০৫:৩০ পি.এম
রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে এক পেট্রোল পাম্পকর্মীর কাছ থেকে বুকে পিস্তল ঠেকিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈ (৪১) কে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ অগাস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর এ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। তিনি আরও জানান, এই আসামির বিরুদ্ধে একই ধরনের ৯টি মামলা আগে থেকেই রয়েছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি তার সহযোগী অন্যান্য আসামিদের নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন।
অন্য আসামির নাম-ঠিকানা এখনও সন্দিহান রয়েছে এবং যাচাই প্রক্রিয়াধীন আছে। মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান যে, আন্ত ডাকাত চক্রের সক্রিয় সদস্য হওয়ায় তিনি এলোমেলো তথ্য দিয়েছেন। সময়ের অভাবে আসামিকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন প্রতিষ্ঠানের কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানের ড্রাইভার মো. খোরশেদকে নিয়ে উত্তরা ১ নং সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান। সকাল সাড়ে ১০টার সময় কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে ৩টি মোটরসাইকেলে অজ্ঞাত ৬-৭ জন দুষ্কৃতিকারী গাড়ির সামনে এসে যাতায়াত রোধ করে। এই সময় দুষ্কৃতিকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়, যার মধ্যে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল। এরপর তারা আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।
এই ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।
আরও পড়ুন: দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন