ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু, ২৪৫টি শিল্পকর্ম প্রদর্শিত


ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু, ২৪৫টি শিল্পকর্ম প্রদর্শিত

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে ৯০ জন শিক্ষার্থীর ২৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে সাতজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

আজ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এই প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।

কারুশিল্প বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আহাম্মদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৩৩ বছরের শিক্ষকতা শেষে রমা ভট্টাচার্যের অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা

অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী মন্তব্য করেন, চারুকলার শিল্পীদের সৃজনশীল শিল্পকর্ম সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, "এসব শিল্পকর্ম বিশ্বদরবারে তুলে ধরতে পারলে বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাপী ইতিবাচক ধারণা গড়ে উঠবে।"

তিনি আরও বলেন, বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী শিল্প খুঁজে বের করা এবং তা নিয়ে গবেষণা করা প্রয়োজন। বিজ্ঞানের সঙ্গে শিল্পের সমন্বয় বা সম্পর্ক কীভাবে তৈরি করা যায়, সেটিও গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।

তিনি উল্লেখ করেন, দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে কারুশিল্পের শিক্ষার্থীদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ সুযোগ সম্প্রসারণে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নন্দলাল না হয়ে আসেন, আমরা লড়াই করি: সালাহউদ্দিন আম্মার ছাত্রদলকে আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৩ বছরের শিক্ষকতা শেষে রমা ভট্টাচার্যের অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


৩৩ বছরের শিক্ষকতা শেষে রমা ভট্টাচার্যের অশ্রুসিক্ত বিদায়, কাঁদল শিক্ষার্থীরা

জীবনের ৩৩ বছরের শিক্ষকতা যাত্রা এখানেই শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রমা ভট্টাচার্যের কথা বলা হচ্ছে। শিক্ষকতা পেশার দীর্ঘ পথচলা শেষ করে তিনি বিদায় জানালেন প্রিয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এই শিক্ষিকার বিদায়বেলায় বিদ্যালয় প্রাঙ্গণ আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে ওঠে। সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে তাঁর অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শাহ ইলিয়াছ চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এবং চক্রশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনার এই আয়োজন শুধুমাত্র একজন শিক্ষিকার অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা ছিল না; বরং এটি ছিল দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা, ভালোবাসা, ত্যাগ ও অবদানের প্রতি সম্মিলিত শ্রদ্ধা নিবেদনের এক আবেগঘন মুহূর্ত। অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে রমা ভট্টাচার্য আবেগাপ্লুত হয়ে পড়েন। শুধু তিনি নয়, তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন।

বিদ্যালয় সূত্র জানায়, বিদায়ী সিনিয়র শিক্ষিকা রমা ভট্টাচার্য ১৯৯৪ সালের ১ জানুয়ারি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। এরপর থেকে দীর্ঘ ৩৩ বছর তিনি একই প্রতিষ্ঠানে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। এমএ ও বিএড ডিগ্রিধারী রমা ভট্টাচার্যের কর্মজীবনের পুরোটা জুড়েই ছিল এই বিদ্যালয়। যোগদানের প্রথম দিন থেকে অবসর গ্রহণের শেষ দিন পর্যন্ত একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা তাঁর শিক্ষকতা জীবনের একটি বিশেষ অর্জন।

পারিবারিক জীবনেও তিনি একজন সফল মা। তাঁর স্বামী ঝুলন চক্রবর্তী একজন ব্যবসায়ী ও ফার্মাসিস্ট। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে অম্লান চক্রবর্তী আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। মেয়ে কল্পিতা চক্রবর্তী ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন বলেন, ‘সিনিয়র শিক্ষিকা রমা ভট্টাচার্য তাঁর জীবনের পুরো যৌবন এ বিদ্যালয়ের জন্য উৎসর্গ করেছেন। তাঁর হাতে অসংখ্য শিক্ষার্থী গড়ে উঠেছেন। আমরা তাঁর পরবর্তী জীবন সুন্দর ও সুখময় হোক, সেই প্রত্যাশা করি।’

সিনিয়র শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘৩৩ বছরের মধ্যে ২৯ বছর রমা ভট্টাচার্যের সঙ্গে কেটেছে। কোনো দিন আমাদের মধ্যে মনোমালিন্য হয়নি। তিনি জীবনের বড় একটি অংশ এই বিদ্যালয়ে কাটিয়েছেন। আমরা তাঁর পরবর্তী জীবনের সফলতা কামনা করছি।’

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান মাথানত করবে না, অভ্যন্তরীণ সক্ষমতায় সংকট কাটাবে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


ইরান মাথানত করবে না, অভ্যন্তরীণ সক্ষমতায় সংকট কাটাবে: পেজেশকিয়ান

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চাপ ও নিষেধাজ্ঞার সামনে ইরান মাথানত করবে না। তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন, অভ্যন্তরীণ সক্ষমতার ভিত্তিতে ইরান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে। এই তথ্যটি আলজাজিরা থেকে জানা গেছে।

