ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা


ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা

নব্বইয়ের দশকের অভিনেতা সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঘটে তার আকস্মিক মৃত্যু। সালমানের মৃত্যুর কারণ নিয়ে অজ্ঞান যাত্রা চলছে আলোচনা-সমালোচনা। এই তর্কবিতর্ক যেন শেষ নেই।

সালমানের পরিবার হত্যার অভিযোগও তুলেছিল। সেই সঙ্গে তার সাবেক স্ত্রী সামিরাকে নিয়ে উঠছে নানা সময়ে বিভিন্ন ধরনের আলোচনা।

১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। বেশ কয়েক বছরের দাম্পত্য জীবন কাটানোর পর সালমান শাহর মৃত্যু ঘটে। এরপর সামিরার সঙ্গে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন সামনে এসেছে।

আরও পড়ুন: ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, রাশেদের দাবি

কয়েক বছর আগে খলঅভিনেতা ডন এবং এক নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। ছবির সেই নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে ছবিটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা আসে।

সেই সময় ছবির নেপথ্যের ঘটনা নিয়ে চালু কথোপকথনে সামিরা এবং সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ কথা বলেছিলেন।

এদিকে, সালমানের মৃত্যুর পর, সামিরা মোস্তাক ওয়াইজকে বিয়ে করেন। কিন্তু পরবর্তী সময়ে তাদের দাম্পত্যেরও অবসান ঘটে। ভাইরাল সেই ছবিটি নিয়ে আলোচনা চলাকালীন, মোস্তাক দাবি করেন, ডনের পাশে থাকা নারী আসলে সামিরা নন। তিনি অভিনেত্রী সাবরিনা। ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল।

মোস্তাক বলেন, সামিরা আমাকে জানিয়েছে— এ ছবির পেছনের কাহিনি। ছবিটি ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালেই তোলা হয়েছিল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী টোকিওতে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন

ছবিটির নেপথ্যের ঘটনা ব্যাখ্যা করে মোস্তাক ওয়াইজ আরও বলেন, ‘আশা ভালোবাসা’ সিনেমার মূল নায়ক-নায়িকা ছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা। শুটিংয়ের সময় দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরে সেই ছবি নিয়ে বিভিন্ন সময় ডনের সঙ্গে মজা করতেন বলেও দাবি করেছেন মোস্তাক।

তবে তিনি জানালেন, ডনের সঙ্গে সামিরার একটি আলাদা ছবির কথাও। মোস্তাক বলেন, একবার সামিরা ম্যাগাজিন পড়ার সময় সালমান শাহ ছবি তুলছিলেন। সেই সময় ডন হাত বাড়িয়ে দিলে, সামিরার সঙ্গে তার ছবি তোলা হয়েছিল।

মোস্তাক ওয়াইজ দাবি করেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ডন ও সামিরার অন্য ছবিগুলো সম্পাদিত। তিনি জানান, এসব ছবির বেশিরভাগই ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে।

অন্যদিকে, সেই সময়ের ভাইরাল হওয়া ছবি নিয়ে নিজের অবস্থানও তুলে ধরেছিলেন সামিরা। তিনি বলেছিলেন, "আমার একটি ছবি দেখিয়ে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। আমার ভক্তরা না জেনে আমাকে ভুল বুঝছেন, অপবাদ দিচ্ছেন। তারা আসলে ইমনের ভালোবাসার মানুষকেই ছোট করছেন।"

আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

সামিরা জানান, ডন তার কাছে ছোটভাইয়ের মতো এবং প্রতি ঈদে তার পা ছুঁয়ে সালাম করতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ এম


আজ রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

আজ জানা যাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে, আজ রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দুপুর ১টার দিকে বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

দলীয় সূত্র বলছে, বিতর্ক এড়াতে সচিবালয়ের বৈঠকটিকে বিএনপির স্থায়ী কমিটির আনুষ্ঠানিক সভা হিসেবে দেখানো হচ্ছে না। তবে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের বিষয়টি আগেই চূড়ান্ত করে রেখেছে বিএনপি। দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানকে দিয়েছে।

মনোনীত প্রার্থীর মনোনয়নপত্রের জন্য প্রয়োজন দলের একজন সংসদ সদস্যের প্রস্তাবক এবং আরেকজনের সমর্থক হিসেবে স্বাক্ষর।

