্রে জানা যায়, এদের মধ্যে ১৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০০৪-এর 4.1 এর f) ধারা অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি (চাকরি থেকে বরখাস্ত) দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী তাদের কাছ থেকে ছুটিকালীন বেতন ফেরত নেওয়া হয়েছে এবং সেই অর্থের সঙ্গে সুদসহ আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যেই চাকরিচ্যুত শিক্ষকরা কয়েক কোটি টাকা ফেরত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। যারা এখনো ফেরত দেননি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া আরও ৪ জন শিক্ষককে নোটিশ দেওয়া হয়েছে, যথাযথ জবাব না পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের অভিযান, ৯ জন আটক

চাকরিচ্যুত শিক্ষকদের অডিট আপত্তিসহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা ছুটিকালীন বেতনসমূহ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হয়েছে। অন্যথায় পাওনা টাকা আদায়ের জন্য সরকারি পাওনা আদায় (PDR) আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

দেশে না ফেরার কারণে হিসেবে অনেক শিক্ষক বিদেশে স্থায়ী চাকরি বা গবেষণায় যুক্ত হওয়ার কথা জানিয়েছেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কেউ দেশে ফেরেননি—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান বলেন, বর্তমান প্রশাসন শিক্ষাছুটি শেষে শিক্ষকদের ফিরিয়ে আনার ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে। যারা নিয়ম অনুযায়ী দেশে ফেরেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই শিক্ষকরা বিদেশে জ্ঞান অর্জন করে দেশে এসে শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞান ছড়িয়ে দিক। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের মান আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপির মহাপরিচালকের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চল চরমভাবে বঞ্চিত: বরিশালের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি আলালের

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চল চরমভাবে বঞ্চিত: বরিশালের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি আলালের

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণবাংলা তথা বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংহতি প্রকাশ করে তিনি এ অভিযোগ করেন। দক্ষিণবাংলা ফোরাম, বরিশাল জেলা সমিতিসহ প্রায় ১০টি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একনেকে অনুমোদন পাওয়া ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্পের জন্য নতুন বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। অথচ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে।

মানববন্ধনে দক্ষিণবাংলা ফোরামের মুখপাত্র সাংবাদিক বদরুল আলম নাবিল বলেন, ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের ৪০টি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য ১১ হাজার ৬২৮ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হলেও বরিশাল বিভাগ তথা দক্ষিণাঞ্চলের জন্য কোনো বিশেষ বরাদ্দের প্রস্তাব রাখা হয়নি।

বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বলেন, দেশের ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের চাপ মোকাবিলায় বিকল্প সমুদ্রবন্দর হিসেবে পায়রা বন্দরকে দ্রুত পূর্ণাঙ্গভাবে সচল করা প্রয়োজন। তিনি জানান, পায়রা বন্দরের ড্রেজিং ও রক্ষণাবেক্ষণে প্রায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হলে বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা সরকারি রাজস্ব আয় সম্ভব বলে বন্দরের চেয়ারম্যানের তথ্য রয়েছে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা দক্ষিণাঞ্চলের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ভোলা–বরিশাল সেতু নির্মাণ, নদীভাঙন রোধে দক্ষিণাঞ্চলের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করে ভোলা–বরিশাল–পটুয়াখালী অঞ্চলে শিল্পকারখানা স্থাপন, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, কুয়াকাটায় বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং ভাঙ্গা–কুয়াকাটা রেললাইন নির্মাণ।

বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের এসব জনদাবি বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটে সংশোধনী এনে বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে পিছিয়ে থাকা দক্ষিণবাংলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মানববন্ধনে দক্ষিণবাংলা ফোরাম ছাড়াও বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জেলা সমিতি, পটুয়াখালী জেলা সমিতি, বরগুনা জেলা সমিতি, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, পটুয়াখালী জেলা সাংবাদিক ফোরামসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা সমিতি, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগের সাথে যুক্ত প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে, সদর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যা তারা প্রতারণার কাজে ব্যবহার করছিলেন।

শনিবার (২৭ জুন) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন-পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা এলাকার মো. সুজন (৩৪) এবং শিবরামপুর এলাকার মো. আরিফুল ইসলাম (৪০)।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান চিহ্নিত করে শুক্রবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা বলেছেন, দীর্ঘদিন ধরে তারা ডিবি পুলিশের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। এরপর বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করে নিজেদের মধ্যে ভাগ করে নিতেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রটি ভুয়া নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে অপরাধমূলক কাজ করত এবং বিকাশ এজেন্ট নম্বরের মাধ্যমে চাঁদার টাকা সংগ্রহ করত।

এই ঘটনায় গ্রেপ্তারকৃত ২জনের সাথে আরো ২জন নামধারী এবং ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘চক্রের পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং পুরো চক্রটিকে শনাক্ত করার জন্য তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।’

জনসাধারণকে সতর্ক করে তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে যদি কেউ ফোনে অর্থ দাবি করে বা ভয় দেখায়, তবে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পর এবার নতুন লক্ষ্য নির্ধারণ করল ইস-রা-য়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ইরানের পর এবার নতুন লক্ষ্য নির্ধারণ করল ইস-রা-য়েল

ইরানের সঙ্গে সংঘাত এখনো পুরোপুরি শেষ হয়নি। কিন্তু এর মধ্যেই বর্বর ইসরায়েল মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবারে নতুন প্রতিপক্ষ খুঁজছে। এ ধরনের একটি ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের এক প্রভাবশালী জাতীয়তাবাদী নেতা। তার বক্তব্য অনুযায়ী, আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েল মিসরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে। এছাড়া, তিনি তুরস্ককেও ভবিষ্যতের একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