তুরস্কে চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির সঙ্গে বৈঠকের সময় পেজেশকিয়ান এসব মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর চাপ, নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি সত্ত্বেও দেশটির জনগণের মনোবল দুর্বল করা সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেন, ইরানের ভালো বন্ধু ও প্রতিবেশী রয়েছে। বিশেষ করে ইরাকি কুর্দিস্তানের জনগণের সঙ্গে সুসম্পর্ক থাকায় শত্রুরা দেশটিকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে সক্ষম হবে না।

তিনি অভিযোগ করেন, ইরানের শত্রুরা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পথ সীমিত করে সাধারণ মানুষের জীবনযাত্রায় আঘাত হানার চেষ্টা করছে। এমনকি খাদ্য ও ওষুধ সরবরাহের পথ বন্ধ করতে তারা অঞ্চলের বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করছে।

পেজেশকিয়ান আরও বলেন, কিছু দেশের নেতাদের মতো ইরানের নেতৃত্ব কিংবা জনগণ কেউই অন্যায়ের কাছে মাথা নত করবে না।

বৈঠকে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। বারজানি জবাবে বলেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে তার অঞ্চল প্রস্তুত রয়েছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি প্রবাসীর ১৭ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


সৌদি প্রবাসীর ১৭ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

বরিশালের কাজিরহাট থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে সৌদি আরব থেকে প্রবাসীর পাঠানো প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এই অভিযোগটি করেছেন প্রবাসীর ভাই রানা চৌধুরী। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা স্বর্ণ বুঝিয়ে না দিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী রানা চৌধুরীর ভাই রাসেল চৌধুরী এবং অভিযুক্ত মাসুদ সরদার উভয়েই সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। গত ৬ নভেম্বর, রাসেল চৌধুরী সৌদি আরব থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার মাসুদ সরদারের কাছে হস্তান্তর করেন, যা দেশে এসে রানার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। একই দিনে বিমানবন্দর থেকে মাসুদকে রিসিভ করেন তার সহযোগী রাশেদ খা।

বাদী রানা চৌধুরী জানান, এরপর থেকে তিনি মাসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন, কিন্তু ব্যর্থ হন। ৯ নভেম্বর সন্ধ্যায়, রানা তার বন্ধু দেলোয়ারকে নিয়ে মাসুদ সরদারের বাড়িতে যান। সেখানে কাউকে না পেয়ে অভিযুক্তদের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে তাদের বিশ্বাস জন্মে যে, ওই দুজন মিলে স্বর্ণালংকার আত্মসাৎ করে পালিয়ে গেছেন।

জানা গেছে, অভিযোগকারী রানা চৌধুরীর বাড়ি লক্ষ্মীপুরে, কিন্তু অভিযুক্ত মাসুদ সরদার ও রাশেদ খাঁর বাড়ি বরিশালের কাজিরহাটে। অভিযোগে মাসুদের বয়স ২৬ বছর এবং রাশেদের বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে প্রবাসী বড় ভাই রাসেল চৌধুরীর নাম রাখা হয়েছে।

এ ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে কাজিরহাট থানার ওসি বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী রানা চৌধুরী। পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের তর্কবিতর্ক, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন প্রসঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের তর্কবিতর্ক, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন প্রসঙ্গে

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ‘তর্কবিতর্ক’ সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের বৈঠকের শুরুতে এই ঘটনা ঘটে।

এদিন সংসদ অধিবেশনের কার্যসূচি অনুযায়ী প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পবিত্র কোরআন তিলওয়াতের পর বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরতে চান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তখন বলেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’

নাহিদ ইসলাম জবাব দেন, ‘না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’

স্পিকার তখন বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। আপনার বলার হয়তো…স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই, যিনি জবাব দেবেন।’

নাহিদ ইসলাম তখন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’

স্পিকার বলেন, ‘জবাব আশা করেন না, আচ্ছা বলেন...’

নাহিদ ইসলাম তখন বলেন, ‘আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।’

স্পিকার জবাব দেন, ‘আপনার মাইক তো অন আছে।’

এরপর নাহিদ ইসলাম তার বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই অগ্নিসংযোগের ফলে ওই বাড়িতে থাকা গবাদি পশু আগুনে পুড়ে মারা গেছে।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাত থেকেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন এবং তিনি নিজে কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। অথচ আজ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন যে, ঘটনাস্থলে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, যেখানে কোনো ফরেনসিক টিমই যায়নি এবং কোনো ধরনের ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে এটিকে পেট্রোল বোমা নয় বলে ঘোষণা দিলেন, তা তার বোধগম্য নয়।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা তা এখন স্পষ্ট। এর আগে পরশুদিন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা চালানো হলেও ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এছাড়া সারা দেশে মুহুর্মুহু পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটছে; এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

বলতব্যকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই নাকি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না, আর গতকাল তিনি পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা উন্নতির ফিরিস্তি দিয়েছেন।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার যদি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’

সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট তারা হলেও দ্বিতীয় টার্গেট সরকারে থাকা ব্যক্তিরাই হবেন। ফ্যাসিস্ট শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি জানান, তাদের পরিবার আক্রান্ত হলে সরকারের মন্ত্রী-এমপিদের পরিবারও রেহাই পাবে না।

আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাবের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন নাহিদ ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%