মূলত এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে একজন মনোনীত প্রার্থীর প্রস্তাবক এবং অন্যজন সমর্থক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন।

এদিকে, রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা বা নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৩ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০ জন

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য সবাইকে জানান।

তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১০১ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১৭ জন এবং সিটিটিসিতে ৭ জনকে আটক করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানের সময় দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম ও তিন পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানার এলাকা জুড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলামত, অস্ত্র, এবং মাদকদ্রব্যসহ বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৬ এম


যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে সালাডো গ্রামের দক্ষিণের একটি মাঠে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবার সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি।

এটি কাছের ফোর্ট হুড সেনাঘাঁটিতে অবস্থান করত। ফোর্ট হুড যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যতম বড় সামরিক ঘাঁটি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যাচ্ছিল বলে জানিয়েছেন বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ ও জরুরি উদ্ধারকাজ শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। একই সঙ্গে ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও অন্যান্য কাজ চলছে।

 

প্রথম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, দুর্ঘটনার পর প্রথম অগ্রাধিকার হলো ঘটনাস্থল নিরাপদ করা এবং প্রাথমিক উদ্ধারকাজে সহায়তা করা।

তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে আরো তথ্য পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় নিহত দুই ক্রু সদস্য ও তাদের পরিবারের কথা তাদের মনে রয়েছে। সেনাবাহিনী এখনো হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। দুর্ঘটনার কারণ তদন্তের পর জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ-৬৪ অ্যাপাচি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি যুদ্ধ হেলিকপ্টার। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এটি দুই ইঞ্জিন ও চারটি পাখাযুক্ত। হেলিকপ্টারটি বিভিন্ন ধরনের সামরিক অভিযানে ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে সশস্ত্র নজরদারি, কাছ থেকে শত্রুর বিরুদ্ধে অভিযান, দ্রুত আক্রমণ এবং আকাশপথে কৌশলগতভাবে সেনা ও সরঞ্জাম পরিচালনার মতো কাজ। এই হেলিকপ্টারে একসঙ্গে দুজন সেনা সদস্য থাকতে পারেন। পেছনের ককপিটে থাকেন পাইলট। সামনের আসনে থাকেন সহকারী পাইলট ও অস্ত্র পরিচালনাকারী সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পর্ব: ০৩ (প্রথম খণ্ড)

আদরের ছোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫১ এম


আদরের ছোঁয়া

ক্যান্টিনে আড্ডার আসর জমেছে। আজ অনেক স্টুডেন্ট এসেছে। কেউ পুরোনো বন্ধুদের নিয়ে ব্যস্ত, আবার কেউ নতুন বন্ধু বানাতে ব্যস্ত।

ছোঁয়া সেইসবই দেখছিল। এমন সময় আদর তার বন্ধুদের নিয়ে ছোঁয়াদের টেবিলের সামনে এসে দাঁড়াল। তাদের দেখে ছোঁয়া তার হাত দুটো শশীর কাছ থেকে টেনে টেবিলের নিচে নামিয়ে ফেলল। শশীও ভয়ে চুপসে গেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নড়াচড়া করার সাহস পাচ্ছে না। ভাবছে, তাদের কোনো কথা আদরের কানে গেল কি না।

এইদিকে আদর মাটিতে পড়ে থাকা রক্তের ফোঁটা অনুসরণ করতে করতে ক্যান্টিনে এসেছিল। উদ্দেশ্য ছোঁয়াকে খুঁজে বের করা। তার পিছু পিছু আদনান, রোহান, সাব্বির, তানু ও মাহিও এসেছে।

আদর এসেই ছোঁয়ার হাত দেখতে চাইল। কিন্তু ছোঁয়া হাত নামিয়ে ফেলায় বিরক্ত হয়ে গেল।

"হাত সরালে কেন? টেবিলে তো রক্ত দেখাই যাচ্ছে।"

"এমনি।"

"বের করো তোমার হাত।"

"কেন?"

"আমি দেখব তাই।"

"কেন দেখবেন?"

