বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:২২ পি.এম
পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সে রাখা বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে বস্তুটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম কালের কণ্ঠকে জানান, ‘পুলিশ ঘটনাস্থলে আছে। বস্তুটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের একটি চেয়ারের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো টিফিন বক্স এবং এর সঙ্গে তারের মতো একটি বস্তু ঝুলতে থাকে। বক্সটি টেপ দিয়ে মোড়ানো দেখে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করছেন পুলিশ সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ভারতে পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি নয়পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন।
রিজভী আরও উল্লেখ করেন, পঞ্চম বাহিনীর বিরুদ্ধে গণতন্ত্রকামী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, "পঞ্চম বাহিনীকে সবাই চিনে। তাদের সবাই মিলে প্রতিহত করতে হবে।"
তিনি বলেন, তাদের সর্বনাশা ষড়যন্ত্রের কাঠামো ভেঙে দিতে হবে। গোপালগঞ্জে কিছু লোক অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। সামনের দিনে আর ছাড় নয়। পঞ্চম বাহিনীকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না মন্তব্য করে রিজভী বলেন, "বাংলাদেশের টোকাইদের দিয়ে তারা জ্বালাও পোড়াও করছে। রক্তপিপাসু নেকড়ে প্রতিহত করতে হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে পিরোজপুরের কাউখালী উপজেলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপজেলার ওপর দিয়ে যাওয়া বরিশাল-খুলনা মহাসড়ক, বেকুটিয়া সেতু এবং আমরাজুড়ী ফেরীঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসন, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে পাহারা বসিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় কুমিয়ান এলাকা থেকে আমরাজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে আমরাজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে উসকানি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্রলীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, জননিরাপত্তার স্বার্থে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতা করার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামের গারো, হাজং ও মুসলিম সম্প্রদায়ের শিশুদের শিক্ষার একমাত্র ভরসা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৮ বছর আগে সরকারি হওয়ার পরেও, প্রতিষ্ঠানটিতে এখনো টিনের ঘরে পাঠদান চলছে।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার ১৪ বছর পর ১৯৮৮ সালে জাতীয়করণ করা হয় শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে, ৩৮ বছর পেরিয়ে গেলেও পাকা ভবন নির্মাণ করা হয়নি। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১৮৫ জন।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা টিনের ছোট ছোট শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসে পাঠ নিচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এখানে সুপেয় পানির ব্যবস্থা নেই, ফলে পাশের বাড়ি থেকে পানি আনতে হয়। স্বাস্থ্যসম্মত শৌচাগারও নেই। গরমের সময় টিনের চালের তীব্র তাপে অসুস্থ হয়ে পড়ে অনেক শিক্ষার্থী, যা স্বাভাবিক পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে।
স্থানীয়দের মতে, বিদ্যালয়টি জাতীয়করণের পর মামলা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। ফলে এলাকার অনেক শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। ২০২০ সালে বিদ্যালয়টির কার্যক্রম পুনরায় চালু হলেও, প্রয়োজনীয় অবকাঠামো ও মানসম্মত শিক্ষাব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।
দুলন হাজং নামের একজন বাসিন্দা জানান, শ্যামনগর অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। দুর্গম এ এলাকার বাসিন্দারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছেন।
সোহরাব হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, “আমাদের সন্তানেরা এখানে পড়াশোনা করে। অথচ এখানে একটি পাকা ভবন নেই। আমরা চাই সুন্দর পরিবেশে আমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করুক।”
শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার বলেন, গরমের মৌসুমে ছোট শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করা কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় বাধ্য হয়ে বারান্দায় ক্লাস নিতে হয়। শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি কাচা শৌচাগার রয়েছে।
শারমিন আক্তার আরো বলেন, খাবার পানির জন্য আশপাশের বাড়িতে যেতে হয়। প্রাথমিক শিক্ষাজীবনের ভিত্তি হলেও, প্রয়োজনীয় অবকাঠামো ও মৌলিক সুবিধার অভাবে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার পরিবেশ পাচ্ছে না।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক দীপিকা ডালবৎ জানান, বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৮৫ জন, কিন্তু টিনের তৈরি ছোট শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর জায়গা সংকুলান হচ্ছে না। এতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রধান শিক্ষক আরো বলেন, আমরা পাঠদান চালিয়ে যাচ্ছি নানা সমস্যার মধ্য দিয়ে। জরুরি ভিত্তিতে আমাদের একটি পাকা ভবন, সুপেয় পানির ব্যবস্থা ও শৌচাগার প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, দীর্ঘদিনের মামলা জটিলতার কারণে বিদ্যালয়টি উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে। তবে বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহমেদ সাদাত বলেন, “বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর পাকা ভবনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুইটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