জেরুজালেমে অনুষ্ঠিত জিউইশ নিউজ সিন্ডিকেট ইন্টারন্যাশনাল পলিসি সামিটে এই ভবিষ্যদ্বাণীটি উপস্থাপন করেন হারুত সেন্টারের প্রধান নির্বাহী এবং ইসরায়েলের জাতীয়তাবাদী শিবিরের পরিচিত মুখ আমিয়াদ কোহেন। তার মতে, ইরান ও তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’কে দুর্বল করার ফলে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতার সৃষ্টি হবে। সেই নতুন বাস্তবতায় শিয়া শক্তির পরিবর্তে সুন্নি রাজনৈতিক শক্তিগুলো ইসরায়েলের জন্য কেন্দ্রীয় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠবে। সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

কোহেন এছাড়া দাবি করেছেন, মুসলিম ব্রাদারহুড মিসরের ক্ষমতায় ফিরে আসবে। এবং সেই পরিবর্তন দুই দেশের মধ্যে নতুন সংঘাতের পথ রচনা করতে পারে। অতিরিক্তভাবে, তিনি তুরস্ককেও ভবিষ্যতের বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। তার বক্তব্য অনুযায়ী, আঙ্কারা ধীরে ধীরে আঞ্চলিক প্রভাব বিস্তার করছে, এবং ইসরায়েলকে সেই উত্থানকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

সম্মেলনের আলোচনায় কোহেন আরও বলেন, মুসলিম ব্রাদারহুড শুধু মধ্যপ্রাচ্যে নয়, যুক্তরাষ্ট্রেও নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি নিউইয়র্কের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন।

আগে ইতিমধ্যে সাবেক ইসরায়েলি গোয়েন্দা সহযোগী জোনাথন পোলার্ডও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। তার মতে, ইরানের পরে তুরস্ক ও মিসর হতে পারে ইসরায়েলের পরবর্তী কৌশলগত উদ্বেগের কেন্দ্র।

তবে বাস্তবতা এখনো ভিন্ন চিত্র দেখাচ্ছে। ১৯৭৯ সালের শান্তিচুক্তির পর থেকে ইসরায়েল ও মিসরের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বজায় রয়েছে। অন্যদিকে, তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক নানা সময় উত্তেজনাপূর্ণ হলেও, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ কখনোই পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি।

তবে জেরুজালেমের এই সম্মেলনে উঠে আসা বক্তব্যগুলোর মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে। কিছু রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ইতিমধ্যেই ভবিষ্যতের হুমকির মানচিত্র নতুন করে আঁকার প্রক্রিয়ায় রয়েছেন। যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি দূর হয়নি। তবে সেই ধোঁয়ার আড়ালে হয়তো নতুন ভূরাজনৈতিক লড়াইয়ের ছক তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে, যেখানে ইরানের জায়গায় নতুন নাম হিসেবে উঠে আসছে মিসর ও তুরস্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি নতুন বইবোঝাই ট্রাক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


সরকারি নতুন বইবোঝাই ট্রাক জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়া থানায় সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই, পুরোনো পাঠ্যবই এবং খাতাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে প্রশাসন দ্বারা।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পৌর শহরের উত্তর মিঠাখালী এলাকার আরাফাত মঞ্জিলের সামনে থেকে এই বইভর্তি ট্রাকটি জব্দ হয়।

অভিযান ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মিঠাখালী এলাকার মেসার্স হান্নান এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে বগুড়া ট্রান্সপোর্টের একটি ট্রাকে সরকারি বইগুলো উঠানো হচ্ছিল। তখন এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানান। সংবাদ পেয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে সরকারি বইসহ ট্রাকটি জব্দ করেন।

এই সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ জানান, এক ফেরিওয়ালা জাকারিয়া হাওলাদার মঠবাড়িয়ার তুষখালী রোডের ভাঙাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স হান্নান এন্টারপ্রাইজের কাছে এই বই ও খাতা বিক্রি করেন। প্রতিষ্ঠানটি এলাকায় পুরোনো ব্যাটারি, লোহা, কাগজ ও প্লাস্টিক কেনাবেচা করে। আরো জানা গেছে, বিভিন্ন ফেরিওয়ালাদের কাছ থেকে ২ কেজি থেকে শুরু করে ৫-১০ কেজি করে দেড় বছর ধরে অনেক বই কিনেছেন।

ফেরিওয়ালা জাকারিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের কাছ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বইসহ মোট ৫৮৭ কেজি সরকারি বই ও খাতা কয়েক হাজার টাকায় কিনেছিলেন তিনি।

অভিযুক্ত ফেরিওয়ালা জাকারিয়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের ঠান্ডা মিয়া হাওলাদারের ছেলে।

এ বিষয়ে জানতে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, দুজন শিক্ষককে নিয়ে কিছু পুরোনো বই মাত্র ৩২শ টাকায় বিক্রি করেছিলেন।

এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের এড়িয়ে গিয়ে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কাজ আছে, এখন কিছু বলতে পারব না।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, বইসহ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। যেহেতু বিষয়টি মোবাইল কোর্টের আওতাভুক্ত নয়, তাই আগামী রোববার অফিস চলাকালে উপজেলা পুরাতন বই বিক্রি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনিই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ প্রসঙ্গে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যালয়ে বই দেওয়া হয়, তাই অতিরিক্ত বই থাকার কথা নয়। আর যদি অতিরিক্ত বই থেকে থাকে, তবে তা বিক্রি করতে হলে উপজেলা কমিটিকে অবহিত করে নিলামের মাধ্যমে বিক্রি করতে হবে। প্রধান শিক্ষক বই বিক্রির বিষয়ে আমাকে কিছুই জানাননি। সহকারী কমিশনারের (ভূমি) প্রতিবেদন পাওয়ার পর কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%