"এই মেয়ে, এত বেশি কথা বলো কেন? আর একটা কথা বললে দেখবে কী করি। চুপচাপ হাত বের করো।"

ধমকের সুরে বলে উঠল আদর।

আদরের ধমক শুনে শশী ভয় পেয়ে গেছে। এমনিতেই মেয়েটা একটু ভিতু। তার ওপর আদরের ধমক শুনে শশীর ভয়ে কথা বলা বন্ধ হয়ে গেছে। তবুও অনেক কষ্টে সাহস সঞ্চয় করে ছোঁয়াকে বলল,

"ছোঁয়া, তোর হাত বের কর। কাঁচগুলো বের করতে হবে। রক্ত বন্ধ করতে হবে। নাহলে ইনফেকশন হয়ে যাবে।"

শশীর কথা শুনে ছোঁয়া হাত দুটো বের করে টেবিলের ওপর রাখল।

তখন আদর শশীকে উদ্দেশ্য করে বলল,

"ওঠো, ওইদিকে যাও।"

আদর বলার দেরি, শশী লাফ দিয়ে উঠে ছোঁয়ার পাশে গিয়ে দাঁড়াতে দেরি করল না।

তারপর আদর শশীর চেয়ার টেনে ছোঁয়ার সামনাসামনি বসে হাত দুটো নেড়েচেড়ে ভালোভাবে দেখে আঁতকে উঠল। মনে মনে ভাবতে লাগল,

"ইশ! কী জঘন্যভাবে আঘাত পেয়েছে মেয়েটা!"

ভেতরে ভেতরে তানুর ওপর খুব রাগ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে কিছু বলছে না।

তারপর পকেট থেকে গাড়ির চাবি বের করে আদনানের হাতে দিয়ে বলল,

"আদনান, গাড়ি থেকে জলদি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়।"

আদনান চাবি নিয়ে দৌড়ে চলে গেল।

এইদিকে আদর নিজেই ছোঁয়ার হাতের কাঁচের টুকরোগুলো আস্তে আস্তে বের করতে শুরু করল। ছোঁয়া ব্যথায় চোখ বন্ধ করে ফেলল। কিন্তু না বের হচ্ছে তার মুখ দিয়ে কোনো উঁ-আঁ শব্দ, আর না বের হচ্ছে চোখ থেকে এক ফোঁটা পানি।

খুবই শক্ত প্রকৃতির মেয়ে ছোঁয়া। তার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে চিৎকার করে পুরো ক্যাম্পাস মাথায় তুলে ফেলত। কিন্তু ছোঁয়া শান্ত। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে থাকবে, তবুও কোনো শব্দ করবে না।

আদরসহ তার বন্ধুরা সবাই অবাক। এই মেয়ের কি ব্যথা লাগে না?

আদরের হাতের স্পর্শ আর নিজের হাতের ব্যথায় ছোঁয়ার ওষ্ঠদ্বয় কেঁপে কেঁপে উঠছে। চোখ খিঁচে ফেলছে সে।

ছোঁয়া চোখ খিঁচে বন্ধ করে বসে আছে দেখে আদর কাঁচ বের করতে করতে থেমে গেল। তাকিয়ে রইল ছোঁয়ার মুখের পানে। কেমন একটা মায়া কাজ করছে মেয়েটার মুখে। গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগল ছোঁয়াকে।

প্রথম দেখায় আদর রেগে থাকায় ছোঁয়াকে ভালো করে দেখতে পারেনি। এখন ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।

পরনে হালকা গোলাপি রঙের একটি গোল জামা, সাদা পালাজো। মাথায় হালকা গোলাপি রঙের হিজাব, পাশে এক সাইড করে নেওয়া সাদা ওড়না। চোখে কাজল দেওয়া। ঠোঁটে কোনো আবরণ নেই। ঠোঁট দুটো গাঢ় গোলাপি বর্ণের। যে কেউ দূর থেকে দেখলে ভাববে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। কিন্তু বাস্তবে সে ন্যাচারাল বিউটি। কোনো ধরনের সাজসজ্জার ছিটেফোঁটাও নেই তার মুখে।

গায়ের রং ফর্সা। শরীরের গঠন বেশি মোটাও নয়, আবার বেশি পাতলাও নয়—মাঝামাঝি। গোলগাল চেহারা। গাল দুটো সামান্য গোলুমুলু। যে কেউ দেখলেই বাচ্চাদের মতো গাল টিপে দিতে মন চাইবে।

আদর দেখছে আর ভাবছে,

"মাশাআল্লাহ! কী অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি! কী নিখুঁত তাঁর সৃষ্টি! এত সুন্দর মেয়ে হয় নাকি? এ তো আস্ত একটা জলজ্যান্ত পুতুল!"

এইসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেল আদর।

হঠাৎ আদনানের ডাকে হুঁশ ফিরল আদরের। আদনান ফার্স্ট এইড বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আদনানের হাত থেকে ফার্স্ট এইড বক্সটি নিয়ে স্যাভলন দিয়ে ছোঁয়ার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগল।

এমন সময় তানু আদরকে বলে উঠল,

"আদর, তুই কি এই মেয়েটার সেবা করার জন্য এখানে এসেছিস? দেখ, এই মেয়ে আমার মুখের কী অবস্থা করেছে। তাও তুই আমাকে না দেখে এই মেয়েটার হাতে ব্যান্ডেজ করছিস!"

আদর এক ধ্যানে তার কাজ করে যাচ্ছে। তানুর কথা যেন তার কানেই ঢুকছে না।

তানু রেগে যাচ্ছে। তানুর কথা শুনে ছোঁয়া তানুর মুখের দিকে তাকিয়ে দেখল—মুখের যে পাশে সে থাপ্পড় মেরেছিল, সেই পাশটা কেটে গেছে। এখনো রক্ত বের হচ্ছে।

আদর ছোঁয়ার এক হাত ব্যান্ডেজ করে দিয়েছে। আরেক হাতে ব্যান্ডেজ করতে যাবে, তখন ছোঁয়া আদরকে থামিয়ে উঠে দাঁড়াল। তানুর কাছে গিয়ে তানুর দিকে একটি চেয়ার দেখিয়ে বলল,

"এখানে বসুন।"

"কেন?"

"বসতে বলেছি, তাই বসবেন।"

"তোমার কথামতো নাকি? বসব না আমি। আমি চলে যাব এখান থেকে।"

এই বলে তানু চলে যেতে নিলে ছোঁয়া ব্যথা পাওয়া হাত দিয়েই তানুর হাত চেপে ধরে ধমকের স্বরে বলে উঠল,

"বললাম না, এখানে বসতে। আর একবার যেন বলতে না হয়। চুপচাপ বসুন।"

ছোঁয়ার ধমক শুনে তানু চুপচাপ বসে পড়ল।

এইদিকে ছোঁয়ার সাহস দেখে সবাই আশ্চর্যের চূড়ায় ভেসে আছে। কিন্তু কেউই কিছু বলছে না।

ছোঁয়া ফার্স্ট এইড বক্স থেকে তুলা আর স্যাভলন বের করে তানুর গালে লাগাতে যাবে, তখন তানু চেঁচামেচি শুরু করে দিল,

"না না, আমি এসব লাগাব না। আমার এসব লাগাতে ভয় লাগে। স্যাভলন অনেক জ্বালা করে। লাগাব না এসব। এই মেয়ে, একদম এসব লাগাবে না আমাকে। সরো এখান থেকে।"

"চুপ, একদম! আরেকটা কথা বললে ওই গালেও ঠাস করে আবার একটা থাপ্পড় লাগিয়ে দেব কিন্তু! আমাকে চিনেন না, বড়-ছোট মানব না আমি। বেশি করলে আরেকটা দিতে সময় লাগবে না আমার। বাচ্চাদের মতো করছেন কেন? আপনি কি বাচ্চা? পড়েন তো মাস্টার্সে। সবার থেকে সিনিয়র। আর ন্যাকামি করছেন বাচ্চাদের মতো। আমিও তো স্যাভলন লাগিয়েছি। আমাকে একবারও দেখেছেন কোনো আওয়াজ করতে? অথচ আমি আপনার থেকে হিসাব করলে চার-পাঁচ বছরের ছোট। শুধু শরীরে আর বয়সে বড় হলেই হয় না, আচার-আচরণেও বড় হতে হয়।"

ছোঁয়ার মাথা গরম হয়ে গেছে। এত ন্যাকামি তার ভালো লাগে না। মাথা গরম হয়ে গেলে ননস্টপ কথা বলতে থাকে ছোঁয়া।

ছোঁয়া তানুকে বকছে দেখে তানুর বন্ধুরা সবাই ফিক করে হেসে উঠল। হেসে হেসে সাব্বির বলল,

"একদম ঠিক আছে। তোকে শায়েস্তা করার জন্য আল্লাহ ছোঁয়াকে পাঠিয়ে দিয়েছে। আমাদের কথা তো শুনিস না, উল্টো মাথায় উঠে নৃত্য করতে থাকিস।"

সাব্বিরের কথা শুনে তানু রেগে গেল। রেগে ছোঁয়াকে বলল,

"এই মেয়ে, তুমি কি আমাকে অপমান করলে?"

"আপাতত সম্মান করার তো কোনো কারণ দেখছি না। যদি মনে করেন অপমান করছি, তাহলে তাই।"

মাহি হেসে হেসে ছোঁয়াকে বলল,

"একদম ঠিক করেছো ছোঁয়া। আমি বলছি, ওকে আমার পক্ষ থেকেও দুটো থাপ্পড় দিও। ও বাচ্চা হয়ে গেছে। ওর সঙ্গে ভালো কথায় কাজ হবে না। বাচ্চাদের মতো দুই-তিন ঘা লাগিয়ে দিলে তারপর কাজ হবে।"

মাহির কথা শুনে তানু মাহিকে চোখ রাঙাল। মাহি চুপ হয়ে গেল, কিন্তু মুখ চেপে চেপে হাসতেই থাকল।

এইদিকে ছোঁয়া তানুকে কথা শোনাতে শোনাতে স্যাভলন দিয়ে গাল পরিষ্কার করে ওয়ান-টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। শান্ত স্বরে বলল,

"হয়ে গেছে। এবার উঠতে পারেন।"

তানু চুপচাপ উঠে গেলে ছোঁয়া আবার বসে পড়ল। ছোঁয়া আরেক হাত এগিয়ে দিল আদরের সামনে ব্যান্ডেজ করার জন্য।

এমন সময় ছোঁয়ার ফোন বেজে উঠল। শশীকে বলল,

"ব্যাগ থেকে মোবাইল বের করে দেখ, কে কল করেছে।"

"ছোঁয়া, তোর আম্মু কল করেছে।"

"আম্মু কেন কল দেবে এই সময়? আচ্ছা, রিসিভ করে লাউডে দে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু!"

"ওয়ালাইকুমুস সালাম। নতুন ভার্সিটি কেমন মা?"

"অনেক সুন্দর, আম্মু! কী করছো?"

"রান্না করছি। তুই কী করছিস? এত আওয়াজ কিসের?"

"আমি ক্যান্টিনে আছি আম্মু। এখানে অনেক মানুষ, তাই আওয়াজ বেশি। আম্মু, তুমি কি কিছু বলবে?"

"হ্যাঁ। ছোঁয়া, তুই ঠিক আছিস? সকাল থেকেই আমার অস্থির লাগছে। বাম চোখ লাফাচ্ছে। অশান্তি লাগছে। মনে হচ্ছে তোর কিছু হয়েছে। বল না মা, তুই ঠিক আছিস? কতবার বলেছি, আজকে প্রথম দিন, আমি নিয়ে যাই তোদের। শুনলি না কেউ আমার কথা।"

ছোঁয়ার মায়ের কথা শুনে ছোঁয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মায়ের মন বলে কথা, ঠিকই বুঝে যায় কিছু হলে।

ছোঁয়া একবার নিজের দুই হাতের দিকে তাকিয়ে, আরেকবার সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,

"আম্মু, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি। আর শোনো, ওইসব কুসংস্কার মানতে কতবার নিষেধ করেছি তোমাকে। তাও কুসংস্কার মানো। এগুলো ঠিক না আম্মু। শুধু শুধু নিজের টেনশন বাড়িয়ে শরীর খারাপ করবে। আর কিছু না।"

"তুই সত্যি ঠিক আছিস মা?"

"হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। তুমি আর চিন্তা করো না। একটু পর আমার ক্লাস শুরু হবে। রাখছি এখন।"

"শোন, ছোঁয়া?"

"হ্যাঁ আম্মু, বলো?"

"শশী ঠিক আছে?"

