১২:৩৪ পি.এম
গত ৯ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দুই দফায় ৪৩ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ জোরপূর্বক ঠেলে পুশইনের চেষ্টা করেছে। তবে স্থানীয়দের সহযোগিতায় বিজিবির প্রতিরোধে তাদের বিএসএফ ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে।
এদিকে, দুই দফায় পুশইনের চেষ্টা ব্যর্থ হলে চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৮৪ কিলোমিটার সীমান্তে বিজিবি কঠোর নজরদারি, সতর্কতা, টহল ও তৎপরতা বৃদ্ধি করেছে। বিজিবি তিনটি ব্যাটালিয়নে জনবল বৃদ্ধি করেছে। এর পাশাপাশি, স্থানীয় বাসিন্দারাও সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে।
নদী ও বিলে নৌকা এবং স্থলপথে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা ব্যবহার করে বিজিবি টহল ও নজরদারি করছে। এছাড়া, রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে নজরদারি চলমান রয়েছে। স্থানীয়দের ধারনা, কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তের সুযোগকে কাজে লাগিয়ে ঠেলে পাঠানো হচ্ছিল।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়,
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জন নারী-পুরুষকে বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়। রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। পুশইনের শিকার দলের মধ্যে দুজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল।
এছাড়া চলতি মাসের গত ০৪ জুন ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয় বিএসএফের পক্ষ থেকে। পরবর্তী সময়ে বিজিবির বাধার মুখে তাদের শূন্যরেখায় তিন দিন থাকার পর ফেরত নেয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন