বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৫:৩৪ পি.এম
বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর (BEAR) সামিট। আগামী শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় ঢাকার নভোথিয়েটারে এই সামিটের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গঠনে একটি নতুন কৌশলগত ভিশন নিয়ে এগোচ্ছে আর সেটা হচ্ছে- ‘Science to Economy: Building a Market-Linked, Innovation-Driven Bangladesh’.
সচিব আরও বলেন, বাংলাদেশকে বৈশ্বিকভাবে সংযুক্ত একটি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আগামী ২৫ ও ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট ২০২৬।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারত্বে আয়োজিত এই দুই দিনব্যাপী সামিটে সরকারের নীতি নির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তাঁরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর অর্থনীতিই সমৃদ্ধির মূল চাবিকাঠি। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশকে একটি উচ্চপ্রযুক্তি সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে এবং গবেষণার বাণিজ্যিকীকরণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আরও বলেন, এই সামিটের মূল লক্ষ্য হলো—বাংলাদেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবোটিক্স শিল্পের বর্তমান অবস্থা, মানবসম্পদ উন্নয়ন, দেশি-বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বিশ্ব দরবারে ও গণমাধ্যমে তুলে ধরা। এখানে দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্টলগুলোতে প্রদর্শনীর মাধ্যমে বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক সম্পর্কে আগত দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হবে। এছাড়া ১১ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে যেখানে গবেষক শিক্ষক বিজ্ঞানমনস্ক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও উদ্যোগসমূহ সম্পর্কে সচিব বলেন, সরকার, শিল্প খাত ও একাডেমিয়ার যৌথ সমন্বয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা ও নীতি নির্ধারণে ‘ন্যাশনাল AI ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হচ্ছে।
সচিব আনোয়ার হোসেন জানান, ‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে আন্তর্জাতিক বিশিষ্ট নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন। তাঁদের মধ্যে রয়েছেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস। সাতটি কৌশলগত প্যানেল আলোচনায় সরকারের প্রতিনিধি, বিএসআইএ-র সদস্য প্রতিষ্ঠান, বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষাবিদ, বৈশ্বিক বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় এবং বিদেশি সেমিকন্ডাক্টর শিল্প সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
তিনি আরও বলেন, এসব আলোচনায় সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল উন্নয়ন, ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারত্ব, গবেষণা, উন্নত উৎপাদনব্যবস্থা, বাণিজ্যিকীকরণ এবং উদীয়মান ডিপ-টেক প্রযুক্তি নিয়ে আলোচনা করা হবে। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের মতো প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। তাঁদের অংশগ্রহণ বৈশ্বিক সেমিকন্ডাক্টর সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রতিফলন ঘটাবে। ‘বাংলাদেশের ডিপ-টেক ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে সামিটের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ক্রেইস্ট ফেলোস রিসার্চ সিম্পোজিয়াম, যেখানে দেশের উদীয়মান সেমিকন্ডাক্টর গবেষকদের গবেষণাকর্ম উপস্থাপন করা হবে।
সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হবে বেয়ার ইনোভেশন এক্সপো ২০২৬। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হবে এবং এক্সপোতে মোট ৩৫ টি প্রদর্শনী স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএসআইএর সভাপতি এম. এ. জাব্বার, সেক্রেটারি মো. হাসেম প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ এসেছে। সুন্দরবন এলাকার সমুদ্র উপকূল থেকে ধরা পড়া এই মাছটি দেখতে বাজারে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমেছে। মাছটির দাম প্রতি কেজি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কাজীর দেউড়ি বাজারের একজন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন গণমাধ্যমকে এই তথ্য প্রদান করেন।
তিনি জানান, সুন্দরবন এলাকার একটি মাছ ধরার ঘাট থেকে দুই দিন আগে তাকে ফোন করে মাছটির বিষয়ে অবগত করা হয়। এরপর তিনি মাছটি কেনার সম্মতি দিতে বাধ্য হন। তিনি বলেন, মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কেনা হয়েছে। এর বাইরেও পরিবহনে আরও ১০ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছের অগ্রিম বুকিং হয়েছে। শনিবার (২৫ জুলাই) পর্যন্ত মাছের বুকিং চলবে। বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।
তিনি আরো বলেন, এত বড় কোরাল মাছ সাধারণত বাজারে আসে না। তাই মাছটি দেখতে মানুষের আগ্রহ যেমন সৃষ্টি হয়েছে, তেমনি এটি ভালো মানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেক ক্রেতা আগেভাগে বুকিং দিচ্ছেন।
সামুদ্রিক কোরাল মাছ স্বাদ ও পুষ্টিতে সমৃদ্ধ। সাধারণত এটি বঙ্গোপসাগর এবং অন্যান্য উষ্ণ জলের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, কে সাংবাদিক এবং কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি।
তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।
তাৎক্ষণিক চিন্তা থেকে বেরিয়ে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের কল্যাণের জন্য তিনি অন্যান্য কথা বলার পাশাপাশি, প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন।
এছাড়াও তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের সময় দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বাধিক সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা বজায় রাখতে হবে। সরকারের গৃহীত সিদ্ধান্তগুলোর সর্বজনগ্রাহ্য হওয়ার বিষয়টি কমিটিকে স্মরণ করিয়ে দেন তিনি।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
গণমাধ্যমকে একটি বহুপাক্ষিক ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই। সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়; বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বাধিক সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করা উচিত।
তিনি আরো বলেন, কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা পরিস্ফুট হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের একটি কৌশলগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয় হিসেবে অভিহিত করে তিনি বলেন, এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে।
কমিটির সদস্যদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার ওপরই সিদ্ধান্তের সামগ্রিক গ্রহণযোগ্যতা নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
থাইল্যান্ডের মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি’ ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মি।
জান্নাতুল নওরীন ঊর্মি বুধবার (২২ জুলাই) সংলাপে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংকক শহরে পৌঁছান।
তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়া, তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার-এ আইন (এলএলবি) বিষয়ে অধ্যয়নরত আছেন।
তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘উইমেন অ্যান্ড ইয়ুথ ইন ডেমোক্রেসি (WYDE) – উইমেন্স লিডারশিপ ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় এ ফেলোশিপ অর্জন করেছেন, যা বাস্তবায়ন করছে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএন উইমেন।
এবারের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশ এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা।
এই আন্তর্জাতিক সংলাপ আগামী ২৩ ও ২৪ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।
জান্নাতুল নওরীন ঊর্মি এ বিষয়ে মন্তব্য করেন, "বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। একই সঙ্গে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণকে বড় দায়িত্ব হিসেবেই দেখছি। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক মূল্যবোধ, নারী নেতৃত্ব এবং তরুণদের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার সুযোগ পাব। এই ফেলোশিপ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে যুবসমাজ ও নারী নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগাতে চাই।"
এর আগেও নওরীন ঊর্মি আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি, তিনি বাংলাদেশ সরকারের মনোনীত ২০ সদস্যের প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে চীন সফর করেন। এছাড়া, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফেলোশিপেও তিনি অংশগ্রহণের সুযোগ পান।
নওরীন ঊর্মি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং তার জীবনযাত্রা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।
২০২০ সালের ১ মার্চ, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হন তিনি।
এই ঘটনার পর, দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয় এবং এখনও সেই হামলার শারীরিক জটিলতা তিনি বহন করছেন।
সব প্রতিকূলতা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে তার এই মনোনয়নকে বাংলাদেশের তরুণ নারী নেতৃত্বের জন্য একটি অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে যে, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের একটি কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে। সরকার এবং বিএনপির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের প্রসঙ্গে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা প্রদান করা হয়েছে। একইসঙ্গে, তার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।
রাষ্ট্রপতির কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার সম্পর্কিত একটি সূত্র বুধবার (২২ জুলাই) রাতের সময় বিষয়টি নিশ্চিত করে জানায়, রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা খুব শিগগিরই রয়েছে। তবে এই বিষয়ে সূত্রটি প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অপরদিকে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে কে আসতে পারেন, সেই নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন এমন একজন সচিবের নাম নতুনভাবে রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় উঠে এসেছে। যদিও এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং আরও কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হয়েছিল।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদকালে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব ধারণ করছে।
যদিও রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, "আমি এ বিষয়ে একেবারেই অবগত নই। রাষ্ট্রপতির পদ শূন্য হলে অনেকের নামই আলোচনা আসতে পারে, সেটিই স্বাভাবিক।"
এদিকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম রয়েছে।
তবে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ সম্পর্কিত এখন পর্যন্ত বঙ্গভবন অথবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা অথবা বক্তব্য প্রদান করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