"হ্যাঁ রে বাবা, সবাই ঠিক আছে। তোমার দুই মেয়েই ঠিক আছে। আর টেনশন করো না আম্মু।"

"আচ্ছা ঠিক আছে তাহলে। রাখছি। সাবধানে আসিস দুইজন।"

"আচ্ছা আম্মু, শোনো, শোনো?"

"হ্যাঁ, বল?"

"বলছি, একটা কথা বলব, রাগ করবে না তো?"

"কী কথা?"

"আগে তুমি বলো, রাগ করবে না? আচ্ছা একটা কাজ করো, তুমি আমার হারিয়ে যাওয়া খালামনির কসম খেয়ে বলো, তুমি রাগ করবে না।"

"এটা কেমন কথা ছোঁয়া? খালামনিকে নিয়ে এসব কী কথা?"

"আরে আম্মু, আগে বলো না, প্লিজ খালামনির কসম?"

"আচ্ছা ঠিক আছে। বল, এবার।"

"বলছিলাম আম্মু, আজকে আমি শশীদের বাসায় থাকি?"

"না ছোঁয়া। তোর আব্বু বকা দেবে।"

"আম্মু, যাই না প্লিজ? এমনিতেই তো এতগুলো মাস ঘরবন্দি ছিলাম। ঘরে থাকতে থাকতে বিরক্ত লেগে গেছে। আজকে থেকে ভার্সিটির ক্লাস শুরু হলো। পড়ালেখা কিছু মাথায় ঢুকবে না আর কয়েকদিন ওই ঘরে থাকলে। দম বন্ধ হয়ে ঠুস করে মরে যাব। যাই না আম্মু, দুই-তিন দিন থেকে চলে আসব।"

"তো একসঙ্গে থাকতে চাইলে শশীকে বল, আমাদের বাসায় এসে কয়েক দিন থেকে যেতে। তোর আব্বু তোকে থাকতে দেবে না। তোকে না দেখলে আমাকে বকা দেবে। তোকে ছাড়া তোর আব্বু খেতে বসে না, তুই জানিস না?"

"আম্মু, তুমি রেগে যাচ্ছ কেন? প্লিজ যাই না! শশীও থাকবে আমাদের বাসায়। তবে আজকে না। আজকে শশীর সব কাজিনরা আসবে। ওরা পিকনিক করবে। আমাকেও বলেছে থাকতে। তুমি আব্বুকে বুঝিয়ে বলিও।"

"আমি পারব না তোর বাপকে বোঝাতে।"

"আম্মু, তুমি কিন্তু খালামনির কসম খেয়েছো। না করবে না কিন্তু। তাহলে খালামনিকে কখনো খুঁজে পাবে না বলে দিলাম।"

"মানে আমার দুর্বলতায় হাত দেওয়াই তোর মুখ্য কাজ?"

"আম্মু, রাজি হয়ে যাও না প্লিজ। আর আমি একা বলছি নাকি? শশীও অনেক জোর করছে। কিরে শশী, তুই এতক্ষণ আমার মাথা খেয়ে ফেললি তোর বাসায় যাওয়ার জন্য। আর এখন আম্মুকে বলতে পারছিস না? নে, কথা বল।"

ছোঁয়ার কথা শুনে শশী ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নিজে নিজে ভাবতে লাগল, সে কখন বলল?

ছোঁয়ার দিকে বোকার মতো তাকিয়ে আছে দেখে ছোঁয়া তার দুই হাত দেখিয়ে ইশারা করে বলল, যাতে তাদের বাসায় থাকার জন্য ছোঁয়ার আম্মুকে রাজি করায়।

তারপর মোবাইল হাতে নিয়ে সালাম দিয়ে আম্মু আম্মু বলে ছোঁয়ার মায়ের সঙ্গে কথা বলতে লাগল।

ছোঁয়া আর শশী যখন থেকে বেস্ট ফ্রেন্ড হয়েছে, তখন থেকেই দুজনের মাকে আম্মু বলে ডাকে। তাদের ভাষ্যমতে, এতে নাকি বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আরও গভীর হয়।

"আম্মু, প্লিজ ছোঁয়াকে আমাদের বাসায় যেতে দিন না? আমার সব কাজিনরা আসবে। ওরা বারবার বলে দিয়েছে, ছোঁয়া যেন এবার আমাদের সঙ্গে থাকে।"

"ছোঁয়ার আব্বু রাজি হবে না রে মা। এমনিতেই গিয়ে সারাদিন থেকে আসবে। রাতে থাকার দরকার নেই।"

"আচ্ছা, তাহলে আপনি আমাকে মেয়ে মনে করেন না। তাই বিশ্বাস করে নিজের মেয়েকে আমাদের বাসায় যেতে দিতে রাজি না। ভেবেছিলাম দুই বান্ধবী একসঙ্গে থাকব, একটু মজা করব। থাক, কী আর করার।"

"এভাবে বলছিস কেন পাগলি? তুইও তো আমার মেয়ে। যেতে তো নিষেধ করিনি। তবে রাতে থাকা যাবে না। ছোঁয়ার আব্বু ছোঁয়াকে দেখতে না পেলে বাড়ি মাথায় তুলবে।"

"আম্মু, আপনি আব্বুকে যেভাবেই হোক রাজি করাবেন। আমি এত কিছু জানি না। ছোঁয়া এমনিতেই কোথাও যেতে চায় না। একা থাকতে থাকতে মনমরা হয়ে গেছে। আমাদের সবার সঙ্গে থাকলে, একটু মজা করলে ওর মনটা চাঙা হয়ে যাবে।"

"আচ্ছা ঠিক আছে। আমার কথা যখন আজকে শুনবি না, ঠিক করেছিস, তাহলে যা নিয়ে যা। আমি ছোঁয়ার আব্বুকে বুঝিয়ে বলব। তবে তোকেও কিন্তু আমাদের বাসায় থাকতে হবে।"

"ইয়েএএ! ঠিক আছে আম্মু, আমিও থাকব। সমস্যা নেই। আগে ছোঁয়া তো থাকুক আমাদের সঙ্গে। আমি জানতাম আপনি রাজি হবেন। আপনি অনেক ভালো। নিন, ছোঁয়ার সঙ্গে কথা বলুন।"

"হ্যাঁ আম্মু, শোনো, আমি শশীর ভাইকে পাঠাব। আমার কয়েকটা জামা দিয়ে দিও। বাসায় গিয়ে জামা আনার সময় পাব না। সবাই আসবে, অনেক মজা করব।"

"ঠিক আছে, সাবধানে থাকিস।"

বলে ছোঁয়ার আম্মু ফোন কেটে দিলেন।

তারপর শশী জিজ্ঞেস করল,

"কিরে, আমরা কবে প্ল্যান করলাম?"

"এই মাত্র। আমার অবস্থা দেখছিস তুই?"

ছোঁয়া তার দুই হাত দেখিয়ে বলল,

"এমনিতেই আম্মুর মন বলছে আমার কিছু হয়েছে। তার ওপর এই অবস্থায় আমি বাসায় গেলে আম্মুর কী অবস্থা হবে, ভেবে দেখেছিস?"

আদরের দিকে আড়চোখে তাকিয়ে বলল,

"আগে ভেবেছিলাম এই ভার্সিটি অনেক ভালো একটা ভার্সিটি। কিন্তু আজকে জানলাম, এই ভার্সিটি আস্ত একটা কুফা। নাহলে এখানে আসার পরপরই আমার সঙ্গেই কেন এসব হতে গেল? আর কেউ কি ছিল না?"

ছোঁয়ার কথা শুনে আদর আড়চোখে তাকাচ্ছে।

ছোঁয়ার আরেক হাতেও ব্যান্ডেজ করা হয়ে গেছে অনেক আগেই, যখন ছোঁয়া তার আম্মুর সঙ্গে কথা বলছিল। আদর চুপচাপ ছোঁয়া আর তার আম্মুর কথা শুনছিল মনোযোগ দিয়ে। সঙ্গে কিছুক্ষণ পরপর ছোঁয়ার দিকে তাকাচ্ছিল।

ছোঁয়ার দুই রকম সত্তা দেখল আদর। ছোঁয়া রেগে কথা বললে এক রকম লাগে, আবার মায়ের সঙ্গে আদুরে গলায় কথা বললে অন্য রকম লাগে।

.
.
.
.
.

চলবে...

লেখিকা: মমতাজ নাহার মনিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%